শোক দিবস ও ঈদুল আজহায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ পুলিশের
জাতীয় শোক দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উদযাপন এবং ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সভায় আইজিপি জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন স্থানে চেকপোষ্ট, ব্লক রেইডসহ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে যে সকল সামাজিক অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় সে সকল অনুষ্ঠান যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য জেলা পুলিশ সুপারদের সংশ্লিষ্ট থেকে নজরদারী করান জন্য নিদের্শও দেন। পাশাপাশি কাঙ্গালী ভোজের খাবার সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করারও নির্দেশনা দেন।
আইজিপি বলেন, ঈদুল আজহা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ধরনের অপপ্রচার চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
আইজিপি সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক না থামানোর নির্দেশ দিয়ে বলেন, সড়ক, রেল, নৌপথ, পশুরহাট এবং ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় নির্ধারিত ঘাট ছাড়া কোরবানীর পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুর হাট ইজারাদার কর্তৃক হাসিল হার প্রদর্শন, নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করা, কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া কোরবানীর পশুর কৃত্রিম সংকটকারী, অতিরিক্ত হাসিল আদায়কারীসহ কোরবানীর পশুর হাটের আইন-শৃঙ্খলা বিঘœকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। চামড়া যাতে সীমান্তমুখী না হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
আইজিপি বলেন, কোরবানীর পশু পরিবহণে ব্যবহৃত নৌপথ ও সড়কপথে চাঁদাবাজি রোধে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। পরিবহনের গায়ে উৎসস্থল ও গন্তব্যস্থলের নাম সম্বলিত ব্যানার সংযুক্ত করতে হবে। জনগণের সার্বিক সহায়তা ও সচেতনতা কামনা করে আইজিপি বলেন, অপরিচিত ব্যক্তির কাছ থেকে পানীয় এবং খাবার গ্রহণ থেকে বিরত থাকবেন। বড় ধরণের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেবেন। অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা থেকে সর্তক থাকবেন।
আইজিপি বলেন, ঈদে নৌ পথে ঘরমুখে যাত্রীদের নিরাপদ ভ্রমণের লক্ষ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য নৌ পুলিশ নিয়োজিত থাকবে। নৌ পথে যাত্রীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি রোধে নৌ পুলিশ ইউনিট অন্যান্য পুলিশ ইউনিটের সহায়তায় চেকপোস্ট স্থাপনসহ টহলের ব্যবস্থা করবে। জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হবে। এছাড়া, জেলা এবং থানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে। বিরোধপূর্ণ স্থানে ঈদ জামাত না করার জন্য নির্দেশ দেন।
এদিকে সভায় বাস টার্মিনাল এবং পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার, টিকেট কালোবাজারী ও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের সিদ্ধান্তসহ ঈদ জামাতস্থল, লঞ্চ, ট্রেন, বাস এবং মসজিদে জঙ্গি গোষ্ঠীর নাশকতা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
আইজিপি বলেন, ১৫ আগস্ট এর আগে ও পরে নিজ নিজ অধিক্ষেত্রের পুলিশ সুপাররা সকল হোটেল ও বোডিং তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন। ট্যুরিস্ট অঞ্চল/স্থানগুলোতে নিরাপত্তা জোরদার ও হোটেল এবং বোডিং গুলোতে চেকিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্ব স্ব ইউনিটের ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ প্রদান করা হয়।











