ঈদুল আজহায় একাধিক ব্রাহামা ষাঁড়, জেনে নিন মূল্য
টাঙ্গাইলের সখীপুরে ব্রাহামা জাতের গরু পালন করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন শতাধিক খামারি। কৃষি কাজের পাশাপাশি ওই সব খামারি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ আর তত্ত্বাবধানে তাদের খামারে এ জাতের গরু পালন করে সফল হয়েছেন।
স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে দেশের মাংসের ঘাটতি দূর করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ‘বিফ ক্যাটল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় আমেরিকা থেকে ব্রাহামা জাতের গরুর সিমেন নিয়ে এসে নির্বাচিত দেশীয় জাতের গাভীর মাধ্যমে প্রজনন করে। ২০০৮ সাল থেকে ক্রমেই এ উপজেলায় ২০০ জন খামারিকে নির্বাচন করে ৫ শতাধিক গাভীকে প্রজনন দেওয়া হয়। এরই মধ্যে প্রায় ২০০টি ব্রাহামা জাতের বাছুর জন্মেছে। তিন থেকে সাড়ে তিন বছরে একেকটির ওজন দাঁড়িয়েছে ৯৫০ থেকে ১ হাজার কেজি। এ জাতের গরুতে এক বছরের মধ্যে দেশি গরুর চেয়ে তিনগুণ বেশি মাংস হয়।
সরেজমিন সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের আকতার হোসেনের খামারে গিয়ে দেখা যায়, তিন বছর চার মাসের মাথায় তার খামারে ব্রাহামা জাতের একটি ষাঁড়ের ওজন দাঁড়িয়েছে ১ হাজার কেজি অর্থাৎ ১ টন। এ ষাড়ের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। আকতার হোসেনের খামার ছাড়াও সম ওজনের ব্রাহামা ষাঁড় রয়েছে একই এলাকার নূরু মিয়ার খামারে দুইটি, সৈয়দ আলীর খামারে দুইটি, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফেরদৌসের খামারে দুইটি, সানবান্ধা এলাকার আবদুল হাই তালুকদারের খামারে দুইটি এবং বোয়ালী গ্রামের তাহের আলীর খামারে দুইটি। এসব ষাঁড় এবার ঈদুল আজহায় বিক্রি করার কথা জানিয়েছেন খামারিরা ।
খামারি আকতার হোসেন বলেন, স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে ২০১৫ সাল থেকে তিনি ব্রাহামা জাতের গরু পালন শুরু করেছেন। তিন বছর চার মাসে তার খামারের একটি ষাঁড়ের ওজন হয়েছে ১ হাজার কেজি। এবার ঈদুল আজহায় এ ষাঁড় ১২ থেকে ১৫ লাখ টাকা বিক্রি করার আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, এই ষাঁড় গরুটি অনেক বড়। লম্বায় সাড়ে ছয় ফুট এবং উচ্চতায় পাঁচ ফুট। এ জাতের গরু বেশি গরম বা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। এর জন্য আলাদা ঘর নির্মাণ করা হয়েছে। খাবার তালিকায় রয়েছে কুড়া, ভূষি, খড়, ঘাস ও বিভিন্ন ডালের সংমিশ্রনে মিশ্র খাদ্য। এ জাতের ষাঁড় খুবই শান্ত স্বভাবের। এর নাম রেখেছি মধু। তার স্ত্রী ছাড়াও পড়াশোনার ফাঁকে তার ছেলেমেয়েরাও ষাঁড়ের পরিচর্যায় করে। দেশি গরুর মতো ব্রাহামা জাতের গরুও সবকিছু খায়। যে কারণে এ জাতের গরু পালনে ব্যয়ও কম হয়। প্রতিদিনই তার খামারে গরু দেখার জন্য স্থানীয়দের পাশাপাশি টাঙ্গাইল ও আসপাশের জেলা থেকেও উৎসাহী মানুষ ও খামারিরা ভিড় করেন।
সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন বলেন, খামারিদের বিনামূল্যে ওষুধপত্র ভ্যাকসিন সরবরাহ ও সার্বিকভাবে দেখভাল করা হচ্ছে। জন্মের ১৮ মাস পরই ব্রাহামা জাতের গরুর মাংস খাওয়ার উপযোগী হয়। ঈদুল আজহায় সখীপুরের একাধিক খামারি ১ টন ওজনের ব্রাহামা ষাঁড় বিক্রি করবেন। বর্তমান বাজার মূল্যে প্রতিটি ষাড় ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন এতে ব্যয় বাদে খামারিরা লাভবান হবেন।











