মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে মুমিনুলের ১৮২

news-image

স্পোর্টস ডেস্ক।। চলতি বছরের শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির (১৭৬ ও ১০৭) রেকর্ড গড়েছিলেন মুমিনুল হক। লিটন দাসের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের লম্বা জুটি উপহার দিয়েছিলেন। ওই ম্যাচটি ড্র হলেও ভবিষ্যতে বাংলাদেশ ব্যাটিংয়ের উজ্জ্বল সম্ভাবনা যে এই দুই তরুণ ব্যাটসম্যান তা জানান দিয়েছেন। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া ফেলেছেন লিটন।

কিন্তু সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুলের। ঘরোয়া ক্রিকেটে হতাশার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি। দুই ম্যাচে মাত্র ১৬ রান আসে তার ব্যাট থেকে। আয়ারল্যান্ড সফরেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিজেকে ফুটিয়ে তুলতে পারছিলেন না। অবশেষে এই বাঁ-হাতি ব্যাটসম্যান জ্বলে উঠলেন স্বরূপে। গতকাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। ৮১ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরির রেকর্ড এটি। দ্বিতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে ২১০ রানের জুটি গড়েন মুমিনুল। ব্যক্তিগত ৭৯ রান করে জাকির সাজঘরে ফিরলেও বড় ইনিংসের দিকে এগিয়ে যান তিনি। দেড়শ’ পেরিয়ে ডাবল-সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল। কিন্তু ব্যক্তিগত ১৮২ রানে অপ্রত্যাশিত রান-আউটের ফাঁদে পড়েন তিনি। ১৩৩ বল খেলে ২৭টি চার ও ৩টি দর্শনীয় ছক্কায় ইনিংসটি সাজান। মুমিনুলের ব্যাটিং বীরত্বেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রায় সাড়ে তিন বছর ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের বাইরে আছেন মুমিনুল। এই প্রতিভাবান ব্যাটসম্যান সর্বশেষ বাংলাদেশের জার্সি হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন সেই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে। মুমিনুলের গায়ে টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যানের তকমা সেঁটে দেওয়া হয়। তবে মুমিনুল যে সীমিত ওভারের ক্রিকেটেও ভালো করতে পারেন, তা আরেকবার প্রমাণ দিলেন। অবশ্য ওয়ানডে ক্রিকেটে বিসিবির নির্বাচকদের ভাবনায় রয়েছেন মুমিনুল। আয়ারল্যান্ড সফরে মুমিনুলের দিকে বিশেষ দৃষ্টি রাখছেন নির্বাচকরা। গতকাল তাদের দৃষ্টি কেড়েছেন। মুমিনুল আস্থা অর্জন করতে চলেছেন।

আয়ারল্যান্ড সফরে মুমিনুলের নেতৃত্বে ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছিল আয়ারল্যান্ড। এই সিরিজের পর ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। এ সিরিজে নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। এরই মধ্যে জানা গেছে, ইনজুরিতে পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত।