বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থনে পথে নামছে কলকাতা

news-image

নিরাপদ সড়কের আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার বাংলাদেশের আন্দোলনের পাশে দাঁড়িয়ে পথে নামছে কলকাতার শিক্ষার্থীরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক বিশেষ সমাবেশের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে ইভেন্ট তৈরি করে ওই সমাবেশে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার পার্ক সার্কাসে সেভেন্ট পয়েন্ট থেকে হবে ওই সমাবেশ। মিছিল যাবে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত সিট এই ইভেন্টটি হোস্ট করেছেন।সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন। সমাবেশের নাম দেওয়া হয়েছে, ‘চলুক গুলি, টিয়ার গ্যাস/ পাশে আছি বাংলাদেশ।’

উদ্যোক্তাদের বক্তব্য, বাংলাদেশের প্রশাসনকে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রীরা জানিয়ে দিতে চায়, ওপার বাংলার কিশোর ভাইবোনেরা বাঙালির গর্ব। এই ভাই-বোনেদের মারাত্মক যদি কিছু হয়ে যায় তাহলে দাবানল সীমানার এপারেও ছড়িয়ে পড়বে। এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় বাংলাদেশ হাই কমিশনে।এদিকে, পথ নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হচ্ছে ঢাকায়। রোববার সেখানে আন্দোলন রুখতে শুরু হয় পুলিশি অভিযান৷ টিয়ার শেলও ছুঁড়েছে পুলিশ।

গত ২৯ জুলাই রবিবার ঢাকার কুর্মিটোলায় বেসরকারি সংস্থা জাবালে নূর পরিবহনের বাস ধাক্কা মারে দুই শিক্ষার্থীকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীবের৷ এরা দুজনেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলেন।এর পরই নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্সার্থীরা৷।সেটা ক্রমশ এত বড় আকার নেয় যে পুরো বাংলাদেশেই তা ছড়িয়ে পড়ে৷

সূত্র: কলকাতাটুয়েন্টিফোর