মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনশূন্য রাজধানীতে রিকশা ও মোটরসাইকেল চালকদের পোয়াবারো

news-image

নিউজ ডেস্ক: নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অষ্টম দিন রবিবারও রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনও গনপরিবহণ দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানীর ভেতরে ও দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তাই নগরের মধ্যে ও স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য প্রধান বাহনের জায়গা করে নিয়েছে রিকশা। আর এই সুযোগে রিকশার ভাড়াও হাঁকা দ্বিগুণের কাছাকাছি। আর সিএনজিচালিত অটোরিকশা ছিল বরাবরের মতোই লাগাম ছুট। মিটারের চেয়ে তিন-চার গুণ বেশি ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে।

অন্যদিকে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকায় চলেনি কোনও রাইড শেয়ারিং অ্যাপ। তাই যারা মোটরসাইকেলের করে যাতায়াতে অভ্যস্ত তাদেরও পোহাতে হয়েছে দুর্ভোগ। অ্যাপ কাজ না করায় ফায়দা লুটেছেন চালকরা। চুক্তিতে ভাড়া নেওয়া হয়েছে দ্বিগুণেরও বেশি।

রবিবার (৫ আগস্ট) রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা যায় রিকশার বাধাহীন চলাচল। সচরাচর এসব সড়কে রিকশা চলতে দেওয়া হয় না। সকালে অফিসগামী অনেকেই রিকশা করে অফিস গেছেন। কিন্তু তাদের গুণতে হয়েছে বেশি ভাড়া।

মোহাম্মদপুরের বাসিন্দা সোহেল জানান, গত কয়েকদিন ধরে তিনি মোহাম্মদপুর থেকে গুলশান যাচ্ছেন রিকশায়। তবে দূরত্ব বেশিও হওয়ায় তাকে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে খরচ হচ্ছে কয়েকগুণ বেশি টাকা। তিনি বলেন, ‘অফিস যেতে দুবার রিকশা বদল করতে হয়। এখান থেকে প্রথমে যাই ফার্মগেট। এটুকুর ভাড়া দিতে হয় ১০০ টাকা। এরপর ফার্মগেট থেকে রিকশায় গুলশান, ভাড়া লাগছে ১২০-১৩০ টাকা।’ সোহেল বলেন, ‘এভাবে কয়েকদিন চলতে পারলেও কয়দিন পারা যাবে জানি না। বিআরটিসি বাস আছে, কিন্তু তাতে জায়গা পাওয়ার আশায় থাকলে অফিস পৌঁছাতে দেরি হয়ে যাবে।’

ধানমন্ডি সায়েন্সল্যাব থেকে গুলিস্তান যাবেন ব্যবসায়ী কবির আহমেদ। কিন্তু রিকশা পাচ্ছেন না। যা-ও বা পাচ্ছেন, ভাড়া চাওয়া হচ্ছে ১২০ টাকা। অথচ সাধারণ দিনে এই ভাড়া ৬০-৭০ টাকা। তিনি হতাশ হয়ে প্রশ্ন করেন, ‘এরকম দুর্ভোগ আর কত দিন?’

সকালে মোটরসাইকেলে করে তেজগাঁও থেকে মতিঝিলে অফিসে যান সাদাত সালেকিন। তিনি জানান, তার খরচ হয়েছে ২২০ টাকা।

মোবাইল ইন্টারনেটে ধীরগতির ফায়দা নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। রাইড শেয়ারিং অ্যাপ কাজ না করায় তারা চুক্তিতে সাধারণ মানুষের গন্তব্যে যেতে রাজি হচ্ছেন ঠিকই, কিন্তু ভাড়া হাঁকেন দ্বিগুণেরও বেশি। প্রেসক্লাব থেকে নিউমার্কেট যাবেন ব্যবসায়ী আনোয়ার। এক মোটরসাইকেল চালক তাকে জিজ্ঞেস করে নিউমার্কেটের কথা জেনে ভাড়া চান ২০০ টাকা। জবাবে আনোয়ার বলেন, ‘এ কেমন অরাজকতা!’

রবিবার বিকেলে অফিস ছুটির পরও দেখা গেছে একই চিত্র। কেউ বাড়ি ফিরছেন বিআরটিসি বাসে ঝুলতে ঝুলতে, কেউ রিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউবা সিএনজিতে। শাহবাগ মোড় হয়ে রূপসী বাংলা সিগন্যাল হয়ে বাংলামোটরের দিকে প্রচুর রিকশা যেতে দেখা যায়। আবার অনেকে হেঁটেও ফিরছেন গন্তব্যে।

পরিবহন ব্যবস্থা কবে স্বাভাবিক হবে এ প্রশ্নের উত্তর নেই কারও কাছে। শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর নৌমন্ত্রী শাজাহান খান জানিয়েছিলেন, শনিবার থেকে বাস চলবে। কিন্তু রবিবারেও একই অচলাবস্থা দেখা যায়।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন,তারা চাইলেও রাস্তায় পরিবহন নামাতে পারছেন না। নামালেই নানা অজুহাতে ভাঙচুর করা হচ্ছে। এখনও তারা সড়কে নিরাপদ মনে করছেন না। তাদের অভিযোগ,সঠিক কাগজপত্র থাকার পরেও অনেক পরিবহন ভাঙা হয়েছে। গত কয়েক দিনে অন্তত ৪০০ পরিবহন ভাঙা হয়েছে। পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আরও অন্তত আটটি পরিবহন। হামলার শিকারও হয়েছেন অনেক শ্রমিক। এ অবস্থায় রাস্তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা গাড়ি চলাবেন না।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন,‘পরিস্থিতি আগের মতোই রয়েছে। আমরা নিরাপত্তাবোধ করলে পরিবহন রাস্তায় নামাবো। আমরা পরিবহন বন্ধ করিনি। কিন্তু আমরা পরিবহন নামাতে পারছি না। দিনে না পেরে আগে রাতে নামাতাম। কিন্তু গতকাল থেকে রাতেও নামাতে পারছি না।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর