মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমনটা কি হওয়া উচিত ছিল?

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের পূর্বাঞ্চলের রাজ্য আসামের নাগরিকপঞ্জী প্রকাশ হয়েছে জুলাই মাসের ৩১ তারিখে। সেই নাগরিকপঞ্জীতে নাম নেই আসামের ৪০ লাখ মানুষের। যারা প্রমাণ করতে পারেনি যে তারা বা তাদের পরিবার ১৯৭১ সালের আগে থেকে ভারতে আছে তাদের নামই বাদ পড়েছে।

এই মানুষগুলোর ভবিষ্যতের অনিশ্চিয়তার মধ্যেই ভারতের রাজনীতিতে বেজে উঠেছে বিভাজনের সুর।

এমনটা কি হওয়া উচিত ছিল?

নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতের রাজনীতিবিদ ও কলাকুশলীদের কাছে এখন একটাই ‘হট টপিক’- ন্যাশনাল রেজিস্ট্রার ফর সিটিজেন্স, যার বাংলা তরজমা করলে দ্বাড়ায় নাগরিকপঞ্জী।

এখন প্রথম যে প্রশ্ন মাথায় আসে, তা হল, এই ৪০ লাখ মানুষকে কি আসাম থেকে বের করে দেওয়া হবে?

আসামের বাঙালি খেদাওয়ের একটি ইতিহাস আছে, তাই লাখ লাখ বাংলাভাষী -হিন্দু এবং মুসলিম-এর মনে আশঙ্কার কালো মেঘ।

যেহেতু পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এন.আর.সি’র প্রকাশ্য বিরোধীতা করেছেন, তাই ইতিমধ্যে কিছু মানুষ আসাম থেকে বর্ডার পেরিয়ে পার্শ্ববর্তী কুচবিহার বা আলীপুর জেলায় ঢোকার চেষ্টা করছেন।

যদিও ভয় পেয়ে নিজের বাসস্থান ছেড়ে পালানো এখনও অল্প মানুষের মধ্যেই সীমাবদ্ধ, প্রশ্ন উঠেছে, এমনটা কি হওয়া উচিত ছিল?

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই তালিকায় যাদের নাম নেই, তারা প্রয়োজনীয় সব কাগজ দেখিয়ে আবেদন করতে পারেন এন.আর.সি-তে তাদের নাম অন্তর্ভূক্তির জন্য।

আরও বলা হয়েছে যে, একজনও প্রকৃত নাগরিকের নাম এন.আর.সি থেকে বাদ যাবে না। ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে, এন.আর.সি-তে নাম না থাকার অর্থ ভোট দেওয়ার অধিকার চলে যাওয়া নয়।

সর্বোপরি, জানানো হয়েছে, এই প্রক্রিয়া চলছে ভারতের সুপ্রীম কোর্টের তত্ত্বাবধানে আর তাই কোনো ভাবেই অন্যায় হবে না।

এইসব চুক্তি একসাথে খাড়া করলে তার একটাই মানে হয় এন.আর.সি-তে যাদের নাম নেই এই মুহুর্তে সরকারের তরফ থেকে ভয় পাওয়ার জায়গা নেই।

কিন্তু সমস্যা সেখানে নয়।

সমস্যার কারণ চারধারে বাঁজছে বিভাজনের সুর এবং হঠাৎ করে অন্যান্য রাজ্য থেকেও উঠতে শুরু করেছে এন.আর.সি দাবী।

আসামের মত পশ্চিমবঙ্গ থেকেও তথাকথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের বি.জে.পি সভাপতি দিলীপ ঘোষ এবং দাবী করেছেন, পশ্চিমবঙ্গেও চাই এন.আর.সি’র মত একটি প্রক্রিয়া।

বি.জে.পি নেতা রাহুল সিংহ বলেন ‘বাংলাদেশ থেকে যে মুসলিমরা এ দেশে ঢুকেছেন, তাদের আমরা অনুপ্রবেশকারী বলি। অনুপ্রবেশকারী মুসলিমদের এদেশে থাকতে দেওয়া হবে না। তাঁদের আমরা ফেরত পাঠাবই।’

পশ্চিমবঙ্গের বি.জে.পি নেতারাই নন, ভারতের সব থেকে বড় রাজনৈতিক দলের বিভিন্ন প্রান্তের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন।

আর সেই সব মন্তব্য দেখলে একটি বিষয়ই সামনে আসে আর তা হল, বাংলাদেশ থেকে আসা সবাইকে ফেরত পাঠালেই ভারতের যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বি.জে.পি নেতাদের এই মনোভাবের বিরুদ্ধে সব থেকে বেশি সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তাঁর তৃণমূল কংগ্রেস দল। ভারতের সংসদে বারবার তারা চেপে ধরেছেন বি.জে.পির নেতৃত্বকে।

মঙ্গলবার বি.জে.পি’র সভাপতি অমিত শাহ এর বক্তব্য রাখার সময় তৃণমূলের এম.পি’রা প্রতিবাদ করেন বারবার এবং এক সময় মেজাজ হারিয়ে অমিত শাহ বলে ফেলেন, ‘আপনারা বাংলাদেশী বহিরাগতদের বাঁচাতে চাইছেন।’

এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে মমতা ব্যানার্জী বলেছেন ‘দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা চলছে।’

কিন্তু এমনটা কি হওয়া উচিত ছিল?

প্রশ্নটা কি হিন্দু না মুসলিম? প্রশ্নটা কি ভারতীয় না বাংলাদেশী?
কিছু অর্থনীতিবীদ আবার প্রশ্ন তুলেছেন, সত্যিই কি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এসেছেন?

এইক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে, অর্থনীতিবীদ বানীকান্ত বড়ুয়ার একটি রিসার্চ, যাতে উনি দেখিয়েছেন যে, ১৯৭১ থেকে ২০১১ সালের মধ্যে আসামে তেমন কোনো বড় সংখ্যায় অবৈধ অনুপ্রবেশ ঘটেনি।

অনেকে আবার অনুপ্রবেশ ঘটেছে কি ঘটেনি, সেই বিতর্কে যেতে চাননা। কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ যেমন বলেছেন, প্রশ্নটা মানবিকতার।

কিন্তু বি.জে.পি’র নেতৃত্ব এই প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেছেন ১৯৮৫ সাল থেকে এন.আর.সি’র কাজ না করে ঝুলিয়ে রাখা হয়েছে। ‘আমাদের সাহস আছে, তাই আমরা এন.আর.সি’র কাজ করেছি।’ সংসদে দাড়িয়েই একথা বলেছেন অমিত শাহ।

তিনি আরও বলেছেন, মমতা এবং অন্যান্য দল ভোট ব্যাংকের রাজনীতি করছেন। আর তার কথার সূত্র ধরেই বি.জে.পি’র নেতারা সুর ছড়িয়েছেন তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূলের নেতারা কিন্তু বি.জে.পি’র চাপের মুখে এখনও নতি স্বীকার করেননি। মমতা তার দলের সাংসদের সমন্বয়ে গঠিত একটি দল পাঠিয়েছেন আসামে এবং বলেছেন প্রয়োজনে তিনি নিজেও যাবেন।
পশ্চিমবঙ্গ সরকার, জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছে যে, আসাম থেকে মানুষ এলে তাদের থাকার ব্যবস্থা করতে।

যেভাবে এন.আর.সি থেকে ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরী করা হয়েছে, তা নিয়ে তৃণমূলের এম.পি অধ্যাপক সৌগত রায় বলেছেন ‘ভারত-রোহিঙ্গা ইস্যুতে অপারেশন ইনসানিয়ৎ চালায়, সেই দেশ কেন ৪০ লাখ মানুষ নিয়ে মানবিকতা দেখাবেনা?’

এই এন.আর.সি নিয়ে বিতর্কর মাঝে কিছু শিক্ষিত মানুষ বলেছেন, এই ৪০ লাখ মানুষের অর্থনৈতিক অবস্থা ক্ষতিয়ে দেখলে দেখা যাবে যে, অধিকাংশই প্রান্তিক মানুষ। তাদের ধর্ম যাই হোক না কেন আসলে অধিকাংশ মানুষই গরীব।

‘এই ভাবে মানুষের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা একটি অপরাধ… বি.জে.পি’র রাজনীতির কারনে দেশে বিভাজন করতে চাইছে। আমরা তা হতে দেব না’, বলেছেন সি.পি.এম. নেতা সুজন চক্রবর্তী। নাগরিকপঞ্জি প্রকাশের এক সপ্তাহও হয়নি। কিন্তু ভারতের রাজনীতিতে অনেক নাটক হয়ে গেছে।

এমনটা কিন্তু হওয়া উচিত ছিল না।

সুজন বাবুর সাথে সুর মিলিয়ে মমতা বলেছেন, বিভাজনের রাজনীতি উনি বাড়তে দেবেন না। কংগ্রেস নেতারা তাইও বলেছেন।

বলেছেন ঠিক, কিন্তু আগামী বছর ভারতের নির্বাচন। বিভাজনের যে সুর বাজছে, তা হয়তো আরও চড়া হত।

কিন্তু তেমনটা হওয়া উচিত হবে না। সূত্র : কালের কণ্ঠ