‘নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ’
শ্রমিকরা ছাত্রদের মুখোমুখি নয়। কেউই কারও বিরুদ্ধে নয়। বরং নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে আবারও দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবারও সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকার বাস চলাচল বন্ধ থাকার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এমনটাই বলেন।
প্রসঙ্গত, রাজধানীতে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হওয়ার প্রতিবাদে চলমান ছাত্র বিক্ষোভের জেরে সারা দেশের সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, মহাসড়কে এখনো গাড়ি নিরাপদ নয়। এ কারণে শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে। রাস্তায় প্রাইভেটকার পর্যন্ত চলছে না। এমন অনিরাপদ পরিস্থিতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।
সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার অভাবে রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না। জেলায় জেলায় মালিকরাই নিজ উদ্যোগে গাড়ি বন্ধ করে রেখেছে। সমিতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাস চলাচল কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে এনায়েত উল্লাহ বলেন, ছাত্ররা বাস ভাঙচুর করছে, তারা ভাংচুর বন্ধ করুক। বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রত্যেক পরিবারকে এরই মধ্যে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা নয়টি দাবি করেছে। তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তাদের ক্লাসে ফিরে যাওয়ার উচিত বলে জানান তিনি।











