মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় মেয়েকে যেন একটা চাকরি দেয় সরকার : মিমের বাবা

news-image

নিউজ ডেস্ক।। যাকে হারিয়েছি তাকে-তো আর ফিরে পাবোনা। হারানোর কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু যে বেঁচে আছে তাকে (বড় মেয়ে রিয়া) যেন একটা চাকরি দেয় সরকার। কথা গুলো কথা গুলো কেঁদে কেঁদে বলছিলেন সড়ক দূর্ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা মো. জাহাঙ্গির আলম।

মহাখালির দক্ষিণপাড়ায় ছোট দুই রুমের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো জাহাঙ্গীর আলম। তিনি পেশায় একজন বাস চালক। তার বড় মেয়ে রোকেয়া খানম রিয়া মহাখালি টিএন্ডটি মহিলা কলেজে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। নিহত দিয়া খানম মিম শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার একাদশ শ্রেনীতে পড়তো। আর ছোট ছেলে রিয়াদুল ইসলাম আরাফাত (১২) পঞ্চম শ্রেনীতে পড়ছে। সন্তানদের নিয়েই ছিলো জাহাঙ্গীর আলমের স্বপ্ন। অর্থ প্রাচুর্য্য না থাকলেও স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভালোই চলছিলো জাহাঙ্গীর আলমের ছোট্ট সুখের সংসার। কিন্তু দিয়ার মর্মান্তিক মৃত্যুতে সুখের পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের এমন করুন মৃত্যুতে পাগল প্রায় দিয়ার বাবা-মা। কিছুতেই মেনে নিতে পারছেননা সন্তানের এমন নির্মম মৃত্যু। আর পুরনো দিনের স্মৃতির মাঝেই দিয়াকে খুজে বেড়াচ্ছে দিয়ার ভাই-বোন ও স্বজনরা।

দিয়ার বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমিও একজন ড্রাইভার। আমি কখন কোনো মায়ের বুক খালি করিনি। আজ আমার মেয়ে মারা গেছে, কাল অন্য আর একজনের যাবে। আমি এর কঠিন বিচার চাই। আমি মহাখালি বাস ষ্টান্ডের শ্রমিক ইউনিয়নের কার্যকরি সদস্য ছিলাম। শাজাহান খাঁন আমাদের অভিবাবক। তিনি জেনেছেন আমিও একজন চালক। তাছাড়া আমার মেয়েতো একজন শিক্ষার্থী। সে হিসাবেও তো সে সান্তনা দিতে পারতো। বর্তমানে যারা গাড়ী চালায় তারা কে চালক আর কে হেলপার তা বোঝা যায় না। কারন যে হেলপার সেই আবার গাড়ী চালায়। তাই তারা যখন রাস্তায় নামে তখন তারা পারাপারি করে। তাই গাড়ীর মালিকরা চালকদের গাড়ী দেয়ার আগে যেন লাইসেন্স দেখে গাড়ী দেয়। যা হবার তাতো হয়েই গেছে, আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। তাই আর ভাংচুর করে কি হবে। তাই সবাই মিলে সরকারের কাছে একটা দাবি জানাই যাতে চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেয়া হয়। এবং আমার বড় মেয়েকে একটা সরকারি চাকরি দেয়া হয়।

উল্লেখ্য, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বাস বিমানবন্দরমুখী সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম এবং একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। দিয়া খানমের গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া থানার জুনিয়া গ্রামে। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। আসামিরা হলেন- জাবালে নুর পরিবহনের দুই বাসের চালক সোহাগ আলী ও জুবায়ের এবং হেল্পার এনায়েত হোসেন ও রিপন। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।