বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের নাগরিক তালিকা: স্ত্রী বৈধ হলেও স্বামী অবৈধ

news-image

‘এটা কীভাবে সম্ভব যে বাবা বা স্বামী হিসাবে আমি বৈধ নাগরিক হলাম না, অথচ স্ত্রী, কন্যা আর এক পুত্রের নাম নাগরিক পঞ্জিতে উঠল! আবার এক ছেলের নাম আছে, অন্যজন বাদ!’ বলছিলেন কাছাড় জেলার শিলকুড়ি এলাকার বাসিন্দা নিরঞ্জন সূত্রধর।ছয় জনের পরিবার সূত্রধরের। চারজনের নাম তিনি খুঁজে পেয়েছেন জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়ায়। এক ছেলে আর তার নিজের নামও নেই।

অনেকটা একই কাহিনী পাশের জেলা হাইলাকান্দির বন্দুকমারা এলাকার বাসিন্দা মীনারা বেগমের। তিনি জানান, ‘আমার শ্বশুর আর বাবার দুজনেরই নামই ছিল ১৯৫১ সালের নাগরিক পঞ্জিতে। বাকি যা কাগজ দরকার, সব দিয়েছিলাম। কিন্তু সাতজনের পরিবারের তিনজনের নাম এসেছে, বাকি চারজনের নাম নেই।’‘এক মেয়ের আর এক ছেলের নাম নেই, আমার নিজের নামও নেই। কিন্তু অন্য ছেলে মেয়েদের নাম রয়েছে,’বলেন তিনি। সম্পূর্ণ খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম।

যাদের নাম বাদ পড়েছে, তাদের সিংহভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে, যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেওয়া হয় নি। বাদ পড়েছে অনেক বাঙালি হিন্দুর নামও।অন্যদিকে শিলচর শহরের মধুরবন্দ এলাকার মইনুল হাসানের মতো মানুষ, যারা পরিবারের সব সদস্যের নামই তালিকায় খুঁজে পেয়েছেন, তাদের সংখ্যাটা দুই কোটি ৮৯ লক্ষ।

মইনুল হাসানের সঙ্গে যে জায়গায় কথা হচ্ছিল, সেখানেই দাঁড়িয়ে ছিলেন যুবক হাবিবুর রহমান লস্কর। তিনি আবার পরিবারের সকলের নাম খুঁজে পেলেন না। যেমন কাছাড়ের পাশের জেলা হাইলাকান্দির বাঁশধারের বাসিন্দা উজ্জ্বল রায়ও পরিবারের সকলের নাম খুঁজে পাননি।তারা সকলেই বৈধ ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়েছেন সোমবার সকালে, যখন আসামের রাজধানী গুয়াহাটিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল শৈলেশ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা।

শৈলেশ আসাম ক্যাডারেরই অফিসার। তিনি আগে ছিলেন আসামের স্বরাষ্ট্র সচিব। নামের সঙ্গে কোনও পদবী ব্যবহার করেন না এই শীর্ষ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ৩ কোটি ৩০ লক্ষ মানুষের আবেদন যাচাই বাছাইয়ের পরে দুই কোটি ৮৯ লক্ষ মানুষকে বৈধ ভারতীয় নাগরিকের স্বীকৃতি দেওয়া হয়েছে।যদিও কর্তৃপক্ষ বলছেন, যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই অবৈধ বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে না, তারা নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করার জন্যে আরও একবার সুযোগ পাবেন।

কাছাড় জেলা ছাড়িয়ে গিয়েছিলাম হাইলাকান্দির বন্দুকমারায়। একটি স্কুলে বেশ ভিড় করে নানা গ্রামের নারী পুরুষ দেখতে এসেছেন জাতীয় নাগরিক পঞ্জীতে নিজেদের নাম আছে কী না। সেখানেই কথা হচ্ছিল বাঁশধার গ্রামের উরজ্জ্ব রায়ের সঙ্গে। তিনি বলছিলেন, পরিবারের ১৩ জন আবেদন করেছিলেন নাগরিকত্বের জন্য, দুইজন তালিকায় ঠাঁই পাননি।

‘কেন যে দু’জনের নাম বাদ গেল, সেটাই তো বুঝতে পারছি না। একই নথি জমা দিলাম সবার জন্য, একজনের নাম থাকে, অন্যজনের নাম থাকে না! আবার আসতে বলছে যে কী কারণে নাম বাদ গেল, সেটা জানার জন্য,’ বলছিলেন উরজ্জ্ব রায়। পাশেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল মান্নান লস্কর। দিনমজুরী করেন। বলছিলেন, ‘পরিবারের কয়েকজনের নাম বাদ পড়েছে। কেন যে তালিকা থেকে নাম বাদ পড়ল, সেটা জানতে একদিন কাজ কামাই করে আবারও আসতে হবে।’

আসাম সরকার বলছে, যাদের নাম বাদ পড়ল, তাদের চিন্তার কারণ নেই। একমাসের মধ্যে আবারও দাবি পেশ করা যাবে তথ্য নথিসহ। আর যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই অবৈধ বিদেশি বলে চিহ্নিতও করা হবে না বা বন্দী শিবিরে পাঠানো হবে না।

আপাততঃ আসামের মানুষ সেই আশ্বাসেই ভরসা রাখছেন। কারণ যেভাবে নির্দেশ আসবে সরকারের, সেইভাবেই নথি জমা করে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তোলার চেষ্টা করবেন এই ৪০ লক্ষ মানুষ। কারণ তারা জানেন আসামে থাকতে গেলে নাগরিক পঞ্জিতে নাম তোলাটা খুব জরুরি। যাতে বাঙালি বলে তাদের দিকে কেউ আঙ্গুল তুলে আর না বলতে পারে যে তোমরা তো অবৈধ বাংলাদেশি- যেমনটা হয়ে এসেছে এত বছর।সূত্র: বিবিসি বাংলা