শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ, ভাঙচুর, যানচলাচল বন্ধ

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ফার্মগেট, বিমানবন্দর সড়ক,মিরপুর, শাহবাগ ও সায়েন্স ল্যাবরটরিসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে তারা। চড়ম দুভোর্গে পড়তে হয়েছে অফিসগামী ও সাধারণ যাত্রীরা। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যস্থলে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।
জানা গেছে,সকাল ১০টায় কমার্স কলেজসহ আশপাশের বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর গোল চত্বরের রাস্তায় অবস্থান নেয়। সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা ওই পথে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে তারা। কিছু বাস যেতে চাইলে শিক্ষার্থীদের তাড়ার মুখে গতিপথ পরিবর্তন করেন চালকেরা। তবে স্কুলগামী বাস ও শিক্ষার্থী বহনকারী প্রাইভেট কারগুলোকে যেতে দেওয়া হয়। এতে করে আশপাশের সড়কে যানচলাচল অচল হয়ে পড়ে। সকাল সোয়া ১০টায় রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট সড়ক অবরোধ করে সরকারি বিজ্ঞান কলেজ ও তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের উদ্দেশ্যে বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মিরপুর কালশী রোড থেকে খিলক্ষেত পর্যন্ত বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। মোহাম্মদপুর থেকে মিরপুর হয়ে উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাবতলী থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত রোডে বাস সার্ভিস বন্ধ। একই সময় শাহবগা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এছাড়া সায়েন্স ল্যাবরটরি মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা সিটি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে করে মিরপুর রোডের যানচলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত রোববার বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শির্ক্ষ্থাী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিব নিহত হয় ।











