মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করিয়ে দেব’ বলে নিয়ে হত্যা

news-image

টাঙ্গাইলে স্কুলছাত্র মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ১০ দিনের মাথায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘাতক ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া থেকে ইমনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নিহত হামিমের মোবাইল সেট ও সিম কার্ডও উদ্ধার করা হয়।গ্রেফতারের পর ঘাতক ইমন শুক্রবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

প্রেমে ব্যর্থ হয়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতকে জানায়। ইমন উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছ ইরতা গ্রামের শামছুল হকের ছেলে। নাগরপুর থানার ওসি মাইন উদ্দিন যুগান্তরকে জানান, টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের নবম শ্রেণির ছাত্র হামিমের সঙ্গে পাশের বাসার একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়েকে গ্রেফতারকৃত ইমনও ভালোবাসত। কিন্তু ইমন ওই মেয়েকে কখনও ভালোবাসার কথা বলেনি। একপর্যায়ে হামিমের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার ফন্দি আঁটতে থাকে ইমন। পরিকল্পনা করতে থাকে কীভাবে, কখন হামিমকে হত্যা করা যায়।

পরিকল্পনা অনুযায়ী, ইমন হামিমের সঙ্গে দেখা করে তাকে বলে- ‘তোমার ভালোবাসার মানুষটি নাগরপুর যাবে। তোমার সঙ্গে দেখা করিয়ে দেব। তোমরা নাগরপুর ব্রিজসহ বিভিন্নস্থানে ঘুরতে পারবে। ’পরে ১৬ জুলাই নাগরপুরের পাচইরতা গ্রামে আসার জন্য হামিমকে ইমন ফোন করে। ফোন পেয়ে হামিম কোচিং করার কথা বলে নাগরপুরে চলে আসে। তখন তাকে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে ইমন।

বিকালে হামিমের মা তার মোবাইল ফোনে কল করে কোথায় আছে তা জানতে চান। হামিম ঘারিন্দা রয়েছে বলে এবং প্রাইভেট পড়া শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরবে বলে তার মাকে জানায়।এদিকে রাত ৮টা বেজে গেলে হামিম টাঙ্গাইল চলে যাওয়ার জন্য ইমনকে তাগাদা দিতে থাকে। ইমন তার পূর্বপরিকল্পনা অনুযায়ী, তার বাড়ি থেকে একটি ছুরি এনে কোমড়ের পেছনে নিয়ে হামিমকে পাছইরতা গ্রামের মহিষগাড়া ধানক্ষেতের দিকে নিয়ে যায়।

সেখানে ইমন পেছন দিক থেকে হামিমের ঘাড়ে ছুরি দিয়ে পরপর দুটি আঘাত করে। পরে গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। হামিমের মৃত্যু নিশ্চিত করে শার্ট-প্যান্ট দিয়ে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায়।পরদিন খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় হামিমের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, একজন আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি জেনেছি। তবে এই হত্যাকাণ্ড একজনের পক্ষে আদৌ ঘটানো সম্ভব কিনা আমার সন্দেহ রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে আমি তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে অল্প সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।