বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত এক পা এগোলে আমি দু’ পা এগোব: ইমরান

news-image

পাকিস্তানের পরবর্তী সরকারের নেতৃত্বে আসতে যাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান বলেছেন, পিটিআই বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাতে কোনো সন্দেহ নেই আমরা নেতৃত্বে যাচ্ছি। সে সঙ্গে এটাও বলছি, আমি ক্ষমতায় গেলে সত্যিই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করবো।

এ সময় তিনি বলেন, কাশ্মীরই দু’দেশের মধ্যে সব চেয়ে বড় সমস্যা। তার ভাষায়, ‘গত ৩০ বছর ধরে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পাকিস্তানি ও ভারতীয় নেতৃত্বের এক টেবিলে বসে সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত।’ তবে কাশ্মীর সমস্যা মেটানোর লক্ষ্যে ভারত এক পা এগোলে তিনি দু’পা এগোতে রাজি।
বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা না হলেও বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণে স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি ক্রিকেটের কারণে ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি। জানি তারা খুব অতিথিপরায়ণ। তাই ভারতের সঙ্গে আমি ভালো সম্পর্ক চাই। যদিও ভারত নিয়ে আমি একটু হতাশ। কেননা ভারতীয় সংবাদমাধ্যম আমাকে বলিউডের ভিলেন বানিয়ে দিয়েছিল। তারপরও আমিই ক্ষমতায় আসতে যাচ্ছি।

৬৫ বছর বয়সী ওই রাজনীতিবিদ জাতির উদ্দেশে তার ৩০ মিনিটের ভাষণে এও বলেন, কে আমাকে কি করেছে সেটা আমি দেখবো না। আমি নমনীয়ভাবে চলবো। এখন আমার স্বপ্ন পূরণের সময়। পাকিস্তান নিয়ে ভাবার দিন। ক্ষমতায় আসছি আমি এটাই আমার পাওয়া। সে জন্য সৃষ্টিকর্তাকে স্মরণ করছি।

বুধবার অনুষ্টিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরানের দল পিটিআই ১২০টি আসনে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের দল পিএমএল-এন পেয়েছে ৬১টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৪০টি আসন।

চারটি প্রাদেশিক আইনসভার মধ্যে পঞ্জাবে পিএমএল-এন, সিন্ধুপ্রদেশে পিপিপি, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই ক্ষমতা দখলের পথে। ত্রিশঙ্কু পরিস্থিতি বালুচিস্তানে।

প্রাথমিক ভোট গণনায় পিটিআই সবচেয়ে বেশি আসন পেলেও তাদের একক সরকার গঠনের বিষয়টি এখনও নিশ্চিত নয়। কেননা পাকিস্তানের সংবিধান অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য তাদের কমপক্ষে ১৩৭টি আসন নিশ্চিত করতে হবে। তবে সংখ্যাগরিষ্ঠ আসন পাক বা না পাক, ক্রিকেট তারকা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খানই যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত।

বিশেষজ্ঞদের মতে, ছোট দলগুলির সমর্থন নিয়েই ম্যাজিক সংখ্যা ১৩৭ পেরিয়ে যাবেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। তবে সেই দলগুলির মধ্যে কট্টরপন্থীদের উপস্থিতির সম্ভাবনা কম। কারণ, জনতা বিমুখই করেছে তাদের।

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে পিএমএল-এন, পিপিপি-সহ বেশ কয়েকটি দল। ইউসুফ রাজা গিলানি, শাহিদ খকন আব্বাসির মতো প্রাক্তন প্রধানমন্ত্রীরা হেরেছেন।
ভারত সরকারের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে চুপ থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংহ বলেছেন, ‘সাজানো ভোট। ইমরান আগাগোড়াই সেনাবাহিনীর প্রার্থী।’
সূত্র: আনন্দবাজার