হলি আর্টিজানে হামলার মামলা বিচারিক আদালতে বদলির নির্দেশ
আদালত প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার মামলা বিচারিক মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম নুরুন নাহার ইয়াসমিন মামলাটির চার্জশিট গ্রহণ করে বদলির এ আদেশ দেন।
এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটিতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
হাসানাত করিমকে ২০১৬ সালের ৪ আগস্ট প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফা ১৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এর পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৪ আগস্ট থেকে তিনি কারাগারেই রয়েছেন।
অন্যদিকে চার্জশিটে আটজনকে অভিযুক্ত করা হয়। এ ছাড়া চার্জশিটে অভিযুক্ত অপর ১৩ জন মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি প্রদানের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
চার্জশিটটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০০৩) ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় দাখিল করা হয়েছে। যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
চার্জশিটের নিহত ১৩ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানের সময় মারা যায় এবং পাঁচজন ঘটনাস্থলে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত হয় বলে উল্লেখ করা হয়েছে।
চার্জশিটভুক্ত আটজন আসামি হলেন, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি’ নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপন। আসামিদের মধ্যে শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ পলাতক এবং অপর ৬ আসামি কারাগারে রয়েছেন।
কারাগারে থাকা আসামিদের মধ্যে- মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ ও রাকিবুল হাসান রিগ্যান হামলার দায় স্বীকার করে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনাস্থলে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত পাঁচজন হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় নিহত আটজন হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।
চার্জশিটে হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, হলি আর্টিজান রেস্তরায় হামলার উদ্দেশ্য জঙ্গীদের ছিল না। তাদের উদ্দেশ্য ছিল রাজধানী ঢাকার এমন একটি জায়গাতে হামলা করবে যেখানে বিদেশি নাগরিক বেশি চলাচল করে। যাতে বাইরের দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়। সেই পরিকল্পনার অংশ হিসেবে হলি আর্টিজান রেস্তোরায় হামলা করা হয়।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন।
যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গির সবাই নিহত হন।











