বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপনাকে ধন্যবাদ ওজিল, অসম্মানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য’

news-image

স্পোর্টস ডেস্ক।।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জার্মানিতে ‘বর্ণবাদ এবং অসম্মানের’ শিকার হয়েছেন দেশটির ফুটবল তারকা মেসুত ওজিল। এই অভিযোগ তুলে তুর্কী বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কথা ঘোষণা দিয়েছেন।

গত জুন মাসে তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে এরদোয়ানের সঙ্গে ছবি তোলার পর জার্মানিতে তীব্র সমালোচনা হয় ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

কিন্তু তার পর থেকে এ পর্যন্ত সম্পূর্ণ নীরব থাকলেও সম্প্রতি মুখ খুরেছেন।

শনিবার তিনি তার টুইটার এ্যাকাউন্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন। খবর ডেইলি সাবাহার।

ওজিল বলেছেন, আমি তুরস্ক বংশোদ্ভূত তাই তুরস্কের প্রতি আমার ভালবাসা রয়েছে। আমার পিতা আমাকে শিখিয়েছেন, আমরা যেখান থেকে এসেছি, যেখানে আমাদের পরিবার বেড়ে উঠেছে এবং আমাদের স্মৃতি রয়েছে আমরা যেন তাকে ভুলে না যাই।

অসম্মানের বিরুদ্ধে দাঁড়িয়ে পদত্যাগ করায় ২৯ বছর বয়সী এই তারকার প্রশংসা করেছেন আর্সেনাল সতীর্থ হেক্টর বেলেরিন।

আর্সেনালে ওজিলের সতীর্থ ২৩ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার হেক্টর নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেনন, দেশের জন্য মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু করা একজন ফুটবলারের অসম্মান পরাবাস্তবতার মতো শোনায়। শাবাশ, মেসুত ওজিল, এ ধরনের অসম্মানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য।

উল্লেখ্য, জার্মানিতে প্রায় ৩০ লাখ মানুষ তুর্কী বংশোদ্ভূত যা প্রায়ই দেশটির রাজনৈতিক বিতর্কে ইস্যু হয়ে উঠে। দেশটিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। এই ইস্যুকে কেন্দ্র করে জার্মানিতে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে।

ওজিল তার বিবৃতিতে প্রশ্ন তুলেছেন, জার্মান দলে তার মতো আরো অনেকেই আছেন যাদের সাথে জার্মানি ছাড়াও অন্য আরেকটি দেশের যোগাযোগ আছে, তাদের বেলাতে সেরকম আচরণ করা হয়নি কেন?

তিনি বলেন, এটা কি একারণে যে দেশটি তুরস্ক? এটা কি একারণে যে আমি একজন মুসলমান? আমার মনে হয় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে।