এ সংবর্ধনা দেশের মানুষকে উৎসর্গ করলাম : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা বাংলাদেশের জনগণকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ জুলাই) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ১৫ আগস্টের পর ১৯টি ক্যু হয়েছে। জাতির পিতাকে হত্যার পর বিকৃত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মকে জানানো হয়েছিল। জাতির পিতার স্বপ্ন পূরণই আমার লক্ষ্য। আজকের গণসংবর্ধনা বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। বাংলাদেশে যা কিছু অর্জন মানুষের ত্যাগের মাধ্যমে হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে, লাল-সবুজের রঙিন পোশাক পরে জনসভায় যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয় বাংলা ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নামে নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। মূল মঞ্চের সামনে ছোট আরেকটা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে থাকবে সাংস্কৃতিক আয়োজন। সমাবেশ প্যান্ডেলটি কয়েকটি অংশে ভাগ করা। প্যান্ডেলের বিভিন্ন অংশে স্থাপন করা হয়েছে বড় বড় প্রজেক্টর।
উদ্যান এলাকার পাশাপাশি রাজধানীর বিজয় স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নানা ধরনের সাজসজ্জা করা হয়েছে। জাঁকজমক সাজসজ্জার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নৌকার প্রতিকৃতি। মৎস্য ভবন মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের সড়ক দিয়ে শিশু পার্ক পর্যন্ত কয়েক ফিটের ব্যবধান রেখে স্থাপন করা হয়েছে অনেকগুলো তোরণ। কারওয়ান বাজারে স্থাপন করা হয়েছে মেট্রোরেলের প্রতিকৃতি।
সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে নিয়ে আসা হয়েছে মূল উদ্যানসহ আশপাশের এলাকা, সীমিত করা হয়েছে যান চলাচল। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ, উন্নয়নশীল দেশে উত্তরণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়াসহ বিভিন্ন সাফল্যের স্বীকৃতি হিসেবে, প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।











