রিয়ালে রোনালদোর বিকল্প হতে পারে যে পাঁচ তারকা
দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টেনে স্প্যানিশ ক্লাব রিয়াল ছেড়েছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা মাদ্রিদ ভক্তদের কাছে প্রশ্ন এখন রিয়াল কি রোনালদোর বিকল্প তৈরি করতে পারবে? উত্তর বলছে রোনালদোকে ট্রান্সফার অর্থের বিনিময়ে জুভেন্টাসে ছেড়ে দেওয়ার আগে একাধিক বিকল্পের খোঁজ পেয়েছে স্প্যানিশ ক্লাব ৷
একনজরে দেখে নিন রিয়াল মাদ্রিদে রোনালদোর বিকল্প হতে পারে যে পাঁচ তারকা-
নেইমার:
ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে অনেক আগে থেকে ঝাঁপিয়েছিল রিয়াল কর্তারা। শেষ মৌসুমে বার্সা ছাড়ার সময়ও গুঞ্জন ওঠে স্পেনেই থেকে যাচ্ছেন নেইমার, অর্থাৎ মেসির পর রোনালদোর পাশে নেইমারকে খেলতে দেখা যাবে বলেই মনে করা হয়েছিল। পরে অবশ্য রেকর্ড অর্থের বিনিময়ে ফরাসি ক্লাব প্যারিসস্টে জার্মেই’তে নাম লেখান এই তারকা স্ট্রাইকার। রোনালদো রিয়াল ছাড়ার পর বিকল্প হিসেবে নেইমারের নামটাই প্রথম সারিতে উঠে আসছে। অনেকেই মনে করছেন নেইমারের সাদা জার্সি পড়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। শেষ মৌসুমে ক্লাব ও দেশের জার্সিতে সবমিলিয়ে ৩৪টি গোল করেছেন নেইমার। উল্টো মতও রয়েছে। স্প্যানিশ মিডিয়ায় এটাও গুঞ্জন যে পিএসজিতে ঠিক মতো মানিয়ে না নিতে পারায় বার্সেলোনা ফিরতে পারেন নেইমার। নতুন মৌসুমে নেইমারকে এখন বার্সেলোনা না রিয়ালে দেখা যায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সবটাই অবশ্য নির্ভর করবে পিএসজি তাকে ট্রান্সফার অর্থের বিনিময় ছাড়ে কিনা! রিয়ালে নেইমারের আসার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলা যায়।
এডেন হ্যাজার্ড:
বেলজিয়াম অধিনায়ককে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে দেখলে অবাক হওয়ার কিছু নেই। রাশিয়া বিশ্বকাপটা দারুণ গিয়েছে হ্যাজার্ডের। তার নেতৃত্বে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে বেলজিয়াম। শেষ ছয় বছর ক্লাব ফুটবলে হ্যাজার্ড খেলছেন চেলসিতে। বিশ্বকাপ শেষে নতুন রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে রিয়ালও নাকি হ্যাজার্ডকে বাজিয়ে দেখছে। ইতিমধ্যেই হ্যাজার্ডকে ২০০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি রিয়াল। দুয়ে দুয়ে চার হলে নতুন মৌসুমে বেঞ্জামা-বেলদের পাশে দেখা যেতেই পারে হ্যাজার্ডকে। বেলজিয়াম অধিনায়কের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার শতকরা সম্ভাবনা ৭৫ শতাংশ।
এমবাপ্পে:
ফুটবলগ্রহের নয়া ১০ নাম্বারকে নিয়ে আলোচনা তুঙ্গে। ইতিমধ্যেই ১৯ বছর বয়সে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। প্রথমবার বিশ্বকাপ খেলে তার ঝুলিতে চার গোল। বিশ্বকাপে আর্জেন্টাইন রক্ষণদুর্গ ভেদ করে দুটি গোল রয়েছে মেসিদের বিরুদ্ধে। আর ফাইনালে ফ্রান্সের হয়ে শেষ গোলটাও তারই। ফ্রান্সের উঠতি তারকাকে তাই নিজের ক্লাবে আনতে চাইবে রিয়াল। এমবাপ্পে বর্তমানে খেলে পিএসজিতে। নেইমার-কাভানিদের পাশে শেষ মৌসুমটা দারুণ গিয়েছে তার। নতুন সিজনে রিয়ালের জার্সিতে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। শেষ মৌসুমে পিএসজি’র হয়ে ১৭টি গোল রয়েছে এমবাপ্পে। দীর্ঘ সার্ভিসের জন্য এই তরুণ তুর্কিকে দলে ভেড়াতে পারে রিয়াল।
পাওলো দিবালা:
আর্জেন্টাইন এই ফুটবলারকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারা বলা হচ্ছে। জুভেন্টাসের হয়ে শেষ মৌসুমটা দারুণ গিয়েছে দিবালার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ মৌসুমে ২৬টি গোল করেছেন দিবালা। বিশ্বকাপে অবশ্য আর্জেন্টাইন কোচ সাম্পাওলি তরুণ এই প্রতিভাকে সেভাবে ব্যবহার করেননি। রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর এবার জুভেন্টাসের ঘর ভেঙে দিবালাকে রিয়াল তাদের ডেরায় নিয়ে এসে চমক দিতেই পারে।
আঁতোয়ান গ্রিজমান:
ফ্রান্সের হয়ে সদ্য বিশ্বকাপ জিতেছেন। ক্লাব ফুটবলে স্পেনই গ্রিজমানের দ্বিতীয় ঘর, খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। রোনাল্ডোর বিকল্প হিসেবে ফরাসি তারকাকে দলে নিয়ে এসে চমক দিতে পারে রিয়াল। এমনিতেই বেল- বেঞ্জামারা রয়েছেন। সেই সঙ্গে গ্রিজমান জুড়ে গেল রিয়ালের এই ত্রিফলা অন্যদের বেকায়দায় ফেলবে বলার অপেক্ষা রাখে না।
এখন দেখার বিষয় এই পাঁচ তারকা ভবিষ্যতে রিয়ালে রোনালদোর বিকল্প হয়ে ওঠে কিনা। নাকি অন্য কোনও তারাকে খুঁজে আরও এক ক্রিস্টিয়ানোর জন্ম দেয় স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ।











