মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাপন অযোগ্য : বিশ্ববিদ্যালয়ের জীবন!

news-image

নিউজ ডেস্ক : আধুনিক সমাজে শিক্ষাকে সমৃদ্ধির সোপান হিসেবে অভিহিত করা হয়। তাই প্রত্যেকের শিক্ষার অধিকার এবং এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে আধুনিক রাষ্ট্রগুলোর মৌলিক অনুষঙ্গ। তবে শিক্ষা কেবলই বইপত্রের বিষয় নয়, সুশিক্ষার জন্য তাই একটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হয় নানা ধরনের বৈচিত্র্যময় উদ্যোগ। শিক্ষার্থীর মনোজাগতিক বিকাশ না ঘটানো গেলে শিক্ষা হয়ে পড়ে একান্তই সনদসর্বস্ব ব্যাপার। এই বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে শিক্ষার্থীরা থাকেন বিশ্ববিদ্যালয়ে, উচ্চ শিক্ষাকেন্দ্রে। তাই পৃথিবীর দেশে দেশে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশের ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার পাশাপাশি চেতনা, মনন, সংস্কৃতিসহ শিক্ষার্থীর সব ধরনের বিকাশকে নিশ্চিত করা যায়।

বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আবাসিক হওয়ার কারণও এর মধ্যেই নিহিত। যাতে শিক্ষার্থীরা একে অপরের সন্নিকটবর্তী হতে পারেন, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারেন, তেমন সুযোগ সৃষ্টির নিমিত্তেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক ব্যবস্থাপনা গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় হল শুধু ছাত্রদের আবাসস্থল হিসেবে নয় বরং সমাজ ও সাংস্কৃতিক জীবনে শিক্ষার্থীদের উপযুক্তভাবে গড়ে তোলার জন্য শিক্ষা ও অনুশীলন কেন্দ্র রূপেই এগুলোকে বিবেচনা করা হয়। এ কারণে সারা পৃথিবীতেই অভিভাবকরা নিজ সন্তান ও স্বজনদের বিশ্ববিদ্যালয়ের হলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন। তারা মনে করেন, অন্য যেকোনো জায়গার তুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো হবে নিরাপদ। সেখানকার জীবন হবে উপভোগ্য, সবকিছুই হবে মানসম্পন্ন।

কিন্তু বাংলাদেশ যেন এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছেলেমেয়েদের পাঠাতে চান না। নিজ জেলায় সুযোগ পেলে, এর বাইরে যত বড় শিক্ষা প্রতিষ্ঠানই থাকুক, সেখানে কাউকে পড়তে পাঠানোটাকে অভিভাবকরা ঝুঁকিপূর্ণ মনে করেন। বাধ্য হয়ে যখন পাঠাতেই হয়, তখন দুশ্চিন্তায় থাকতে হয়, কখন কার হাতে নির্যাতনের শিকার হয়। কী খায়, কীভাবে থাকে, কাদের সঙ্গে মেশে, আদৌ কোনো পড়ালেখার পরিবেশ আছে কিনা, প্রতিটি ক্ষেত্রেই দুশ্চিন্তা আর উদ্বেগ কাজ করে। উদ্বিগ্নতা এখন এ পর্যায়ে পৌঁছেছে যে, অভিভাবককে তার সন্তান বা স্বজনের জীবন নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয়। পড়ালেখা শেষ করে সুশিক্ষিত মানুষ হয়ে বেরিয়ে আসবে কিনা, সেটা নিয়ে এখন খুব কমজনই ভাবেন বরং একটি সনদ পাক এবং জীবনটা নিয়ে ভালোয় ভালোয় ফিরে আসুক, এটাই থাকে একমাত্র চাওয়া।

দেশের প্রধান শিক্ষাকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে দ্বিধায় পড়ে যান। তার ভাষ্য ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরে, যা হয়তো ইতোমধ্যে অনেকের জানা! কিন্তু ওই অধ্যাপকও নিজের নামটি প্রকাশে অপারগ, এই চিত্রটি কত বেশি ভয়ানক তা কি আমরা বুঝতে পারছি? শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকের জীবনও সেখানে অবরুদ্ধ! নিজ বিভাগের জ্যেষ্ঠ ওই অধ্যাপক জানান, সারা দেশ থেকে সবচেয়ে মেধাবী ছেলেমেয়েগুলোই এখানে আসে। কত স্বপ্ন আর আকাক্সক্ষা থাকে তাদের। কিন্তু প্রথম সেমিস্টারেই সব উবে যায়। এমন সব ঘটনার মুখোমুখি তাকে হতে হয় যে, ফলাফল খুব একটা ভালো করার সুযোগ থাকে না। এই যে সে পিছিয়ে পড়ে, এর পরের সেমিস্টারগুলোতে তা কাটিয়ে উঠতে পারে না। প্রথমেই শুরু হয় খাওয়া-থাকার সংকট। সহজে সেটা সমাধান করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও আবাসিক নাম দিয়ে সবার কাছ থেকে ফি নেয়, কিন্তু আবাসনের সুযোগ পেতে একজন শিক্ষার্থীকে দাসের জীবন বরণ করতে হয়। এর বিকল্প খুবই সামান্য বা নেই বললেই চলে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের দাসত্ব মেনে নিয়ে যদিও বা সে হলে থাকার জায়গা পেল, কিন্তু সেখানকার পরিবেশই তার ভেতরের মানুষ সত্তাটাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। প্রথমে সে যেখানে জায়গা পায় সেটাকে বলা হয় ‘গণরুম’। বিশাল একটি কক্ষ, হয়তো ২০ জনের থাকার ব্যবস্থা সেখানে হতে পারত। কিন্তু থাকে দুই শ’রও বেশি। ঘুমুতে হয় মেঝেতে বিছানা করে, দুই হাত জায়গা মেলে পুরনো জেলখানাগুলোর আদলে। এই দুইশ ছেলেমেয়ে ব্যবহার করে মাত্র কয়েকটি বাথরুম। তাদের গোসল, খাওয়া, ঘুম ও পড়াশোনার পরিবেশ বলে কিছু নেই। তার ওপরে আছে নানা ধরনের নির্যাতন।

নির্যাতনের বিষয় পরে, প্রথমে আসা যাক খাদ্য সমস্যায়। খাদ্যকে মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা হিসেবে ধরা হলেও বিশ্ববিদ্যালয়ে এটি যেন সবচেয়ে অবহেলিত। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের খাদ্যের পেছনে বরাদ্দ খুবই সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছেলেদের হলগুলো সবই ইজারা দেওয়া। ইজারাদার এক্ষেত্রে বিনা ভাড়ায় ডাইনিং রুম, আসবাব ও থালা বাসন ও কোনো কোনো হলে এককালীন কিছু ভর্তুকি পেয়ে থাকেন। ইজারাদারের ব্যয় থাকে খাবারের উপকরণ ও পরিবেশনে। সেটা তিনি তুলে নেন খাদ্যের দাম থেকে। খাদ্যের দাম এখন বাড়তি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই খাদ্যের নতুন দাম নির্ধারণ করে দেন। গড়ে এখন প্রতি বেলায় শিক্ষার্থীদের খাওয়ার পেছনে খরচ করতে হয় ৪০ থেকে ৫০ টাকা। কিন্তু দাম বাড়লেও আগে যা দেওয়া হতো এখনও তাই দেওয়া হয়। ছোট্ট এক টুকরো মাংসের কিংবা ময়দামাখা বাসি মাছের টুকরো, সামান্য একটু সিদ্ধ সবজি, ভাত আর পানির মতো পাতলা ডাল। তাতেও প্রতি দিনই কেউ না কেউ পোকা বা ময়লা কিছু পেয়ে থাকেন।
যে টাকায় শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করেন, সেটা কারও কারও কাছে সাশ্রয়ী মনে হতে পারে। কিন্তু এতে শিক্ষার্থীরা যে পরিমাণ ও মানের খাবার পান তা ওই বয়সের একজনের জন্য মোটেও যথেষ্ট নয়। বয়স ও পরিশ্রম অনুপাতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রতি দিনের খাবারে গড়ে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার কিলোক্যালরি থাকা উচিত। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্যান্টিন ও মেসে খাবার গ্রহণ করা শিক্ষার্থীরা পাচ্ছেন সর্বোচ্চ ১ হাজার ৪৪৯ কিলোক্যালরি। সে হিসাবে প্রয়োজনের অর্ধেক ক্যালরিও পান না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নরত এসব শিক্ষার্থী। গত বছর এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের খাবারের মান নিয়ে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন খাদ্যে কিছু ভর্তুকি দেয় মেয়েদের হলে এবং টিএসসি ও ডাকসুর ক্যান্টিনে। এই দুই ক্যান্টিনে অবশ্য খাদ্যের পরিমাণ খুবই কম। এক মুঠ খিচুড়ি দিয়ে একটি প্লেট সাজানো হয়, সঙ্গে এক টুকরো মুরগি। পেট না ভরলেও চালিয়ে নিতে হয়। হলগুলোতে খাদ্যের মান হয়তো কিছুটা বজায় রাখা যেত, কিন্তু সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদের বিনামূল্যে খাওয়ার অভিযোগ আছে। ফলে ক্যান্টিন মালিকদের চাপ দেওয়া যায় না, চাপ দেওয়ার কেউ নেই। শিক্ষার্থীদের খাবারের প্লেটে কী ওঠে, তারা ক্লাস, পরীক্ষার প্রস্তুতি নিতে প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ পান কিনা এটা কেউই দেখে না। যাদের পরিবারের আর্থিক সঙ্গতি আছে, তারা বাইরেই খাওয়া দাওয়া করেন। যারা পরিবার থেকে বেশি সহযোগিতা পান না, তারা টিউশনি জোগাড় করে নিজের এই ব্যয় মেটান। হলে মেস ব্যবস্থা আছে, সেখানে ব্যয় আরও বেশি, আছে নানা ধরনের বাধ্যবাধকতা।
বিশ্ববিদ্যালয়ের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, খাদ্যের জন্য আলাদা কোনো বরাদ্দের কথা উল্লেখ নেই। ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের মূল খরচ দেখানো হয় (৭৮.৫৯ শতাংশ) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার ওই বাজেটে ৪১৬ কোটি ৭ লাখ টাকা বেতন-ভাতা ও ১০৬ কোটি টাকা পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা খাতে বরাদ্দ মাত্র দুই শতাংশ, ১৪ কোটি টাকা। আর শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের জন্য বরাদ্দ ধরা হয় ৭০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে গ্রন্থাগারের বই কেনা, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, রাসায়নিক যন্ত্রপাতি, শিক্ষাসফর, সেমিনার, পরীক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ সহায়তা, ইন্টারনেট, বৃত্তি, খেলাধুলা, শিক্ষার্থী পরিবহন ও গবেষণা অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্য বিভিন্ন ধরনের ফি বাবদ বিশ্ববিদ্যালয় আদায় করে ২৫ কোটি ৯৫ লাখ টাকা। এসবের মধ্যে বেতন, ভর্তি, ভর্তি ফরম ফি, সেশন ফি, পরীক্ষার ফি, সনদপত্র, হলের ফি ও বিভাগের ফি অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষার্থীরা জানান, সব শিক্ষার্থীকে আবাসিক হিসেবে দেখানো হয় এবং তাদের কাছ থেকে এই মর্মে টাকাও নেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ভর্তিতে বাসন-কোসনের জন্য ৩০ টাকা ফি দেন। আবার পরিবহনের জন্য প্রত্যেককে দিতে হয় ১০৮০ টাকা। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীই বাসে ওঠার সুযোগ পান না। যারা হলে থাকেন না, তারা কেন বাসন কোসনের খরচ দেবেন, আবার যারা হলে থাকেন তারা কেন বাসের খরচ দেবেন? শিক্ষার্থীদের এসব আপত্তির মুখেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিনিয়ত ছাত্রদের কাছ থেকে অর্থ আদায়ের লক্ষ্য বাড়িয়েই চলেছে। শুধু খাদ্য নয়, বিশ্ববিদ্যালয়ে জীবন যাপনের মান উন্নয়নেও তাদের কোনো নজর নেই। প্রতিটি হলে ছারপোকার অত্যাচারে অতিষ্ঠ থাকেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের হেলে পড়া একটি ভবনে এখনও ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে ছাত্রীদের। আছে বহিরাগতদের উৎপাত। এসবের পাশাপাশি আছে নির্যাতন।
কেমন সেই নির্যাতন? একটি গল্প বলা যাক। অবশ্য এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। সেটাও একদা কোনো এক কালের কথা নয়, এই ২০১৬ সালের ঘটনা। ফরিদপুর জেলার সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ছেলে অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল। দরিদ্র অটোরিকশাচালক বাবারও ছিল কত সাধ, আকাক্সক্ষা। ঘাম ঝরানো অর্থে তিনি ছেলেকে ভর্তি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। ভর্তির পর নিয়মমাফিক ক্লাস শুরুর প্রাক্কালে হাফিজুর মোল্লা ঢাকায় আসেন। শহরে আর কোথাও আবাসনের ব্যবস্থা না থাকায় হলে থাকার ব্যবস্থা করতে হয় তাকে। বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এসএম হলের দক্ষিণ পাশের বারান্দায় থাকার জায়গা পেয়েছিলেন হাফিজ। বারান্দায় বা কক্ষে, থাকার জায়গা বা সিট যাই হোক, তা বরাদ্দ দেওয়ার ক্ষমতা একমাত্র বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের। এলাকার পরিচিত বড়ভাই দিদার মোহাম্মদ নিজাম তখন এসএম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার হাত ধরেই হলে ওঠেন এবং বারান্দায় জায়গা পান হাফিজুর। শীতের মধ্যে খোলা বারান্দায় থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পাশাপাশি রাতে হল ছাত্রলীগের নেতাদের দ্বারা পরিচালিত তথাকথিত ‘গেস্টরুম ডিউটি’ও দিতে হয় হাফিজুরকে। অল্প সময়ের মধ্যেই নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হন হাফিজুর। অসুস্থ অবস্থায় বাড়ি গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সুচিকিৎসার জন্য ঢাকা আসার পথে ফেরিতেই মৃত্যু হয় হাফিজুরের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রলীগ, সবাই নিজেদের নির্দোষ দাবি করে। শুধু হাফিজুরের পিতা বুঝতে পারেন, স্বপ্ন দেখে কত বড় দোষটাই না তিনি করেছেন! মাত্র এক মাসের মধ্যে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তার বুকের মানিককে শেষ করে দিল।

হাফিজুরের মৃত্যুতে দেশের মানুষ জানতে পারে ‘গেস্টরুম ডিউটি’ নামে বিশ্ববিদ্যালয়ভিত্তিক নতুন এক সংস্কৃতি সম্বন্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম কালচার শুরু হয় ২০০১ সালের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই হয় গেস্টরুম। আগে এটা অনিয়মিত থাকলেও ক্রমে এটা নিয়মিত হয়েছে। হাফিজুরের মৃত্যুর পর কিছুকাল শিথিল থাকলেও আবার তা চালু হয় নতুন উপায়ে।

গেস্টরুম ছিল ছাত্রলীগের আইনকানুন শেখার জায়গা। প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রদের এতে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হতো। এক সময় গেস্টরুমে হলেও একপর্যায়ে অধিকাংশ হলেই মাঠের মধ্যে ছাত্রদের সারি বেঁধে দাঁড় করিয়ে এই শিক্ষাদান কর্মসূচি চলত। সাধারণত রাত ৯টার পর হল শাখার ছাত্রলীগ নেতারা ডেকে এনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আচরণবিধি শেখাত। এখনও এটা করা হচ্ছে। তবে গেস্টরুমে কম ডাকা হয়। হলে ওঠার পর প্রথমেই নির্দেশ জারি হয় যে, নিজ বর্ষের বন্ধুরা বাদে বাকি সবাই তোমাদের সিনিয়র। তাদের দেখলেই সালাম দিতে হবে ও হাত মেলাতে হবে। এই নির্দেশনাটিকে বলা হয় ‘সহবত’ শিক্ষা।

এই সহবত শিক্ষার প্রথা কোটা সংস্কার আন্দোলনের পর একটু স্তিমিত হলেও শিক্ষার্থীরা মনে করছেন আসন্ন প্রথম বর্ষের ছাত্রদের অভিজ্ঞতা ভয়ঙ্কর হতে পারে। সহবতের নিয়ম হলো, প্রথম বর্ষের বাদে বাকি সবাইকে দেখামাত্রই সালাম দিতে হবে এবং হাত মেলাতে হবে। না করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। যদি কেউ সিনিয়রদের নির্দেশ অমান্য করে তাহলে তাকে অন্যদের সামনে গালমন্দ করা হয়, হল থেকে বের করে দেয়ার হুমকিও দেয়া হয়। চোখ ফুটে গেছে? বড় নেতা হয়ে গেছ? নাকি বাপ কোনো জমিদার? এসব বলে বকাঝকা করা হয়। তার পরও যদি কেউ না শোধরায়, তাহলে তার ওপর যে কোনো আঘাতই নেমে আসতে পারে। তবে এটা নিশ্চিত যে, এরকম করলে সিট পেতে অনেক দেরি হয়। এমনও উদাহরণ রয়েছে যে, দ্বিতীয় বর্ষে উঠে সিট পাওয়ার পরেও জোর করে একজন শিক্ষার্থীকে গণরুমে পাঠানো হয়েছে, কারণ সে সহবত শেখেনি। সহবতের ভেতর আবার এটাও থাকে যে, দুই হাতে হাত মেলানো যাবে না, কারণ ওটা শিবিরের কাজ। শিবিরের মতো করে টাকনুর ওপর প্যান্ট ভাঁজ করে রাখা যাবে না। একমাত্র গোসল ছাড়া কেউ লুঙ্গি পরতে পারবে না। দিনে হলের বাইরে শর্টস পরে যাওয়া যাবে না। সংগঠনের কোনো কর্মসূচি ছাড়া মধুর ক্যান্টিনে যাওয়া যাবে না। বড় ভাইদের সঙ্গে ছাড়া টিএসসি, হাকিম চত্বরে আড্ডা মারা যাবে না।

শিক্ষার্থীরা জানান, হলে ওঠার প্রথম দিকে সহবত শিক্ষার পাশাপাশি দেশপ্রেমের শিক্ষাও দেয় ছাত্রলীগ। তবে এই দেশপ্রেমটা দলপ্রেম ছাড়া আয়ত্ত করা যায় না। তাদের শিক্ষা অনুযায়ী তারাই একমাত্র দেশপ্রেমিক সংগঠন। এছাড়া অন্য কোনো সংগঠনের সঙ্গে মেশার অর্থ হলো, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা। গণরুমে ওঠা ছাত্রদের সরাসরি মানা করে দেয়া হয় অন্য কোনো সংগঠনের মিছিল বা কোনো কর্মসূচিতে যেন না দেখা যায়। কাউকে ‘আউট বই’ পড়তে দেখলে জেরা করা হয় যে সে বাম সংগঠন করে কিনা। বাম আর জামায়াতের মধ্যে পার্থক্য নেই, এমন প্রচারণা চালানো হয়। এভাবে ছাত্রদের মানসিক নিপীড়ন চালানো হয় এবং কাউকে ভুল বুঝিয়ে, কাউকে বা জোর করে অন্য সংগঠন করা থেকে বিরত রাখা হয়। শিক্ষার্থীদের তারা উগ্রতা শিক্ষা দেয়, নেতা হওয়ার জন্য নাকি এগুলো দরকার আছে। ক্যাডার প্র্যাকটিসও চলে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা উগ্র, মেরুদ-হীন, আজ্ঞাবহ, দাসে পরিণত হয়।

ট্রেনিং সেশনও চলে নির্বাচিতদের নিয়ে। রিকশাঅলা বাড়াবাড়ি করলে তাকে কষে থাপ্পড় দিতে হবে। আলোচনায় আসতে হলে সাহস দেখাতে হবে। নেতা হতে গেলে অর্থাৎ নেতাদের মতো সুবিধা পেতে গেলে সভাপতি বা সাধারণ সম্পাদকের আস্থা অর্জন করতে হবে। তারপর বাছাইকৃতদের নিয়ে হকি ধরা, রড ধরা, কীভাবে কোথায় মারলে মারা যাবে না, জখম কম হবে, এসব শিক্ষা দেয়া হয়। কখনো কখনো নেতার সঙ্গে দলবেঁধে সোহরাওয়ার্দী উদ্যানে যান প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সেখানে অনৈতিক কর্ম এবং মাদকের প্রশিক্ষণও হয়। মাঝে মধ্যে ভাইদের সঙ্গে মিলে ‘বাস ধরা’র কাজেও যেতে হয় শিক্ষার্থীদের। নীলক্ষেত সড়ক দিয়ে যাওয়া কোনো বাসের কন্ডাক্টর বিশ্ববিদ্যালয়ের কারও সঙ্গে খারাপ আচরণ করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে সেই বাস ধরে হলে নিয়ে আসতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে সেই বাস মালিকের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা আদায় করে ভাগ-বাটোয়ারা হয়।

যদি কেউ এর বিরোধিতা করে বা কোনো আদেশ মানতে দেরি করে, তাহলে তাকে গেস্টরুমে ধরে আনা হয় এবং অনেকে মিলে তাকে পেটাতে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল গেস্টরুমই রক্তাক্ত হয়েছে শিক্ষার্থীদের রক্তে। মারধর করেই যে ছেড়ে দেওয়া হয় এমন নয়, প্রায়শই শিবির সাব্যস্ত করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। গেস্টরুমে এমনভাবে ছাত্রদের নিয়ন্ত্রণ করা হয় যে, হল ছাত্রলীগের সভাপতি তাদের কাছে সবচেয়ে মাননীয় হয়ে ওঠে। সাম্প্রতিক কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের কর্মকা-ে এই ক্ষোভের কিছুটা প্রকাশ পেয়েছে। ওই আন্দোলনের সুবাদে জানা গেছে, মেয়েদের হলগুলোতে পরিস্থিতি আরও খারাপ। সেখানে এমনকি হলনেত্রীর ঘর মোছা, তার কাপড় চোপড় ধোয়া ও রান্না থেকে শুরু করে সব ধরনের কাজই করে দিতে হয়।

গণরুম, গেস্টরুম, প্রথম বর্ষের ছাত্রদের ওপর নিয়ন্ত্রণ- এ সবেরই উৎস হচ্ছে সিট বরাদ্দে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা। প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রদের হলে ওঠার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। প্রথম বর্ষে যখন তারা হলে ওঠে তখন তাদের জন্য কোনো আসন বরাদ্দ হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে না, কে হলে উঠছে, কোথায় উঠছে। পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন। নতুন গড়ে ওঠা বিজয় একাত্তর হলের সিট বরাদ্দের বিষয়টাই কেবল এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে। এছাড়া মেয়েদের হলগুলোতে প্রশাসনের কিছুটা নিয়ন্ত্রণ আছে। শহীদুল্লাহ হলেও প্রশাসনের নিয়ন্ত্রণাধীন রুম আছে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর ছাত্ররা সেসব রুমে কিছু আসন পায়। এর বাইরে মোট চিত্রটা হচ্ছে, প্রথম বর্ষের হলে ওঠা শিক্ষার্থীদের ৯০ ভাগই ছাত্রলীগের বদৌলতে হলে ওঠে। নিপীড়ন থেকে অবশ্য কিঞ্চিৎ মুক্ত থাকেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। তবে জ্যেষ্ঠ ও নবীন, সবাইকেই যেতে হয় নারকীয় পরিবেশের মধ্য দিয়ে। আর সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ই প্রধান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদের কাছে এসব বিষয় নিয়ে যখনই জানতে চাওয়া হয়েছে তারা কিছু সমস্যা স্বীকার করলেও নিজেদের কর্তব্যে গাফিলতির কোনো জায়গা দেখেননি। কিন্তু কেন শিক্ষার্থীরা এমন জীবন যাপনে বাধ্য হচ্ছেন, তার উত্তরও মেলেনি। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে, তিনি স্মৃতি হাতড়ে বলেন, ‘এমনকি স্বৈরাচারের আমলেও বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন ছিল না, পাকিস্তান আমলে তো নয়ই। কথিত গণতান্ত্রিক যুগেই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ধ্বংস হয়েছে। ফলে শিক্ষার্থীরা দাসের মতো জীবন যাপনে বাধ্য হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমূলক ভূমিকা এখন একেবারেই সংকুচিত। আমরা যখন ছাত্র ছিলাম, প্রভোস্ট তো বটেই, হাউস টিউটরেরও পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। সন্ধ্যার পর রোলকল করা হতো। কে আছে, কে বাইরে গেছে খোঁজ রাখা হতো। পরে ব্যবস্থা নেয়া হতো। মোনেম খাঁর আমলেই প্রথম ক্যাম্পাসে হল দখল হতে দেখা যায়। এরপর ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের উৎখাতও করা হয়। এটাকে আমরা বিরাট বিজয় বিবেচনা করেছিলাম। কিন্তু সেই অর্জন ধরে রাখা যায়নি। গণতন্ত্রের যুগে এসে দেখা যাচ্ছে, এখন হলগুলো ব্যতিক্রমহীনভাবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকে। প্রভোস্টের কোনো কর্তৃত্ব থাকে না। আবার দেখা যায় প্রভোস্ট থেকে শুরু করে আরও বড় পদ পর্যন্ত যারা আছেন, তারাও সরকারি দলের আনুকূল্য ভোগ করেন। ফলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ কমে যায়। আর এভাবে নিয়ন্ত্রণও কমতে থাকে।’ বিশিষ্ট এই চিন্তাবিদ মনে করেন, ‘ছাত্র সংসদ না থাকায় পরিস্থিতি আরও নেতিবাচক হয়েছে। ছাত্র সংসদ থাকলে ভোটের জন্যই নেতাদের জনপ্রিয়তা ধরে রাখতে হতো। ফলে তারা যে কোনো কাজ করতে পারত না। অন্যদের সাহায্য করতে এগিয়ে আসত। ছাত্ররাও অভিযোগ থাকলে সংসদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে যেতে পারত, এভাবেই ক্যাম্পাসে গণতন্ত্র বিরাজ করত। এখন সেই পরিস্থিতিটাই নেই। ছাত্র সংসদ থাকলে সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, খেলাধুলার মতো অনেক কর্মসূচি চালু থাকত, যা ছাত্রদের সামাজিক জীবনকে গড়ে তুলত। এর মধ্য দিয়ে যোগ্যরা সামনে চলে আসত, গু-ারা পিছিয়ে যেত। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে গু-া ছাড়া আর কারও সামনে আসার সুযোগই নেই। ছাত্রদের সুযোগ-সুবিধার সংকট হলে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। দলীয় আনুগত্য না থাকলে হলে থাকা তো প্রথম বর্ষের ছাত্রদের জন্য অসম্ভব। তাদের কর্মসূচিতে না গেলে নির্যাতিত হতে হয়। শিক্ষকদের কাছে গিয়ে ফল হয় না, কারণ তারা তো আগে থেকেই দলীয় অনুগত। অবশ্য সবাই এমন নন।’

তিনি আরও যোগ করেন, ‘আগে শিক্ষক সমিতি এগুলো নিয়ে ভাবত। এখন সমাজের অন্য অংশের মতোই বিশ্ববিদ্যালয়েও সামষ্টিক চিন্তা কমে গেছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষকদের দ্বারা নিয়ন্ত্রিত ছাত্রদের প্রতিষ্ঠান। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন অর্জন করেছি। তা এখন দলীয়করণের শিকার। অধিকাংশ শিক্ষকও দলীয়করণের বৃত্তে আছেন এবং ক্ষমতাসীন দলের পক্ষের লোকেরাই সমিতিতে নির্বাচিত হচ্ছেন। ফলে শিক্ষকদের সেই ভূমিকা রাখার সুযোগ কম। তবু আমি চাই শিক্ষকরা ক্যাম্পাসের এই পরিস্থিতি আমলে নেবেন এবং নিজেদের দায়টা অনুভব করবেন। আজ আমাদের বৃহৎ পরিসরে নেমে আসা দরকার, তাহলেই কেবল এ অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব। শিক্ষার্থীদের সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করাটা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে।’

বিশিষ্ট এই শিক্ষাবিদের ভাবনা আজ সবার আকাক্সক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ থাকতে হবে, শিক্ষার্থীদের একটি যাপনযোগ্য জীবন নিশ্চিত করতে হবে। সূত্র : সাপ্তাহিক পত্রিকা