বাসচাপায় জাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু; ৬ দিনেও গ্রেফতার হয়নি ঘাতক চালক
রাজধানীতে কালশী ফ্লাইওভারে বাসচাপায় শাহরিয়ার সৌরভ ওরফে সেজানের (২৮) নিহত হওয়ার ৬ দিন পাড় হলেও সেই ঘাতক বাসচালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, ওই বাসচালকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
নিহত শাহরিয়ারের বন্ধু আদনান খায়রুল্লাহ জানান, ঘটনার দিন সকালে মিরপুরের ডিওএইসএসের বাসা থেকে দক্ষিণখানে ব্র্যাক স্কুলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন সেজান। পথিমধ্যে রেডিসন হোটেলের সামনের ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিসম্পন্ন বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে সেজানকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সেজানকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এক বছরও পেরোয়নি সেজান তারই ব্যাচমেট মুনিয়া সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন সাংস্কৃতিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেজান।
নিহত সেজানের বন্ধু রিফাত ফারজান নিপুণ জানান, খুব অবেলায় চলে গেল সেজান। ‘আবু আশরাফ নামে অপর এক বন্ধু বলেন, কাকে দোষ দেব? বিচারটাই বা কাকে দেব? ক’জন লোক ট্রাফিক আইন মানেন? যে দেশে টাকার বিনিময়ে বাসের ফিটনেস ও চালকদের লাইসেন্স মেলে, সে দেশে বেশি কিছু আশা করা যায় না। দেশটাতো মরে গেছে অনেক আগেই। এখন মানুষগুলোও মরে যাচ্ছে ’
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মুনিয়া ইসলাম মজুমদার বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-২৬১০) আটক করা হয়েছে। তবে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১ জুলাই রোববার বেলা ১১টার দিকে কালশী ফ্লাইওভার থেকে সেজান মোটরসাইকেল চালিয়ে নামার সময় হোটেল র্যাডিসন ব্লুর কাছে বসুমতী নামে একটি যাত্রীবাহী বাসচাপায় তিনি গুরুতর আহত হয়। পরে পুলিশের সহায়তায় প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় সেজানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেজান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হলপাড়ায়। তিনি ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠনে ফেলোশিপ করছিলেন। পাশাপাশি দক্ষিণখানের সেজান ব্রাক স্কুলে শিক্ষকতা করতেন।











