বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত বিষয় মনিটরিংএর জন্য সাইবার সিকিউরিটি টুলস আসছে

news-image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব, মাইক্রোব্লগিং সাইট টুইটারসহ বিভিন্ন ধরনের ব্লগ ও ওয়েবসাইট মনিটরিংয়ের জন্য কেনা হচ্ছে সাইবার সিকিউরিটি টুলস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিতর্কিত পোস্ট, ঘৃণাসূচক বক্তব্য প্রচার ও আপত্তিকর ভিডিওবার্তা প্রচার করে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গীবাদ, সন্ত্রাস এবং অন্যান্য ইস্যুতে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে। সাইবার অপরাধ রোধ করতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারে মিথ্যা ক্ষুদ্র-ব্লগ লিখে সরকারবিরোধী অপপ্রচার চালালে এই টুলসে তা ধরা পড়বে।এছাড়া বিভিন্ন ব্লগ ও এ ধরনের ওয়েবসাইট যাতে কেউ কোনও ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে না পারে, বিনা কারণে উস্কানি দিতে না পারে; সেগুলোও মনিটরের আওতায় আসবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নির্বাচনের বছর হওয়ায় চ্যালেঞ্জ একটু বেশি। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপপ্রচার যাতে ফেসবুকের মাধ্যমে ছড়াতে না পারে সেই বিষয়ে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি আমাদের সহযোগিতা করবে। আমরা কোনও মিথ্যা তথ্য সরাতে বললে তারা সরিয়ে দেবে, অপকর্মে জড়িত আইডি ব্লক করা, আইপি চিহ্নিত করার মতো পদক্ষেপগুলো এখন তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হবে। মন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে , ইন্সট্যান্টলি কিছু সরাতে বললে তা সরিয়ে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তার জন্য কিছু সিকিউরিটি টুলস সংগ্রহ করা হয়েছে। এগুলো দিয়ে ইউটিউব, টুইটারসহ আরও যা কিছু আছে তা মনিটর করা হবে। কেউ যাতে এসব মাধ্যম দিয়ে অনিষ্ট করতে না পারে তা চিহ্নিত করতে সাহায্য করবে এই টুলস। অনলাইনে মাঝে মাঝে উসকানিমূলক কিছু তথ্য ছড়ানো হয়, ব্লগ লেখা হয়। এবার সাইবার সিকিউরিটি টুলস দিয়ে এসব নজরদারি করা হবে।

জানা গেছে, সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা এবার অনেকেই নির্বাচনি প্রচার মাধ্যম হিসেবে সামাজিকে যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন। অনলাইনে নিজের ও দলের ইতিবাচক প্রচারণা চালাবেন। সংশ্লিষ্টদের আশঙ্কা- এই সুযোগটাই কাজে লাগাতে পারে বিরোধী পক্ষগুলো। তারা সরকার ও প্রার্থীদের বিরুদ্ধে বাজে পোস্ট দিতে পারে, কুৎসা রটাতে পারে। যা ভোটারদের কাছে দলের ও প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতে পারে। সরকারের উন্নয়নের তথ্যর বদলে বিকৃত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তিও তৈরি করার চেষ্টা করা হতে পারে। এসব বিষয় সামনে রেখে সরকার এবার সতর্ক পদক্ষেপ নিয়েছে। ফলে মনিটরিংয়ের বিষয়টি সামনে আসছে।

জানা যায়, মন্ত্রী গত ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে এসে মন্ত্রীর সঙ্গেও বৈঠক করে। সেই বৈঠকেই সাইবার টুলসের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সুফল সম্পর্কে মন্ত্রী বলেন, আগে ফেসবুকের কাছে তথ্য চাইলে অনেক সময় লাগতো সেই তথ্য দিতে। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে ফোকাল পয়েন্ট নির্বাচন করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আইসিটি বিভাগ, বিটিআরসিসহ অন্যান্য প্রতিষ্ঠান। সেই ফোকাল পয়েন্ট ফেসবুকের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে তথ্য ও সাড়া পাওয়া সম্ভব। মনিটরিংএর কাজ শুরু হয়ে গেছে। অনেকের আইডি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময় মতো পদক্ষেপ নেওয়া হবে।