বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চলমান পরিস্থিতি জানাতে নির্বাচন কমিশনে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে তিনটি কেন্দ্রে ২৪টি বুথে ধানের শীষ প্রতীকের সব পোলিং এজেন্ট থাকলেও দুটিতে নৌকার এজেন্ট পাওয়া যায়নি।

৫৫,৫৬ ও ৫৭ নাম্বার ওয়ার্ডের টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রেও ভোটারদের ভোট দিতে দেখা যায়। এই কেন্দ্রে বিএনপি সমর্থকদের উপস্থিতি নেই। ভোটকেন্দ্রে বিএনপির একজন এজেন্ট এখনো অনুপস্থিত।

এদিকে কাশিমপুর উচ্চ বিদ্যালয় সকাল ১০টা পর্যন্ত তিনটি কেন্দ্রের ১৮টি বুথে ধানের শীষের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ভোটারদের লাইন দীর্ঘ হলেও ধীরগতি হওয়ায় ভোটররা ক্ষোভ প্রকাশ করেছেন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ১৬টি বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, খান আইডিয়াল স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র এবং ৫৫ নং ওয়ার্ডের মুন্ন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি, আওয়ামী লীগের পোলিং এজেন্ট আছে কিন্তু বাইরে বিএনপির কোনো বুথ নেই। এমনকি বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো পোস্টার নেই। বেজ ঝুলিয়ে বিএনপির কাউকে দেখাও যাচ্ছে না। আওয়ামী নেতাকর্মীদের দাবি এখানে আওয়ামী লীগের বেজ পড়ে অনেক বিএনপি সমর্থক অবস্থান করছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন, উৎসবের আমেজে ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখছে প্রশাসন।