বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক সাপোর্টার আরেক সাপোর্টারকে গালি দেয়, এমন কেন!’

news-image

চারদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। অনেকেরই বাড়ির ছাদে কিংবা বারান্দায় উড়ছে পছন্দের দলের পতাকা। চায়ের কাপের আড্ডায় যে যার দলের পক্ষ নিয়ে তুলছেন তর্কের ঝড়। অন্যদিকে জার্সির দোকানগুলোতেও কাটতি বেশ। মাঠের চৌহদ্দি পেরিয়ে সমর্থনের এই উন্মাদনা সারা বিশ্বের সাধারণ মানুষ ছাড়াও ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যে।

বিশ্বকাপের এ উন্মাদনা থেকে বাদ যাননি অভিনেতা চঞ্চল চৌধুরীও। আর্জেন্টিনার সমর্থক তিনি। কেন তিনি আর্জেন্টিনার সমর্থক তার ব্যাখ্যা দিয়েছেন এক আড্ডায়। এ ছাড়াও আলাপে উঠে এসেছে বাংলাদেশ ফুটবলের প্রসঙ্গও।

চঞ্চল চৌধুরী জানান, ১৯৮৬ সালে মেক্সিকোতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ওই সময় থেকেই তিনি ম্যারাডোনার ভক্ত। আর তখন থেকেই ম্যারাডোনাকে ভালোবেসে তার জাদুকরি খেলায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনা দলের সমর্থক বনে যান চঞ্চল। তিনি বলেন, ‘গ্রামে তো তখন ইলেক্ট্রিসিটি ছিল না। তখন আমাদের পুরো গ্রামে মাত্র দুটি সাদাকালো টেলিভিশন ছিল।

তা আবার চলত ব্যাটারির সাহায্যে। যে দিন অনেক রাতে খেলা থাকত, সেদিন তো অনেকটা পিকনিক পিকনিক ভাব থাকত। এখন তো এক সাপোর্টার আরেক সাপোর্টারকে গালি দেয়, এমন কেন! প্রতিপক্ষ থাকবেই। এখান থেকে কোনো হিংসা কিংবা বিদ্বেষ ছড়ানোর দরকার নাই। যদিও এমন চিত্র আমাদের দেশে সর্বক্ষেত্রেই। এটা ঠিক না।’

চঞ্চল আরও বলেন, ‘আমি চাই আর্জেন্টিনা ভালো খেলুক। এখন পর্যন্ত যে কটা ম্যাচ দেখলাম প্রথম পর্বের খেলাগুলোতে আর্জেন্টিনার পারফরম্যান্স অতোটা ভালো ছিল না। মেসিকেও তার স্বরূপে মাঠে পাওয়া যায়নি। গত ম্যাচগুলোতে তার আলাদা করে বলার মতো কোনো কনট্রিবিউশন ওভাবে দেখা যায়নি।

তবে এবারের বিশ্বকাপে ব্রাজিল অনকে ব্যালেন্সড টিম। তাদের জন্যও শুভকামনা রইল। আমি একটা দলকে সাপোর্ট করব, তার বাইরে আর ভালো খেলোয়াড় নাই কিংবা ভালো খেললেও সাপোর্ট করব না। আমি তেমনটা ভাবি না। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি বলেই বলব, তারা এবার বিশ্বকাপ জিতবে, বিষয়টা কিন্তু তেমন নয়। এটা তো শুধু খেলা নয়, শিল্পও।’

কথা প্রসঙ্গে বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে কথা হয়, বাংলাদেশের ফুটবল নিয়েও। শুরুতেই তিনি জানান, বাংলাদেশর বর্তমান ফুটবলের চিত্র নিয়ে তার আক্ষেপ রয়েছে। বাংলাদেশের ক্লাব ফুটবলে আবাহনীর সমর্থক চঞ্চল।

‘তখন কিন্তু বাংলাদেশে ফুটবলের একটা জোয়ার ছিল। তখনকার ফুটবলের যে জায়গা, সেখান থেকে আজ কোথায় যাওয়ার কথা ছিল, আর কোথায় আছি, তা আমরা সবাই জানি! আমরা তখন ফুটবলের ধারাভাষ্য শুনতাম রেডিওতে। একটা মাঠে রেডিও নিয়ে চারপাশে গোল করে বসে রেডিও শুনতাম। এখনকার মতো লাইভ দেখার সুযোগ ছিল না। কাজের ব্যস্ততার কারণে এখন ওভাবে খেলা দেখা হয় না। তবে শুটিং না থাকলে দেখা হয়।’ বলেন চঞ্চল

প্রথম পর্বের খেলার খবর

প্রথম রাউন্ডে আর্জেন্টিনা খেলছে গ্রুপ ‘ডি’-তে। এতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। আর্জেন্টিনা আর আইসল্যান্ডের খেলা ছিল ১৬ জুন। এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এরপর আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়ার খেলা হয়েছে ২১ জুন। এ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা আর নাইজেরিয়ার খেলা ২৬ জুন। এ খেলাটি সে দিন রাত ১০টায়। বাংলাদেশের নাগরিক টিভি, মাছরাঙা ও বিটিভিতে খেলা দেখা যাবে।

যত রেকর্ড

আর্জেন্টিনা চারবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। ১৯৭৮ সালে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয় লাভ করে বিশ্বকাপ শিরোপা জেতে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩–২ ব্যবধানে হারিয়ে তারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে। দলটি কোপা আমেরিকায় বেশ সফল। তারা চৌদ্দবার এই শিরোপা জিতেছে। ১৯৯২ সালে তারা ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপাও জয় করেছে। এ ছাড়া ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জেতে আর্জেন্টিনা।