পরীক্ষামূলকভাবে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ আগামী অর্থবছরেই
সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে কর্মরতদের জন্য একটি টেকসই ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা’ চালু করতে যাচ্ছে সরকার। দেশের সর্বস্তরের জনগণের দুয়ারে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পৌঁছে দেওয়া এবং বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিচ্ছে। আগামী অর্থবছরেই প্রাথমিক পর্যায়ে কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা’ চালুর উদ্যোগ নেওয়া হতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি খাতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় পর্যায়ে কর্মরত সকলেই সার্বজনীন পেনশনের আওতায় আসবেন। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় সরকার পরিচালিত স্কীমে নিবন্ধন করে একজন কর্মজীবী মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা (অর্থ) জমা করবে। প্রযোজ্য ক্ষেত্রে তার নিয়োগকারী কর্তৃপক্ষও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংশ্লিষ্ট কর্মজীবীর পেনশন হিসাবে জমা রাখবেন। হতদরিদ্র শ্রমজীবীদের ক্ষেত্রে তাদের অংশের অতিরিক্ত হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী সরকার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই হিসাবে জমা করবে। এ ব্যবস্থাপনার মাধ্যমে গঠিত তহবিল বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় সার্বজনীন পেনশন তহবিলে জমা হতে থাকবে। ক্রমপুঞ্জিভুত চাঁদা ও আয়ের পরিমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি অবসরকালে মাসিক পেনশন পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে দেশের মোট বয়স্ক জনসংখ্যার মধ্যে পেনশন ভোগীর সংখ্যা অতি সামান্য। শুধু সরকারি চাকরিজীবী ও কয়েকটি বেসরকারি সংস্থায় কর্মরতরাসহ প্রায় ৭/৮ লাখ পরিবার বর্তমানে নিয়মিত পেনশন পেয়ে আসছেন। এর বাইরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় হতদরিদ্র প্রায় ৩৫ লাখ লোক মাসে ৪০০ টাকা হারে বয়স্কভাতা পাচ্ছেন। এটা দেশের মোট বয়স্ক জনসংখ্যার এক-চতুর্থাংশ মাত্র। অন্যদিকে ভাতার এ পরিমাণ মানসম্মত জীবন-যাপনের জন্য যথেষ্ট নয়। জনমিতির স্বাভাবিক ধারায় বিশে^র উন্নত দেশগুলোর মত এক সময় বাংলাদেশেও বয়স্ক জনসংখ্যার হার অনেক বেড়ে যাবে। তখন স্বাভাবিকভাবেই বাজেট বরাদ্দের আওতায় বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীকে ভাতা প্রদান দুরূহ হয়ে পড়বে। এসব বিষয় বিবেচনায় সরকার এ উদ্যোগ নিয়েছে বলে সূত্র জানায়।
সূত্রমতে, তবে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর জন্য মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন, যা সময় ও ব্যয় সাপেক্ষ ব্যাপার। সরকারি চাকরিজীবী ও জনগণের মধ্যে সুযোগের ন্যায্যতা ও সামঞ্জস্য বিধানে উপযুক্ত কর্ম-পরিকল্পনা, ধারাবাহিক কৌশলগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি, কারিগরি সক্ষমতা ও যথাযথ নীতি-কৌশল প্রণয়ন করতে হবে।











