নির্দিষ্ট সময়ে প্রচারণা সামগ্রী সরাতে বিভাগীয় কমিশনারকে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির
আগামী ২০ জুন মধ্যরাতের মধ্যে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটির সব ধরনের নির্বাচনী সামগ্রী সরাতে বিভাগীয় কমিশনারকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ আছে, প্রার্থীকে নিজ উদ্যোগে প্রচারণা সামগ্রী সরাতে হবে। প্রার্থীরা না সরালে সিটি করপোরেশনকে সরাতে হবে। যদি এরপরও কেউ না সরায় তাহলে জরিমানা বা দ- দিতে বলা হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্দেশনায় আগামী ৩০ জুলাই নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রাচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের এমন নির্বাচনী সামগ্রী থাকলে তা ২০ জুন রাত ১২টার পূর্বে নিজ খরচে সরানোর নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করার জন্য বরিশালে ১০, সিলেটে ৯ ও রাজশাহীতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্যই বিভাগীয় কমিশনারকে বলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে, সিলেট সিটিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে ও বরিশাল সিটিতে আঞ্চলিক নির্বাচন আফিসার মো. মুজিবুর রহমানকে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। একই সয় মন তিন সিটির সাধারণ ওয়ার্ড ও সংবক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ওযার্ডের ভোট হবে।
এ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বরিশাল, সিলেট ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া রাজশাহী ও বরিশালে ১০ জন করে এবং সিলেট সিটি করপোরেশনে ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তবে এ তিন সিটিতে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা এখনো ঠিক হয়নি। এছাড়া আচরণ বিধি সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা এ নির্বাচনে প্রচারণা চালাতে পারবে না। তবে ঈদের পরে যদি আচরণ বিধি সংশোধন হয় তাহলে সংসদ সদস্যদের বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ইসি সচিব।
প্রসঙ্গত, এর আগে ২৯ মে এ তিন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি জানান, এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই।











