দ্বিতীয় অপারেশন সফলে চিকিৎসকদের যতো প্রস্তুতি
জোড়া ব্রেনের শিশু রাবেয়া-রোকেয়ার দ্বিতীয় অপারেশন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন চিকিৎসকরা। এ ধরণের অপারেশন বাংলাদেশে প্রথম হওয়ায় এ নিয়ে চিকিৎসকদের আগ্রহ উত্তেজনার যেমনি কমতি নেই, তেমনি ভয়-উদ্বেগও কম নয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রাবেয়া-রোকেয়া। তাদের চিকিৎসা ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত একজন সিনিয়র চিকিৎসক বুধবার এ প্রতিবেদককে জানান, বিশ্বে এ ধরণের কেইসে সফলতার হার শূন্য। এটা যদি জোড়া মাথা হতো, তাহলে এতোটা ভয় ছিল না। এটা কিন্তু ব্রেন জোড়া। অপারেশনে উচ্চঝুঁকি এখানেই। তারপরও সরকারের সহযোগিতায় আমরা যেহেতু হাত দিয়েই ফেলেছি, সেহেতু চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গত ফেব্রুয়ারির ২৮ তারিখে প্রায় দুই বছর বয়সী শিশুদের মস্তিষ্কের একটি রক্তনালী সফলভাবে ব্লক করা হয়। সম্প্রতি এমআরআই করে দেখা যায়- অন্যদিক দিয়ে রক্তনালী সক্রিয় হয়েছে। ফলে দুই ব্রেনের জন্য দুটো রক্তনালী তৈরি হলো। আগে শুধু একটি রক্তনালী ছিল।
ঢামেক হাসপাতালের চিকিৎসক ছাড়াও সেই অপারেশনে সরাসরি যুক্ত ছিলেন হাঙ্গেরির একজন প্রখ্যাত নিউরো সার্জন। আগামী জুলাই মাসে দ্বিতীয় যে অপারেশনের প্রস্তুতি নেয়া হচ্ছে, তাতেও এই নিউরো সার্জন থাকছেন। তিনিই জার্মানি থেকে একজন উঁচু মানের প্লাস্টিক সার্জনকেও নিয়ে আসছেন। তবে এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিদেশি চিকিৎসকরা বেশকিছু শর্ত আরোপ করেছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকদের উপর।
রাবেয়া-রোকেয়ার চিকিৎসা ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত একজন সিনিয়র চিকিৎসক জানান, অপারেশনের ফলে শিশুদের মৃত্যুঝুঁকি আছে। সরাসরি এ ঝুঁকি নিতে চান না বিদেশি চিকিৎসকরা। তারা কিছু আনুষ্ঠানিকতার শর্ত দিয়েছেন। সে অনুযায়ী- তারা যে এ অপারেশন করবেন, এজন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অফিসিয়াল অনুমোদনপত্র লাগবে। যদি শিশুদের মৃত্যু হয়, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করা যাবে না। তারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করবেন, সেসব যন্ত্রপাতি ব্যবহারেও অফিসিয়াল অনুমোদনপত্র লাগবে। এছাড়ও খুঁটিনাঁটি আরও অনেক বিষয় আছে। এসব বিষয়ে তাদের আমাদের চুক্তিস্বাক্ষর হবে।
অন্যদিকে, আসন্ন অপারেশনে প্রায় ৩০-৫০ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি ব্যবহারের কথা বলছেন চিকিৎসকরা। সরকারি অর্থে এসব কেনাকাটা করতেও নানা ধরণের পদ্ধতি অনুসরণ করবেন চিকিৎসকরা। এছাড়া রয়েছে ওষুধের ব্যপার। সেসবও অত্যন্ত ব্যয়বহুল এবং দেশে পাওয়া যায় না। প্রথম অপারেশনে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ওষুধ ব্যবহার করতে হয়।
গত বছরের ২০ নভেম্বর ঢামেক বার্ন ইউনিটে ভর্তির পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খরচে রাবেয়া-রোকেয়ার চিকিৎসা হচ্ছে। তাদের বাবা-মা পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন। রাফিয়া (৬) নামের আরেক কন্যাশিশু আছে এই দম্পত্তির।
পাবনা সদরের একটি হাসপাতালে সিজারের মাধ্যামে রাবেয়া ও রোকেয়ার জন্ম। তাদের বয়স যখন ৫দিন, তখন থেকেই ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। অসংখ্যবার এখানে চিকিৎসা দেয়া হয়।











