টাকার নেশায় মানুষ হত্যায় পুলিশ!
আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের নামে আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়, অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া, এমনকি টাকা না পাওয়ায় ‘বন্দুক-যুদ্ধে’ হত্যার অভিযোগও উঠছে। তদন্তও শুরু হয়েছে কয়েকটি জায়গায়। অভিযোগ প্রমান হওয়ায় কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
ফেনির ফুলগাজীতে টাকা না পাওয়ায় ‘বন্দুক যুদ্ধে’ হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২৩ মে রাতে ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামে ‘মাদক চোরাকারবারিদের’ সঙ্গে পুলিশের গোলাগুলির সময় সাহমিত হোসেন শামীম (২৫) ও মজনু মিয়া মনির (২৩) নামে দুইজন নিহত হয় বলে পুলিশ জানায়। তবে শামীমের মা আনোয়ারা বেগম সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটছিল তাঁর ছেলে। বেলা ২টার দিকে ফুলগাজী থানার এসআই শফিক এসে সেখান থেকে শামীমকে নিয়ে যায়। আনোয়ারা বেগম বলেন, পরে পুলিশ আমাদের কাছে দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় রাতে ওকে গুলি করে হত্যা করেছে।
একই ধরনের অভিযোগ করেছেন মজনু মিয়া মনিরের বোন রেজিনা বেগম। তিনি বলেছেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসে একদল লোক রাতে ফেনী শহরের বড় মসজিদ এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে দেড় লাখ টাকা দাবি করে। রাতে পুলিশ সুপারের কার্যালয়ে গেলে আমাদের তাড়িয়ে দেয়। টাকা দিতে না পারায় ভোর রাতে পুলিশ মনিরকে গুলি করে মেরেছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
গত ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কাউন্সিলর একরামুল হক। পরে তার স্ত্রী আয়েশা বেগম সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামীকে সাজানো বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি কোনোভাবেই কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তবে র্যাব দাবি করেছে, একরামুল হক ‘তালিকাভূক্ত’ মাদক ব্যবসায়ী এবং তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালী এলকার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। অভিযোগ– জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের হিসেবে এক প্রভাবশালী প্রতিপক্ষের হয়ে পুলিশ সমর চৌধুরী নামে এক বয়স্ক ব্যক্তির হাতে ইয়াবা ও অস্ত্র ধরিয়ে দিয়ে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাকে পুলিশ আগে তুলে নেয়। এরপর ক্রসফয়ারের ভয় দেখায়। সর্বশেষ মামলায় ফাঁসিয়ে দিয়ে কারাগারে পাঠায়। এলএলবি পাস সমর চৌধুরী আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন এবং এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এর আগেও পুলিশ ওই প্রভাবশালী ব্যক্তির পক্ষ নিয়ে সমর চৌধুরীকে নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে।
দেশের প্রায় অধিকাংশ জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর এক শ্রেণির সদস্য চলমান মাদকবিরোধী অভিযানকে টাকা আয়ের সুযোগ হিসেবে নিয়েছে। তারা কয়েকভাবে টাকা আদায় করেন বলে অভিযেগ। গ্রেপ্তারে ভয় দেখিয়ে, গ্রেপ্তার করে ছাড়ার বিনিময়ে, নিরীহ লোককে মাদক ব্যবসায়ী হিসেবে তালিকভূক্ত করার ভয় দেখিয়ে এবং তালিকা থেকে নাম কাটার বিনিময়ে। এছাড়া ‘বন্দুকযুদ্ধের’ ভয়কে তারা মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করে।
এ ব্যাপারে পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নূরুল হুদা বলেন, ক্ষমতা থাকলে তার তো অপব্যবহার হয়ই, এট তো আর নতুন কিছু না। এখানে দেখতে হবে, যারা ক্ষমতার অপব্যবহার করেন সেখানে অ্যাকশন নিতে হবে।











