মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ পুলিশ, আতঙ্ক বস্তিজুড়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের মতোই চলছিল রিকশার গ্যারেজে কাজ, দিন মজুরের অন্যান্য কাজ কর্ম। কিন্তু আজ বিকালে হঠাৎ শত শত পুলিশ দেখে চমকে যায় এলাকার মানুষ। পুলিশ গিয়েই ঘিরে ফেলে পুরো এলাকা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ প্রতিটি ঘরে তল্লাশি শুরু করে।

মঙ্গলবার বিকালে এমন চিত্রই দেখা গেছে রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ও তার আশপাশের এলাকায়। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লালবাগ জোনের পুলিশ কর্মকর্তারা চার শতাধিক পুলিশ সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এলাকাবাসী জানান, বিকাল ৩টার দিকে প্রচুর পুলিশ চলে আসে এলাকাটিতে। তারা এসেই ইসলামবাগ, শ্মশান ঘাট এলাকার বস্তি বাড়িগুলো ঘিরে ফেলে। পাশের রাস্তা দিয়ে লোকজন তখন চলাচল করতে পারলেও কাউকে দাড়াতে দেয়নি। প্রায় ৫টা পর্যন্ত চলে পুলিশের এই অভিযান। এতে তিন শতাধিক বাড়ি তল্লাশি করে তারা। সেখান থেকে এক নারীসহ ৩৯ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩৭০ পিস ইয়াবা, ৮০০ পুরিয়া হেরোইন ২ কেজি গাজা ও ৫০ লিটার দেশি মদ।

লালবাগ বিভাগের ডিসি ইব্রাহিম খানের নেতৃত্বে চার শতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেয়।

চকবাজার থানার ওসি শামীম উর রশীদ তালুদকদার কালের কণ্ঠকে বলেন, এ এলাকায় চিহ্নিত মাদক স্পট নেই। সব সময় নজরদারী রাখা হয়। বস্তিতে কিছু লোক মাদক সেবন করে এমন অভিযোগ পাওয়া যায়। চলমান অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।

এলাকাটিতে গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে অনেক মানুষকে খুশি হতে দেখা যায়। শ্মশান ঘাট এলাকার বাসিন্দারা জানান, বেরিবাঁধের এ এলাকাটিতে বস্তিঘরই বেশি। রিকশা চালক দিনমজুররা এসব ঘরে বসবাস করেন। তাদের অনেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। সারা দেশে অভিযান শুরুর পর থেকে মাদক ব্যবসায়ী ও সেবীদের এলাকায় দেখা যাচ্ছে না। কিছু কিছু মাদক সেবীকে দেখা যায়। এ অভিযানটি চালানোতে তারা খুশি বলে জানান। তবে যাদের স্বজনদের পুলিশ ধরে নিয়ে গেছে তাদের কাছ থেকে পাওয়া গেছে উল্টোচিত্র। তাদের দাবী অনেককে ফাঁসানোর জন্য অভিযানের মধ্যে পুলিশের সোর্সরা বিভিন্ন ঘরে ইয়াবাসহ বিভিন্ন মাদক রেখে তাদের স্বজনদের ধরে নিয়ে গেছে।

একজন জানান, ইসলাম বাগ এলাকায় এক সময় একটি মাদকের আস্তানা ছিল। যেখানে প্রতিদিন শ্মশান ঘাট এলাকার বাসিন্দা আবদুল হাই কালের কণ্ঠকে বলেন, পুলিশের এই অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অভিযান আরো আগে হওয়া দরকার ছিল। প্রায়ই মাদক সেবীদের যন্ত্রণায় পড়তে হয় এলাকাবাসীকে। পুলিশ যেভাবে অভিযান চালাচ্ছে তা যদি মাঝে মাঝেই করে তা হলে মাদক মুক্ত থাকতে পারবে এই এলাকা।

একই এলাকার বাসিন্দা মো. খোরশেদ জানান, বিকালে বাসা থেকে বেড়িয়ে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন। বেড়িবাঁধের কাছে আসতেই দেখেন পুলিশ আর পুলিশ। পরে তিনি জানতে পারেন মাদক কারবারী ও সেবীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তখন তিনি বেশ খুশি হন। বলেন, ‘এতোদিনে পুলিশ কাজের কাজ করতাছে।’

ইসলামবাগ এলাকার একটি রিক্সা গ্যারেজ থেকে মেকানিক্স রাজু ও তার মেয়ের জামাই সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ওই গ্যারেজটিতে গিয়ে দেখা গেছে রাজুর স্ত্রী কুলসুম মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, তার স্বামী ও মেয়ের জামাই কোন দিন মাদক সেবন করে না। বিক্রিও করে না। অভিযানের সময় কয়েকজন পুলিশ গ্যারেজে গিয়ে তার স্বামী ও মেয়ের জামাইকে ধরে নিয়ে যায়। তিনি জানান, তার স্বামী রাজু রিক্সা মেকানিক্সের কাজ করে। আর মেয়ের জামাই রিকশা চালক। টিনের বস্তির দ্বিতীয় তলায় অন্য রিকশা চালকদের সঙ্গে বসবাস করে সোহেল। আজ বিকালে সে সেলুন থেকে চুল কেটে মাত্র বস্তিতে এসেছে। গোসল করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক ওই সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে যায় বলে জানান কুলুসুম। সূত্র: কালের কণ্ঠ