মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের মত অপরাধ করে কেউ যেন পার না পায় : নিরাপত্তা পরিষদ

news-image
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসমূহ মিয়ানমারের মত মানবতার বিরুদ্ধে এই ধরণের অপরাধ করে যাতে আর কেউ পার না পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদের সভা থেকে এ আহবান জানায় সদস্য দেশগুলো। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য নিশ্চিত করে।
সভায় নিরাপত্তা পরিষদ প্রতিনিধিদলের গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সফরের উপর ব্রিফিং করা হয়। এতে তিনটি শেসনে প্রথমে কুয়েতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মনসুর আল ওতায়িবী বাংলাদেশ সংক্রান্ত অংশ, দ্বিতীয় শেসনে পেরুর স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত গুস্তাভো মেজা কোয়াড্রা ভেলাজকুয়েজ মিয়ানমারের রাজধানী নেপিদো সংক্রান্ত অংশ এবং তৃতীয় শেসনে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ক্যারেন পাইয়ার্সি রাখাইন রাজ্য সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করেন।
ব্রিফিং শেষে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন, যুক্তরাষ্ট্র, সুইডেন, ফ্রান্স, কাজাখস্তান, ইকুয়েটোরিয়াল গিনি, রাশিয়ান ফেডারেশন, নেদারল্যান্ডস ও পোলান্ডের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
কুয়েতের রাষ্ট্রদূত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহযোগিতা ও আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এক্ষেত্রে আশ্রিত রোহিঙ্গাদের আসন্ন বর্ষা মৌসুমে সহযোগিতার হাত আরো প্রসারিত করার প্রতি গুরুত্বরোপ করেন। রোহিঙ্গাদের প্রতি সংঘটিত সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেন তিনি।
পেরুর স্থায়ী প্রতিনিধি বলেন, মিয়ানমার সফরকালীন সময়ে দেশটির স্টেট কাউন্সিলর সুচির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদে, নিরাপত্তার সঙ্গে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে নিজ ভূমিতে প্রত্যাবাসনের বিষয়ে আহবান জানানো হয়েছে। এই সমস্যার শিকড় খুঁজে বের করা এবং রাখাইন অ্যডভাইজরি কমিশন এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া শিশু ও নারীসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সকল সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ। রোহিঙ্গাদের উপর অত্যাচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের দাবিও তোলেন বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি।