মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

news-image

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাচ্ছে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান-দৈনিক মানবজমিন
  • অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক
  • কোটা সংস্কার-প্রধানমন্ত্রীর ঘোষণায় বিশ্বাস রাখতে বললেন ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • আজ প্রজ্ঞাপন না হলে কাল থেকে ধর্মঘট-দৈনিক প্রথম আলো
  • পদ্মা সেতুতে বসানো হলো চতুর্থ স্প্যান-দৈনিক নয়া দিগন্ত
  • ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি -বিএনপি-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • মোদী জমানায় বহুগুণ বেড়েছে দুর্নীতির নালিশ-দৈনিক আনন্দবাজার
  • ভোটারদের টাকা দিয়েছে রাজনৈতিক দলগুলি, নির্বাচনের পর উঠছে ‘ঘুষ’-এর অভিযোগ – দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থেকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় আজ রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকালে দেশের বিভিন্ন সেনানিবাসে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ‘দেশের সম্পদ’ এবং দেশের মানুষের ‘ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, তাই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং কল্যাণময় জীবনের অধিকারী হতে হবে।

রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাচ্ছে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান-দৈনিক মানবজমিন

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনে সরকারি নিষেধাজ্ঞার পরও রাজনৈতিক বিবেচনায় আরো প্রায় ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দিচ্ছে সরকার। পুরোপুরি গোপনে এ কাজটি করছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বৃহস্পতিবার এ তালিকা চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। অনুমোদনের বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না। চাপ সামলাতে নতুন কৌশল নেয়া হয়েছে। অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে। আজ কালের মধ্যে সবাইকে জানিয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।  তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। বিষয়টি রাজনৈতিক বিবেচনায় হওয়ায় তারা কোনো কথা বলতে চান না।

কোটা নিয়ে চলছে এখনও অস্থির অবস্থা এ সম্পর্কে প্রথম আলোর একটি খবরের শিরোনাম-আজ প্রজ্ঞাপন না হলে কাল থেকে ধর্মঘট

কোটা নিয়ে আন্দোলনরতদের আলটিমেটাম

কোটা বাতিলের প্রজ্ঞাপন আজকের মধ্যে প্রকাশিত না হলে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এই সময় সব পরীক্ষা ও ক্লাস বর্জনেরও ঘোষণা দেওয়া হয়েছে। আজ বেলা সোয়া একটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। ৩২ দিন পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমাদের সঙ্গে সরকার ওয়াদা করেছে ৭ মের মধ্যে প্রজ্ঞাপন হবে। কিন্তু সেই প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। আমরা আর অপেক্ষা করতে চাই না।’

আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, কোটাপ্রথা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার নড়চড় হয় না।

এবার রাজনীতির খবর

মানবজমিনের খবরের শিরোনাম-সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য গড়ে তুলুন- ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খবরটিতে লেখা হয়েছে, বর্তমান সরকারকে পরাজিত করতে দেশবাসীর প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপিকে ফের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন হাসিনা। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ জয় করেছেন কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। মানুষের মন জয় করেছে জাতীয় পার্টি।

এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দেয়া এক ষড়যন্ত্র  বলে আজ সংবাদসম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি –বিএনপি-দৈনিক ইনকিলাব

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, দেশের মানুষকে না জানিয়ে এ ধরনের দেশবিরোধী চুক্তির খবরে গোটা জাতি হতভম্ব ও চিন্তিত হয়ে পড়েছে। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এ উদ্বেগের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। তিনি বলেন, জনমতকে উপেক্ষা করে আকস্মিকভাবে বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এমনকি তাদের বাছাইকৃত লোক দিয়ে গঠিত একদলীয় জাতীয় সংসদে আলোচনা করারও প্রয়োজন বোধ করেনি।

এবার ভারতের খবর তুলে ধরছি।

মোদী জমানায় বহুগুণ বেড়েছে দুর্নীতির নালিশ-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চলতি মাসের শেষেই সরকারের জন্মদিন। তাঁরা কেমন ‘দুর্নীতিমুক্ত প্রশাসন’ গত চার বছর ধরে দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন, তা নিয়ে বিস্তর ঢাকঢোল পেটানোর প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন নরেন্দ্র মোদীর মন্ত্রীরা। কিন্তু খোদ সরকারের হিসেবই যে বলছে, মোদীর ‘ডাকবাক্সে’ দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে নিরন্তর। বিরোধীদের দাবি, সব ধরনের অভিযোগ মেলালে মনমোহন সিংহের জমানার থেকে মোদী জমানায় দুর্নীতির বহর বেড়েছে অন্তত আট থেকে দশ গুণ! মোদি সরকারের হিসেব বলছে, মনমোহন জমানার তুলনায় মোদী-যুগে অভিযোগের বহর বহুগুণ বেড়েছে। আর তার বড় অংশই দুর্নীতি নিয়ে।

ভোটারদের টাকা দিয়েছে রাজনৈতিক দলগুলি, নির্বাচনের পর উঠছে ‘ঘুষ’-এর অভিযোগ-দৈনিক আজকাল

নিজেদের দলীয় চিহ্নে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। শনিবারই হয়ে গিয়েছে কর্ণাটক নির্বাচন। তারপরই এই খবর সামনে এসেছে। এক ভোটার এমনই দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভোটার জানিয়েছে, নির্বাচনের আগে দুই দলের প্রতিনিধিরা তাঁর বাড়িতে এসেছিল। তাকে টাকা দেয় ও সেই নির্দিষ্ট দলের চিহ্নে ভোট দেওয়ার আবেদন করে। “নির্বাচনের আগে আমরা কংগ্রেস ও বিজেপি, প্রতি দলের থেকে ৫০০ টাকা করে পেয়েছি। ভোট দেওয়ার জন্য এলাকার প্রতিটি ভোটার একহাজার টাকা করে পেয়েছে।” বলেন তিনি।