ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেকোন সময়
সিরিয়ার মতো করে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধের আয়োজন চলছে জোরেশোরেই, এমনটা মনে করছেন পর্যবেক্ষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার ফলে এই আয়োজন এবার আনুষ্ঠানিক রূপ লাভ করতে যাচ্ছে। বিভিন্নভাবে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, উসকানি আসছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে- মোটকথা একটি যুদ্ধের জন্য যে রকম ‘গ্রাউন্ড’ তৈরি করতে হয়, তেমনটি তৈরি করতে সক্ষম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ট্রাম্প কর্তৃক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পরপরই গত বৃহস্পতিবার সিরিয়ার ভেতরে থাকা ইরানিস্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, বিরাজমান অশান্ত অবস্থার মধ্যে নতুন করে ঘি ঢালবে এমন হামলা এবং তাতে আনুষ্ঠানিকভাবে আরেকটি নতুন যুদ্ধের দরজা খুলে যেতে পারে এই অঞ্চলে।
বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসাটা মানসিক শক্তি জুগিয়েছে ইসরায়েলকে। অনেকদিন ধরেই এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল তারা। আশঙ্কা করা হচ্ছে, ইরানি স্থাপনায় এমন হামলা সিরিয়ার ভেতর হলেও উত্তেজনার রেশ ধরে এটি বাইরে ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধ বেধে যেতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে। ‘শত্রুর শত্রু আমার বন্ধু’ থিওরি অনুযায়ী সেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যজুড়ে।
ইতোমধ্যেই নিজেদের স্থাপনায় হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বশেষ অবস্থা দেখে অনেকের সঙ্গে মার্কিন কর্মকর্তারাও মনে করছেন, ইসরায়েল ও ইরান এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
বর্তমান বিশ্বে যেসব বিরাজমান শত্রুতা রয়েছে, তার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার শত্রুতা তার শীর্ষে রয়েছে। শত্রুতার শুরু থেকেই পাল্টাপাল্টি হুমকি-ধমকি চললেও এবার প্রকাশ্যে এমন হামলার ঘটনা ঘটল। এটিকে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য নতুন যুদ্ধের শুরু হিসেবে দেখতে চান অনেকেই।
সিরিয়া যুদ্ধের শুরু থেকেই সেখানে জড়িয়ে পড়া দেশগুলো তাদের শক্তিমত্তা প্রমাণের ক্ষেত্র হিসেবে সিরিয়ার মাটিকে ব্যবহার করছে। ইরানও তাই করছিল, যেটা ইসরায়েলকে সতর্ক করে তুলেছে। এখন ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালালে সেটি নতুন যুদ্ধে মোড় নিতে পারে।
ইসরায়েলের এই হামলার আগে গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সম্প্রতি পেন্টাগনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানের সঙ্গে সিরিয়ায় ইরানের অবস্থান ও কার্যক্রম নিয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলিরা মনে করছে, ইরান ও তার প্রক্সি বাহিনী (হিজবুল্লাহ) তাদের ওপর হামলা করতে পারে।
ম্যাটিস বলেন, ‘ইরান ও তার প্রক্সি বাহিনী ইসরায়েলি সীমান্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আমি বোঝাতে চাচ্ছি, একেবারে কাছাকাছি চলে গেছে এবং আপনারা দেখবেন তেলআবিব এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
অন্যদিকে, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, এই হামলা ‘ঐতিহাসিক ভুল’ এবং এর মাধ্যমে ইসরায়েল ইরানের সঙ্গে ‘সরাসরি আক্রমণের’ অবস্থা তৈরি করেছে। ইরানের অন্যতম এ মিত্র আরও বলেন, ‘বিগত সাত বছরের (সিরিয়ার গৃহযুদ্ধ) মধ্যে এটি নজিরবিহীন ঘটনা যে, ইসরায়েল সরাসরি ইরানের রেভ্যুলুশনারি গার্ডকে (ইরানি সেনাবাহিনীর বিশেষ শাখা) টার্গেট করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি আলি শিরাজি ইসরায়েলের ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। দেশটির আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজকে তিনি বলেন, ‘ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে ইরান।’
সব মিলিয়ে ইরান-ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক। আনুষ্ঠানিক যুদ্ধ বাধিয়ে ফেলার মতো অত্যন্ত কাছাকাছি অবস্থানে আছে পরস্পরেই। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এটিই হতে পারে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ‘উপক্রমনিকা’।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন খোলা কাগজকে বলেন, ‘ইসরায়েল যুদ্ধ চায়, এতে কোনো সন্দেহ নেই, তাই সে সব সময় উসকানি দিতে থাকে। মধ্যপ্রাচ্যে যদি শান্তি থাকে, স্থিতিশীলতা থাকে তাহলে সবাই ইসরায়েলকে নিয়ে ভাববে তাই তারা স্থিতিশীলতা চায় না। তারা যে আসলে বেআইনি রাষ্ট্র- অস্থিতিশীলতার মধ্য দিয়ে গোটা পৃথিবীকে এই বিষয়টি তারা ভুলিয়ে রাখতে চায়। এছাড়া এই দেশটির কাছে আছে বিশাল অস্ত্রের ভাণ্ডার। এই অস্ত্র দিয়ে সে যে কাউকে ধ্বংস করে দিতে পারে, শুধু দরকার একটা উসকানি কিংবা উপলক্ষ। ইসরায়েল চায় এই উসকানি বা উপলক্ষটা ইরানের কাছ থেকে আসুক।’
অধ্যাপক রুহুল আমীন আরও বলেন, ‘যখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলো তখন সবাই চুক্তির প্রশংসা করলেও ইসরায়েল এর বিরোধিতা করেছিল। এখন আবার ট্রাম্প সেখান থেকে বেরিয়ে যাওয়ায় সে খুশি। এটা শুধু এজন্যই যে, সে শান্তি চায় না। আল্টিমেট টার্গেটটা হলো, ইরানকে ধ্বংস করে দেওয়া। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই সে এই কাজটা করতে চায়। এখন চুক্তি থেকে ট্রাম্পের বেরুনোর ফলে এই আশঙ্কা আরও বেড়ে গেল।’
ট্রাম্পকে উসকাতে চাইছেন খামেনি?
বিবিসি বাংলা
ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়ে বিভিন্ন দেশের মতৈক্যে যে চুক্তি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণার পর দুদেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছে। ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন ওই চুক্তির ‘গোড়ায় গলদ’ ছিল এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ইরান এতে হতাশা ব্যক্ত করে। কিন্তু এখন মনে হচ্ছে ইরান অন্যভাবে তার অসন্তোষ তুলে ধরতে চাইছে। গত শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি তেহরানের এক বইমেলা থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন।
ছবিটি সাদামাটা- তিনি একটি বই কৌত‚হল নিয়ে পড়ছেন। কিন্তু তার হাতের এই বইটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বইটি মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার এবং ফিউরি’-র ফার্সি ভাষায় অনুবাদ।
এই বইয়ে দাবি করা হয়েছিল হোয়াইট হাউসের ভেতরের অবস্থা বিশৃঙ্খল। বইটি প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। পর্যবেক্ষকদের মন্তব্য ছিল বইটি ‘বিস্ফোরক’ কারণ এই বইয়ে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বইয়ে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প একজন অধৈর্য ব্যক্তি, তিনি নীতির গভীরে যেতে অক্ষম, এক কথা বারবার বলেন এবং তার বক্তব্য অস্বচ্ছ। এতে আরও দাবি করা হয়েছিল যে ট্রাম্প বন্ধুদের স্ত্রীদের পেছনে ছোটেন এবং তার মেয়ে ইভাঙ্কা আড়ালে বাবার চুলের স্টাইল নিয়ে ব্যঙ্গ করেন।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প আমেরিকান সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর পরই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কার্যত প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে পরোক্ষে তির্যক মন্তব্য করেছিলন। আর দিন কয়েক পরই আয়াতুল্লা আলী খামেনির এই ছবি পোস্ট করা হলো।
ইরান সরকারের সঙ্গে এই পারমাণবিক চুক্তিতে আমেরিকার পক্ষে সই করেছিলেন ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা। এই চুক্তিতে সম্মতি স্বাক্ষর দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানি।
এর আগে গত বুধবার খামেনি বলেছিলেন, ট্রাম্প বহুদেশ ভিত্তিক এই পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ‘ভুল করেছেন’। প্রথম দিন থেকেই আমি বলে এসেছি, ‘আমেরিকাকে বিশ্বাস কোরো না’, খামেনি বলেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে আরও দেখা যায়, ধর্মীয় নেতা খামেনি বই বিক্রেতার সঙ্গে বইমেলায় খোশগল্প করছেন এবং বই পড়ছেন।











