ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
বাংলাদেশের শিরোনাম:
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত, ফেসবুকে জয়ের পোস্ট / প্রথম আলো
নীলফামারীতে কালবৈশাখীতে মা-মেয়েসহ নিহত ৭: প্রথম আলো
গাজীপুরে ভোটের নতুন তারিখ রবিবার ঘোষণা করবে ইসি: ইত্তেফাক
গাছ চাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা নিহত: ইত্তেফাক
ছাত্রলীগের সম্মেলনে সেই লতিফ সিদ্দিকী: বাংলাদেশ প্রতিদিন
৯ বছরে ২ লাখ কোটি টাকা লুট: মানব জমিন
ভারতের শিরোনাম:
জিতেও বোর্ড গড়া যাবে কি? বিনাযুদ্ধের ৩৪% ঘিরে সংশয়:আনন্দবাজার পত্রিকা
জিন্না তো মহাপুরুষ, ১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য বিজেপি সাংসদের: সংবাদ প্রতিদিন
নরমে–গরমে প্রধানমন্ত্রীকে টুইট আক্রমণ শত্রুঘ্ন সিনহার: আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ। প্রথমেই বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জয়

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণ স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয় এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে তিনি জানিয়েছেন ওই পোস্টে।
মহাকাশের পথে যাত্রার সব প্রস্তুতি শেষ হলেও গত রাতে উৎক্ষেপণ হয়নি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। সামান্য কারিগরি সমস্যার কথা উল্লেখ করে নির্ধারিত সময়ের এক মিনিট আগে গতকালের জন্য স্থগিত করা হয় উৎক্ষেপণ। তবে আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি আবার উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে।
নীলফামারীতে কালবৈশাখীতে মা-মেয়েসহ নিহত ৭:প্রথম আলোর আরেকটি শিরোনাম।

নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলায় কালবৈশাখীতে গাছ ও ঘর ভেঙে পড়ে মা-মেয়েসহ সাতজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই ঝড়ে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। প্রায় ২০ মিনিট স্থায়ী ওই ঝড়ের তাণ্ডবে অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, উপড়ে গেছে গাছপালা। মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো খেতের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
গাজীপুরে ভোটের নতুন তারিখ রবিবার ঘোষণা করবে ইসি: ইত্তেফাক

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গাজীপুরে ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে হবে আমাদের। ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যেহেতু হচ্ছে না, সেহেতু কবে, ক’দিন সময় দেওয়া হবে তা নিয়ে কমিশন ১৩ মে বৈঠকে বসবে। ওই সভায় নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। রবিবার বিকাল তিনটায় সিইসি ও অন্য কমিশনারদের নিয়ে বসে সিদ্ধান্ত নেবেন।
গাছ চাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা নিহত

ধানমন্ডির ৭ নম্বর সড়কে কৃষ্ণচূড়া গাছের চাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পরিচালক মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে তিনি হেঁটে যাওয়ার সময় গাছটি পড়ে যায়।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ৭ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু ধানমন্ডির চার নম্বর সড়কে উপড়ে পড়া কৃষ্ণচূড়া গাছের চাপায় নিহত হন।
ছাত্রলীগের সম্মেলনে সেই লতিফ সিদ্দিকী: বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন দল ও মন্ত্রী পরিষদ থেকে বহিস্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। দুপরের দিকেই সম্মেলনস্থলে পৌঁছান আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এ নেতা। তার এ উপস্থিতিতে সেখানে বিভিন্ন ধরনের কানাঘুষা ও গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, শীঘ্র হয়তো দলে ফিরতে পারেন লতিফ সিদ্দিকী।
৯ বছরে ২ লাখ কোটি টাকা লুট: মানব জমিন

ব্যাংকিংখাতকে লোপাট করে সরকার দেশের অর্থনীতিকে ‘রক্তশূন্য’ করে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতা মির্জা ফখরুল। দলটি অভিযোগ করেছে, ঋণের নামে ও বিভিন্ন কারসাজি করে আওয়ামী লীগের সমর্থক, মদদপুষ্ট ও নেতাকর্মীরা গত নয় বছরে প্রায় ২ লাখ কোটি টাকা লুটে নিয়েছে। সুশাসন আর জবাবদিহিতার অভাব, দুর্নীতি, লুটপাট, নীতিহীনতা আর বিশৃঙ্খলার কারণে অস্থিতিকর ও নৈরাজ্যকর অবস্থায় রয়েছে বর্তমান ব্যাংকিং খাত। এসব কারণে দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি ব্যাংক, ননব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিদারুণ ধ্বংসের মুখে পতিত হয়েছে। মুখ থুবড়ে পড়েছে দেশের ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং খাতের এই মরণ-ঘণ্টার জন্য সরকার দায়ী।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
জিতেও বোর্ড গড়া যাবে কি? বিনাযুদ্ধের ৩৪% ঘিরে সংশয়:আনন্দবাজার পত্রিকা

বিনাযুদ্ধে জেতা ৩৪% আসনে ভোটের ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৪ মে ভোট হবে বাকি ৬৬% বুথে। প্রশ্ন উঠেছে, তা হলে যে সব বুথে ভোট হল না, সেখানে ত্রিস্তর পঞ্চায়েত গঠনের কী হবে? এমন অনেক গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিযদ রয়েছে, যেখানে কিছু আসনে ভোট হচ্ছে, কিছুতে হচ্ছে না। ফলে সে সব পঞ্চায়েত বোর্ডগুলিই বা কী ভাবে গঠিত হবে?
সর্বোচ্চ আদালতের এই রায়ে বেশ কয়েকটি সম্ভাবনার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে পঞ্চায়েত দফতর।
জিন্না তো মহাপুরুষ,১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য বিজেপি সাংসদের: সংবাদ প্রতিদিন

মহমম্দ আলি জিন্না একজন মহাপুরুষ। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁরও অবদান আছে। প্রায় ভূতের মুখে রাম নামের মতোই এ কথা শোনা গেল বিজেপি সাংসদ সাবিত্রি বাঈ ফুলের মুখে।
দিনকয়েক হল জিন্নার ছবি নিয়ে দেশ জুড়ে বিতর্ক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের অফিসে ছিল জিন্নার ছবি। কিন্তু দেশভাগের মূল কাণ্ডারি হিসেবে তাঁকে চিহ্নিত করে আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম এ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন ছিল, যিনি পাকিস্তানের জনক তাঁর ছবি কেন থাকবে ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে। প্রশ্নে উত্তাল হয়ে ওঠে দেশ। শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।
নরমে–গরমে প্রধানমন্ত্রীকে টুইট আক্রমণ শত্রুঘ্ন সিনহার: আজকাল

শনিবার কর্নাটক বিধানসভার নির্বাচন। বিজেপি–কংগ্রেস যুযুধান দু’পক্ষই প্রচারপর্বে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করেছেন। তবে ক্ষমতা দখলের শেষ রায় এখন জনগনের হাতেই। তার মধ্যে এবার নরেন্দ্র মোদিকে ফের হুঁশিয়ারি দিয়ে বসলেন বিজেপি সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এনডিএ সরকারের বেশ কিছু নীতি নিয়ে সমালোচনা করে দলে ব্রাত্য হয়েছেন শত্রুঘ্ন। তাঁর মতে, নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী হয়ে যেভাবে কংগ্রেস ও তার সভাপতিকে আক্রমণ করা হয়েছে তা এককথায় বেনজির। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রতি শত্রুঘ্নর টুইট ঝড় তুলে দিয়েছে।











