তুতানখামেনের পিরামিডে গোপন কক্ষ নেই
ডেস্ক রির্পোট: মিসরের ফারাও সম্রাট তুতানখামেনের পিরামিডে গোপন কক্ষের অনুসন্ধানের কাজ শেষ হয়েছে। কিন্তু কিছুই খুঁজে পাননি বিজ্ঞানীরা। এর আগে তারা বলেছিলেন, ৩০০০ হাজার বছর আগের এই বালক রাজার দেয়ালের পেছনে একটি গোপন কক্ষের ব্যাপারে তারা ৯০ ভাগ নিশ্চিত। একদল গবেষক ধারণা করেছিলেন, ওই কক্ষে রানী নেফেরতিতির কবর রয়েছে, যাকে তুতানখামেনের মা মনে করা হয়। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, সেখানে কোনো কক্ষ নেই।
ইংরেজ প্রত্নতাত্ত্বিক নিকোলাস রিভিস তুতানখামেনের কবরে দেয়ালের প্লাস্টারের নিচে একটি দরজার অস্পষ্ট চিহ্ন আবিষ্কার করেন। এরপর ওই গোপন কক্ষের সন্ধান শুরু হয়। রিভিস সম্পূর্ণ কবর বিস্তৃতভাবে স্ক্যান করেছিলেন। ২০১৫ সালে প্রকাশিত প্রতিবেদনে তিনি দাবি করেন, অপেক্ষাকৃত ছোট কবরটি মূলত রানী নেফেরতিতির জন্য তৈরি করা হয়েছিল। কবরটির সঙ্গেই সম্ভবত তার অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব হবে। রানী নেফেরতিতির অস্তিত্ব এখনও আবিষ্কার করা যায়নি। কিন্তু তিনি অনেক শিল্পকর্মের বিষয়বস্তু ছিলেন। অবিকল সংরক্ষিত প্রায় ৩০০০ হাজার বছর আগের একটি শিল্পকর্মে তার ছবি পাওয়া যায়। তিনিই প্রাচীন মিসরের সবচেয়ে পরিচিত নারী। এটাও মনে করা হয়, তিনি একসময় মিসর শাসন করেছেন। তার স্বামীর মৃত্যু থেকে তার ছেলে তুতানখামেনের অভিষেক পর্যন্ত তিনি রাজ্য চালিয়েছেন। নিকোলাস রিভিসের এমন উত্তেজক প্রতিবেদেনের পর ধারাবাহিকভাবে কবরটি স্ক্যান করা হয়েছিল। এসব পরীক্ষায়ও রিভিসের মতের প্রমাণ পাওয়া যায়। ওই সময় মিসরীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, তারা আরেকটি নতুন চেম্বার সম্পর্কে ৯০ ভাগ নিশ্চিত। পরে আরেকবার স্ক্যান করার পর পাওয়া প্রতিবেদনেও আগের মতের পক্ষে সমর্থন মেলে। তখন মনে করা হয়েছিল, গত কয়েক দশকে মিসরীয় পুরাতত্ত্ব নিয়ে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার।
পরবর্তীতে তুরিন বিশ্ববিদ্যালয়ের ইতালিয়ান বিশেষজ্ঞরা নতুন বিশেষ রাডার ব্যবহার করে তুতানখামেনের কবরটি স্ক্যান করেন। তারা এর মাধ্যমে একটি ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন।
এই গবেষণা দলের প্রধান ড. ফ্রান্সিসকো পোরসেলি বলেন, তুতানখামেনের ওই দেয়ালের পেছনে কিছুই নেই- এটা কিছুটা হতাশাজনক। সূত্র : বিবিসি, যুগান্তর











