বুধবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচন। মাহাথিরের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন নাজিব
বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের দিকে পাখির চোখে তাকিয়ে আছে গোটা বিশ্ব। একদিকে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং অন্যদিকে কিংবদন্তী মাহথির বিন মোহাম্মদ। ২০ বছর আগে রাজনীতির মাঠ থেকে নিজকে সরিয়ে রাখলেও দুর্নীতি ও অস্থিতিশীলতা মোকাবেলায় আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনে ঘোষণা দিয়েছেন তিনি।
মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকে গত ছয় দশক ধরে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছে নাজিবের দল বারিসান ন্যাশনাল কোয়ালিশন। কিন্তু এবার বিরোধী দল পাখাতান হারাপানের প্রতিনিধিত্ব করছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াকে সফলভাবে নেতৃত্ব দেয়া মাহথির। সমকামীতার অভিযোগে কারাবাস করা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে দলটির পক্ষ থেকে প্রার্থীতা করছেন তিনি। তাই বারিসানের হয়ে প্রার্থীতায় দাঁড়ালেও মাহথিরের জনপ্রিয়তাকে হঠিয়ে ভোটবক্সে জায়গা করে নেয়া নাজিবের জন্য বেশ কঠিন হবে। উপরুন্তু তার ওপর রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, কোটি কোটি ডলার আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ
রাজনৈতিক ঝুঁকি গোষ্ঠির এশিয়া বিষয়ক নির্বাহী পিটার মুমফোর্ড বলেন, এই নির্বাচন ক্ষমতাসীন দলের জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালের নির্বাচনে দলটি প্রথমবারের মত পপুলার ভোটে হারে। তবে পার্লামেন্টের ২২২টি ভোটের মধ্যে ১৩৩টি ভোট পাওয়ায় ক্ষমতা লাভ করে। তাই এবারের নির্বাচনে নাজিব হারলে তাকে পরবর্তী নির্বাচনে দলের নেতৃত্ব হারাতে হতে পারে। প্রসঙ্গত, মালয়েশিয়ার নির্বাচনী পদ্ধতি অনুযায়ী পপুলার ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ না করলেও পার্লামেন্টের আসনে জয়লাভ করতে হবে।
মাহথির একসময় নাজিবের গুরু হলেও পরে বিভিন্ন অভিযোগের কারণে তার বিরুদ্ধে যান এবং দেশটির মালয়দের প্রতিনিধিত্বকারী ইউনাইটেড মালয় ন্যাশনাল পার্টি থেকেও সরে দাঁড়ান। এরপর আনোয়ারের সঙ্গে জোট গড়ে তোলেন। যদি মাহথির জয় লাভ করেন তবে আনোয়ার মুক্ত হয়ে যেতে পারেন। মাহথিরের দল প্রত্যন্ত অঞ্চলসহ দেশটিতে বসবাসরত চীনা এবং ভারতীয়দের সমর্থন পাবেন। আশা করা হচ্ছে, নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে মালয়রা এবার মাহথিরকেই সমর্থন দিবেন। তবে এটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য যথেষ্ঠ নয়। সমীক্ষায় দেখা গিয়েছে, পপুলার ভোটে মাহথিরের দলের ৪৩.৭ ভাগ এবং নাজিবের দলের ৪০.৩ ভাগ সমর্থন রয়েছে। রয়টার্স।











