রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা সৈয়দ আশরাফের
আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয়। দলের সভা ও সমাবেশ যাচ্ছেন না।
রোববার সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং কাম মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এ ঘোষণা দেন।
সৈয়দ আশরাফ বলেন, আমি অনেক দিন মাঠে ছিলাম না। এই যে আজ এখানে এসেছি, এখন থেকে আবার রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ শুরু করবো। জনপ্রশাসন মন্ত্রলায়ের অধীনস্ত সরকারি যানবাহল অধিদপ্তরের প্রকল্প অনুযায়ী, সরকারি যানবাহন মেরামত কারখানার ৬৮ হাজার ৭৫০ বর্গফুট জায়গার ওপর একটি ১০তলা ও একটি ২৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের দু’টি বেজমেন্টে ১০৭টি ও গ্রাউন্ড ফ্লোরে ১১টি পার্কিং করা যাবে। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩০ হাজার ২০০ স্কয়ার ফুটের প্রতি ফ্লোরে ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে।
১০তলা ভবনের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত হবে অফিস। ২৫ তলা ভবনের ষষ্ঠ থেকে পঞ্চদশ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে। ষোড়শ থেকে পঞ্চবিংশ তলা পর্যন্ত অফিস এবং হেলিপ্যাড হিসেবে ব্যবহার হবে ছাদ।











