অর্থমন্ত্রীর দুই ঘোষণায় চাঙ্গা পুঁজিবাজার
.গত শুক্রবার ব্যাংকের উদ্যোক্তাদের এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিদ্ধান্ত দিয়েছেন, এখন থেকে ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখতে হবে। এতদিন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তহবিলের ৭৫ ভাগ সরকারি ও ২৫ ভাগ বেসরকারি ব্যাংকে রাখতে হতো। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
এই দুই ঘোষণার কারণে শেয়ারবাজারে ব্যাংকিং খাত নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে; যার প্রভাব পড়েছে পুরো শেয়ারের দামে। রবিবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়লেও মূল্যসূচকের বড় উল্লম্ফনে মূলত ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের শেয়ারের ঊর্ধ্বগতি। কারণ এই খাতের বাজার মূলধন সবচেয়ে বেশি। বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।
বাজার সংশ্লিষ্টরা জানান, এডিআর ইস্যুতে ব্যাংক খাতে সম্প্রতি হঠাৎ সৃষ্ট তারল্য সংকটের কারণে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ ক্ষমতা হারায়। ব্যক্তি শ্রেণির অনেক বড় বিনিয়োগকারী দরপতনের শঙ্কায় আগেভাগে শেয়ার বিক্রি করেন। বড় ক্রেতারা বিক্রেতার ভূমিকা নেওয়ায় নাজুক পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) উদ্যোগে বেসরকারি খাতের ব্যাংকগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে নেওয়া দুই সিদ্ধান্তে (সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা নগদ জমা সংরক্ষণ এবং ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর এক শতাংশ কমানো) বাংলাদেশ ব্যাংক থেকে বাজারে আসছে ১০ হাজার কোটি টাকা।
এছাড়াও জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে এক মাসের মধ্যে সব ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। আর এতে সাড়া দিয়েছেন পুঁজিবাজারের সব বিনিয়োগকারী। যার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছে।
রবিবারের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৮টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৮৫ হাজার টাকা।
এর আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১০৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা।
অন্যদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা।











