আফগানদের হালকাভাবে নেওয়া যাবে না : মিরাজ
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাহীনতার ঠুনকো অভিযোগে ভুগছিল বাংলাদেশের ক্রিকেট। ইংল্যান্ড আসতে রাজি হয়েছে অনেক চড়াই-উতরাইয়ের পর। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ঢাকায় তিন ম্যাচের সিরিজ খেলে গিয়েছিল আফগানরা।
এবার সেই আফগানদের আতিথ্যের প্রস্তাবে সাড়া দিয়েছে বিসিবি। আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেছেন, আফগানদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। জয়ের আশা থাকলেও সিরিজটা কঠিন হবে। সিনিয়রদের কেউ কেউ বিশ্রামে থাকলে সিরিজটি জুনিয়র ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হবে বলেই বিশ্বাস মিরাজের।
র্যাংকিংয়ের নিচের দল হলেও আফগানরা দারুণ ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলকে হতাশা উপহার দিয়ে ২০১৯ বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে তারা। তাই মিরাজের সতর্কবার্তা আফগানদের খাটো করে দেখার সুযোগ নেই। গতকাল মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক। দিনশেষে সবাই কেমন খেলছে, দলের পারফরম্যান্স কেমন সেটাই কাউন্ট করা হয়। ম্যাচে যারা ভালো করবে, তারাই জিতবে। আমাদের দলের অবস্থা ভালো, আশা করি আমরাই জিতবো। আফগানিস্তানকে সহজ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে। এটা সব সময়ই কঠিন।’
ওয়ানডেতে পাঁচবারের সাক্ষাতে আফগানদের কাছে দুইবার হেরেছে বাংলাদেশ। প্রথমবার ২০১৪ সালে ফতুল্লায় এশিয়া কাপের ম্যাচে। সর্বশেষ ২০১৬ সালে মিরপুরে।
গত শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিবি। তেমন কিছু হলে জুনিয়র ক্রিকেটারদের জন্য বড় সুযোগই দেখছেন মিরাজ।
২০ বছর বয়সী এ অফস্পিনার বলেন, ‘একটা সময়তো জুনিয়র ক্রিকেটাররাও সিনিয়র হবে। তারা বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি এটা জুনিয়রদের জন্য দারুণ একটি সুযোগ। আমরা কতটা নিজেদের প্রস্তুত করছি, সেইসব দেখানোর সুযোগ।’
সম্প্রতি কয়েকটি সিরিজে তরুণদের পারফরম্যান্স খুব আহামরি নয়। মাহমুদউল্লাহ, মুশফিক, তামিমদের পারফরম্যান্সেই লড়ছে বাংলাদেশ। ভবিষ্যতে তরুণ ক্রিকেটাররাও দলের জয়ে অবদান রাখবেন বলে আশা করছেন মিরাজ।
তিনি বলেন, ‘আসলে একটা জিনিস, সিনিয়ররাতো অবশ্যই তাদের দায়িত্বটা পালন করছে। পাশাপাশি আমরা জুনিয়ররা শতভাগ না হোক, ৬০ কি ৭০ ভাগ অবদান রাখতে পারে তাহলে আমাদের জন্য ম্যাচ জেতা সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো আরো কঠোর পরিশ্রম করার। আরো অনুশীলন করতে হবে। আশা করি এটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারব।’











