,

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

news-image

ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের আজকের কর্মসূচি বিকৃত তামাশা: বিএনপি-দৈনিক প্রথম আলো
  • জাতির এই অর্জনে অভিনন্দন না জানানো বিএনপির রাজনৈতিক দৈন্যতা : হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক-দৈনিক ইত্তেফাক
  • সৌদিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার বাংলাদেশি-দৈনিক মানবজমিন
  • উন্নয়নশীল দেশে উত্তরণ জনগণের অর্জন, তারাই দেশকে এগিয়ে নিচ্ছে-দৈনিক যুগান্তরএটা কিসের মিছিল : আমীর খসরু-দৈনিক
  • নয়া দিগন্ত
  • নব্য জেএমবির শীর্ষ জঙ্গি সাগর ও নিলয় গ্রেফতার-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • নির্বাচনে ফেসবুকের তথ্য কাজে লাগিয়েছে কংগ্রেস-বিজেপিও!-দৈনিক আনন্দবাজার
  • বিশ্বের সব থেকে ভয়ঙ্করতম মিসাইলের অধিকারী এখন ভারত-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • তথ্য চুরির ডামাডোলে মসুল থেকে নজর ঘোরাচ্ছে সরকার, দাবি রাহুলের-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

উন্নয়নশীল দেশে উত্তরণ জনগণের অর্জন, তারাই দেশকে এগিয়ে নিচ্ছে-দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণের খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়া সাধারণ মানুষের অর্জন, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে- সরকার শুধু পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের স্বপ্নপূরণ করায় জাতির পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়েছে দেশ। যারা বাংলাদেশের অগ্রযাত্রা মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনার সব থেকে গুরুত্ব দিয়েছিলাম গ্রাম থেকে উন্নয়ন। শেখ হাসিনা তার সরকারের নানা সফলতার কথা তুলে ধরে বলেন, নিজের জন্য নয়, জনগণের ভাগ্যের উন্নয়নই আমার রাজনীতি।

এটা কিসের মিছিল : আমীর খসরু-দৈনিক নয়া দিগন্ত

দেশে আওয়ামী লীগ ছাড়া আর কারো উন্নয়ন হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে দেশে উন্নয়নের মিছিল হচ্ছে। এটা কিসের মিছিল? এমন মিছিল অতীতে কেউ কখনো দেখেনি। তিনি বলেন, মানুষের জীবনমান কমেছে। কর্মসংস্থান নেই। ব্যাংকের টাকা লুট হয়ে যায় কোনো বিচার নেই। প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এই সরকার মানুষের মৌলিক মানবাধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটা কী উন্নয়ন? কিসের উন্নয়ন হয়েছে?

সরকারের আজকের কর্মসূচি বিকৃত তামাশা: বিএনপি-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সরকার গণতন্ত্রহীন দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে উন্নয়ন বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা-সমাবেশ করছেন, নৌকায় ভোট চাইছেন। সরকারি কর্মচারীদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে, সরকারকে সহযোগিতা করছে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে সরকারের আজকের কর্মসূচি বিকৃত তামাশা।

এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে,  বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। এ জন্য বেশ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। ফলে যানবাহনের অভাবে দুর্ভোগে পড়েছেন অনেকেই।

জাতির এই অর্জনে অভিনন্দন না জানানো বিএনপির রাজনৈতিক দৈন্যতা : হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দেশের মানুষ খুশি থাকলেও বিএনপি রাজনৈতিক দৈন্যতা এবং হীনমন্যতার কারণে দেশ জাতি ও সরকারকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক সময় দরিদ্র ছিলাম কিন্তু এখন দরিদ্র নই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

সৌদিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার বাংলাদেশি-দৈনিক মানবজমিন

সৌদি আরবে এমআরপি পাসপোর্ট নিয়ে বিড়ম্বনায় বাংলাদেশিরা

সৌদি আরবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি। রিয়াদের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন জমা দেয়ার পর নির্ধারিত সময়ে এমআরপি পাচ্ছেন না প্রবাসীরা। এনিয়ে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা চিন্তিত। বাংলাদেশ দূতাবাসে এসে নিজেদের ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ করছেন তারা। অনেক ক্ষেত্রে বচসার ঘটনাও ঘটছে। বিষয়টি সম্পর্কে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে গত ১২ই মার্চ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছেন  রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাম্বাসেডর গোলাম মসিহ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী বাংলাদেশিরা সময়মতো এমআরপি না পাওয়ার কারণে নানা সমস্যার মুখে পড়ছেন।

নব্য জেএমবির শীর্ষ জঙ্গি সাগর ও নিলয় গ্রেফতার-দৈনিক ইনকিলাব

নব্য জেএমবি’র শীর্ষ দুই জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়কে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খান বিষয়টি এই তথ্য নিশ্চিত করেছেন।

এবার ভারতের খবর তুলে ধরছি।

নির্বাচনে ফেসবুকের তথ্য কাজে লাগিয়েছে কংগ্রেস-বিজেপিও!-দৈনিক আনন্দবাজার

তথ্য পাচারের প্রশ্নে সকালে ফেসবুকের মালিক মার্ক জুকেরবার্গকে সমন পাঠানোর হুমকি দিয়েছিল মোদী সরকার। আঙুল তুলেছিল কংগ্রেসের দিকে।  বেলা গড়াতে দেখা গেল তথ্য হাতানোর সঙ্গে জড়িত সংস্থার সঙ্গে বিজেপিরই যোগ দীর্ঘদিনের।

ফেসবুক থেকে তথ্য হাতিয়ে আমেরিকার ভোটে নাক গলানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সংস্থার সঙ্গে কেন কংগ্রেসের মাখামাখি? মোদী সরকারের আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ যখন দিল্লিতে প্রশ্নটি তোলেন, বিজেপি শিবিরে তখন মুচকি হাসি। ভাবটা, বেড়াল বেরিয়ে পড়ল তো ঝুলি থেকে! শুধু কংগ্রেস নয়, রবিশঙ্কর আজ তীব্র আক্রমণ শানান ফেসবুকের উদ্দেশেও।

তথ্য চুরির ডামাডোলে মসুল থেকে নজর ঘোরাচ্ছে সরকার, দাবি রাহুলের-সংবাদ প্রতিদিন

ফেসবুকের তথ্য চুরি নিয়ে ডামাডোল। আঁচ পড়েছে জাতীয় রাজনীতিতেও। কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার সংযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে পালটা তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সাফ কথা মসুল থেকে নজর ঘোরাতেই এইসব গপ্পোর আমদানি। টুইট করে বিজেপিকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তবে তার আগে অবশ্য এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

বিশ্বের সব থেকে ভয়ঙ্করতম মিসাইলের অধিকারী এখন ভারত-দৈনিক আজকাল

বিশ্বের দ্রুততম এবং ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল ব্রহ্মোস–এর সফল উৎক্ষেপণ করল ভারত। এই সুপারসোনিক ক্রুজ মিসাইলের সিকার বা লক্ষ্যভেদের প্রক্রিয়াটি সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। বৃহস্পতিবার সকাল ৮.‌৪২ মিনিট নাগাদ রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জ থেকে ভারত এবং রাশিয়ার যৌথ পদ্ধতিতে তৈরি এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। মিসাইলের নামও রাখা হয়েছে দুটি দেশের দুটি নদীর নামে— ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মোস্কভা। প্রতিরক্ষা মন্ত্রক থেকে টুইটারে জানানো হয়েছে, ঠিক সময় দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেছে ব্রহ্মোস।

এক বছর আগে মারা হয়েছে ৩৯ ভারতীয়কে, দাবি ইরাকি আধিকারিকের-সংবাদ প্রতিদিন

মসুলে ৩৯ জন ভারতীয়র মৃত্যু নিয়ে আরও বিপাকে পড়ল বিদেশমন্ত্রক। সুষমা স্বরাজের দাবি ছিল, চার বছর আগেই ওই ভারতীয়দের মৃত্যু হয়েছে। কিন্তু নিশ্চিত করতেই এতটা সময় পেরিয়ে গিয়েছে। তাই নিহতদের পরিবারের সদস্যদের নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কিন্তু ইরাকের এক আধিকারিকের দাবি, চার নয়, বছরখানেক আগে বেশিরভাগ ভারতীয়কে গুলি করে মারা হয়েছে।

মঙ্গলবার সংসদে ৩৯ জন ভারতীয়র মৃত্যুর খবর পেশ করেন সুষমা। কেন এতদিন জানানো হয়নি, কেন পরিবারের সদস্যদের স্তোক দেওয়া হয়েছিল, তা নিয়ে সরব হয় বিরোধীরা। এমনকী পরিবারের সদস্যরাও ক্ষোভ গোপন রাখেননি। সরকার তাঁদের সঙ্গে চার বছর ধরে মিথ্যাচার করেছে বলেই দাবি তাঁর।