ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
বাংলাদেশের শিরোনাম:
- দূষণ ও শিল্পের চাপে কোণঠাসা সুন্দরবন-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার সাজা বাড়ানোর আপিল রবিবার-দৈনিক ইত্তেফাক
- রোহিঙ্গাদের ফেরত যাওয়া বন্ধ করছে মিয়ানমার-সীমান্তে বেড়া, কাঁটাতার, স্থল বোমা-দৈনিক মানবজমিন
- উন্নয়নশীল দেশের স্বীকৃতি যুগান্তকারী মাইলফলক: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- শিশু পার্কের ফলক থেকে জিয়াউর রহমানের নাম সরিয়ে ফেলা হবে-দৈনিক নয়া দিগন্ত
- ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- জোট ভাঙতে নতুন কৌশল বিজেপির-দৈনিক আনন্দবাজার
- কলকাতায় রোগীমৃত্যুতে উত্তেজনা, ভাঙচুর বেসরকারি হাসপাতালে-দৈনিক আজকাল
- বিস্ফোরক অন্তর্তদন্ত! এখনও দেদার বদল হচ্ছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
উন্নয়নশীল দেশের স্বীকৃতি যুগান্তকারী মাইলফলক: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তনের অনলাইন সংস্করণের খবর

জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশের জন্য এক যুগান্তকারী মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভক্তিকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বলেও উল্লেখ করেন তিনি। বুধবার চট্টগ্রামে নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ডের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি। এটি এক যুগান্তকারী মাইলফলক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। বাংলাদেশ এগিয়ে যাবেই। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো। এজন্য উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’, বলেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার সাজা বাড়ানোর আপিল রোববার-দৈনিক ইত্তেফাক

জিয়া অরফানেজ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য রবিবার আপিল করবে দুদক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হবে বলে জানিয়েছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
আজ তিনি বলেন, এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। কিন্তু তাকে ৫ বছর সাজা দিয়েছে আদালত। আর সহযোগীদের দিয়েছে ১০ বছরের কারাদন্ড। এ কারণে আমরা মনে করি, সাজা বৃদ্ধি চেয়ে আপিল করাটা হবে যুক্তিসংগত।
দুদক রাতকানা বাদুড়ের মতো: রিজভী-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার একটি নিজস্ব প্রতিষ্ঠান। দুদক রাতকানা বাদুড়ের মতো। একে দায়িত্বই দেওয়া হয়েছে বিএনপির নেত্রী ও নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়্গ চালিয়ে যাওয়ার জন্য।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিরা মন্ত্রিত্ব করছেন, তখন তার (দুদক) চোখ কানা হয়ে থাকে। দুজন মন্ত্রী সাজাপ্রাপ্ত। লুট হচ্ছে সারা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতি। অথচ তারা (দুদক) রাতকানা বাদুড়ের মতো আচরণ করছে। যেই স্বচ্ছতা তাঁর দেখানোর কথা, তিনি তা দেখাতে পারেননি।’
দূষণ ও শিল্পের চাপে কোণঠাসা সুন্দরবন-দৈনিক প্রথম আলো

ভালো নেই সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনটি দূষণ ও শিল্পকারখানার চাপে হুমকির মুখে পড়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্য আটটি হুমকি চিহ্নিত করে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো বলেছে, সুন্দরবনের অমূল্য সম্পদ রক্ষা করতে হলে এসব হুমকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে।
ইউনেসকো বলছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে লবণাক্ততার সমস্যা আগে থেকেই ছিল। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে পানিদূষণ। একই সঙ্গে জীববৈচিত্র্যের ক্ষতি করে পশুর নদ খনন, বন্য প্রাণী শিকার, মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়া, ভূমিক্ষয় ও ভাঙন, অবকাঠামো নির্মাণ ও বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন বনটিকে হুমকির মুখে ফেলেছে। সংস্থাটির ওয়েবসাইটে এই আটটি বিষয়ের হুমকির তথ্য উল্লেখ করা হয়েছে।
ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে-দৈনিক ইনকিলাব

‘বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এখনও গলদ আছে। প্রতিবেশী বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সমমর্যাদার ভিত্তিতে। শুধুই ‘নেব আর নেব’ এই মানসিকতা নিয়ে প্রতিবেশীর সাথে সর্ম্পক দৃঢ় হয় না। কিছু নিলে কিছু দিতেও হয়। চীন হোক আর ভারত হোক সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। ভারতকে বোঝাতে হবে তিস্তার পানি পাওয়া আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নায্য অধিকার। এটি আমাদের প্রতি ভারতের করুণা নয়। পানি পাওয়া আমাদের অধিকার। এ অধিকার আদায় করতে নিতে হবে’। এই অভিমত প্রকাশ করেছেন দেশের প্রবীণ ও খ্যাতনামা অর্থনীতিবিদ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।
রোহিঙ্গাদের ফেরত যাওয়া বন্ধ করছে মিয়ানমার-সীমান্তে বেড়া, কাঁটাতার, স্থল বোমা-দৈনিক মানবজমিন

বাংলাদেশের সঙ্গে সীমান্তকে সুরক্ষিত করছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা নতুন নতুন সীমান্ত বেড়া নির্মাণ করছে। মোতয়েন করছে নিরাপত্তা রক্ষাকারীদের। পাতা হয়েছে স্থল বোমা। এতে প্রতিবেশী দেশটির সঙ্গে তাদের উত্তেজনাকর সম্পর্ককে উস্কে দেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেয়া কয়েক লাখ রোহিঙ্গাদের কাছে একটি বার্তা পৌঁছে দেয়া হচ্ছে।
এবার ভারতের খবর তুলে ধরছি।
জোট ভাঙতে নতুন কৌশল বিজেপির-দৈনিক আনন্দবাজার

গতকালই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গড়িয়ে দিয়েছেন কংগ্রেসকে বাদ রেখে বিরোধী জোট তৈরির বল। এ হেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেই কাজে লাগিয়ে বিরোধীদের ফ্রন্ট ভাঙতে উদ্যত বিজেপি নেতৃত্ব।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ বলেন, ‘‘কেসিআর খুব ভাল মুখ্যমন্ত্রী। তাঁর দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সঙ্গে আমাদের অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি সরকারের সঙ্গে কখনওই অসহযোগিতা করেননি।’’ শুধু কেসিআর নয়, তেলুগু দেশম সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পরেও চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি। প্রাক্তন বিমানমন্ত্রী তথা তেলুগু দেশম নেতা অশোক গজপতি রাজুও বলেছেন, ‘‘অন্ধ্রপ্রদেশের বিশেষ আর্থিক মর্যাদা দেওয়ার আশ্বাস খোদ প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেটা কেন্দ্র মেনে নিলে আমরা এনডিএ-তে ফিরতে পারি।’’
বিজেপি চাইছে, বিরোধীদের ফ্রন্ট তৈরি হলেও কংগ্রেসের সঙ্গে যেন তাদের প্রাক্-নির্বাচনী কোনও সমঝোতা না হয়। তাতে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির মধ্যে ভোট ভাগ হয়ে বিজেপির লাভ হবে।
কেসিআর গত কাল মমতার সঙ্গে বৈঠকের পরে যতটা কংগ্রেস বিরোধী কথা বলেছেন, ততটা বিজেপি বিরোধী বলেননি। মমতা নিজে অবশ্য অনেক সতর্ক ছিলেন। তিনি কংগ্রেস সম্পর্কেও নেতিবাচক মন্তব্য করেননি।
মরা মুরগীর কারবার, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক প্রাণীসম্পদ বিকাশ সচিবকে-দৈনিক আজকাল

মরা মুরগি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকেই প্রাণীসম্পদ বিকাশ সচিব গোপালিকাকে এ বিষয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাদুড়িয়াতে মরা মুরগির কারবার চলছে। তা কেন প্রশাসনের নজরে আসেনি? দেরিতে খবর আসায় পুলিস–প্রশাসনকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘মরা মুরগির কারবার বন্ধ করতে ব্যর্থ পুলিস–প্রশাসন।’
বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগস্টেই পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তার আগে সব ধরনের উন্নয়নমূলক কাজ শেষ করে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বিস্ফোরক অন্তর্তদন্ত! এখনও দেদার বদল হচ্ছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট-দৈনিক সংবাদ প্রতিদিন
নোট বাতিলের প্রথম বছরেই কেন্দ্রের এই পদক্ষেপের তুমুল সমালোচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং। বলেছিলেন, ‘নোট বাতিল আসলে মনুমেন্টাল ব্লান্ডার।’ প্রায় একই ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, পিএনবি কেলেঙ্কারির চেয়েও বড় দুর্নীতি হয়েছে নোট বাতিলের সময়। আর এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অন্তর্তদন্তে উঠে এল আরও বিস্ফোরক তথ্য। এখনও দেদার পুরনো বাতিল নোট এক্সচেঞ্জ করা যাচ্ছে। অবশ্যই লুকিয়ে ও বেআইনি কায়দায়। কিন্তু ঘটনা হল, বাতিল নোট পালটে এখনও নতুন নোট পাওয়া যাচ্ছে।










