মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

news-image

বাংলাদেশের শিরোনাম : 

  • বাংলাদেশে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: অ্যামনেস্টি-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি উন্নয়ন করতে পারে না লুটপাট করে খেতে পারে-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয় : মওদুদ-দৈনিক কালের কণ্ঠ
  • দুর্নীতির ধারণা সূচক-বাংলাদেশ কীভাবে আরও ভালো করবে-দৈনিক প্রথম আলো
  • নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই -বাণিজ্যমন্ত্রী-দৈনিক ইনকিলাব
  • বিয়ের ফাঁদে পড়ে চীনে পাচার হচ্ছে তরুণীরা-দৈনিক যুগান্তর
  • দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি : বাস্তবতা কী?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সেনাপ্রধানের মন্তব্য ‘রাজনৈতিক বা ধর্মীয়’ উদ্দেশ্যে নয়, দাবি সেনার-দৈনিক আনন্দবাজার
  • পড়ুয়াদের সর্বনাশ করছে ‘চেরি’, গোয়েন্দাদের নজরে ৪৫টি ব্যাংক অ্যাকাউন্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিধানসভায় গোলমাল পাকাচ্ছে প্রেতাত্মা, দাবি বিজেপি নেতাদের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

রাজনীতির খবর দিয়েই শুরু করছি। দৈনিক মানবজমিন ও কালের কণ্ঠের রাজনীতির ভিন্ন ভিন্ন খবরে লেখা হয়েছে- বিএনপি উন্নয়ন করতে পারে না লুটপাট করে খেতে পারে বলে আজ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আসাদুজ্জামান খান বলেন, বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করলে আমাদের কোনো সমস্যা নেই। সরকার কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ

এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ আজ বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।বর্তমান সরকারের অধীনেই ডিসেম্বরে নির্বাচন হবে, এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

অন্যদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার জানে তাদের জনপ্রিয়তা একবারেই নেই। আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। এ জন্য সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাবন্দি করেছে। বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে, গুম-খুন করছে। আজ জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। মওদুদ বলেন, খালেদা জিয়ার দূরদর্শী নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয়। সরকার চেয়েছে আমাদের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উসকানি দেবে। আর তারা সে সুযোগে পেট্রোল পাম্প জ্বালাবে, অগ্নিসংযোগ করবে। আর তার দায় আমাদের উপর চাপাবে।

বাংলাদেশে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: অ্যামনেস্টি-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: অ্যামনেস্টি

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। গুমের ঘটনা অব্যাহত রয়েছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও। বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠনটির প্রকাশ করা বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল প্রকাশ করা প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকার সংকুচিত হয়েছে। গুমের ঘটনা এখনো ঘটছে। গত বছর ৮০ জনের বেশি মানুষ গুমের শিকার হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও অব্যাহত রয়েছে। মানবাধিকার কর্মীরা হয়রানির শিকার হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তারক্ষী বাহিনী ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষায় ব্যর্থ হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। সরকারের প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা আরো সংকুচিত হতে পারে।

দুর্নীতির ধারণা সূচক-বাংলাদেশ কীভাবে আরও ভালো করবে-দৈনিক প্রথম আলো

দুর্নীতির সূচকে বাংলাদেশ ২০১৬ ‘র তুলনায় ২ পয়েন্ট বেশি

২২ ফেব্রুয়ারি ২০১৮, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক ২০১৭ অনুযায়ী, শূন্য থেকে ১০০ স্কেলে বাংলাদেশ ২৮ স্কোর পেয়েছে, যা ২০১৬-এর তুলনায় ২ পয়েন্ট বেশি। বাংলাদেশ এখনো এই সূচকের বৈশ্বিক গড় ৪৩-এর তুলনায় অনেক কম, অর্থাৎ দুর্নীতি নিয়ন্ত্রণে মধ্যম মাত্রায় সাফল্য অর্জন থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। তদুপরি, দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৯৫ সাল থেকে প্রণীত দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই (করাপশন পারসেপশন ইনডেক্স) সরকারি খাতে, বিশেষ করে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ধারণা তথ্যের বিশ্লেষণ করে বিভিন্ন দেশের তুলনামূলক চিত্র প্রদান করে থাকে। সার্বিক বিবেচনায়, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা, যদিও আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে দুর্নীতির চ্যালেঞ্জ অনেক বেশি উদ্বেগের কারণ।

যেসব কারণে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না, তার মধ্যে প্রধান হচ্ছে দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। যারা দুর্নীতিতে লিপ্ত, বিশেষ করে উচ্চপর্যায়ের দুর্নীতির ক্ষেত্রে কিছু কিছু বিরল ব্যতিক্রম ছাড়া জবাবদিহি নিশ্চিতের দৃষ্টান্তের অভাব প্রকট। ঋণখেলাপিতে জর্জরিত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকিং খাতে দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের, বিশেষ করে মূল ভূমিকা যাঁদের, তাঁরা সরকারের প্রভাবশালী পদে অধিষ্ঠিতজনের মতে ‘নিজেদেরই লোক’ হওয়ার কারণে জবাবদিহির ঊর্ধ্বেই থেকেছেন।

এ সম্পর্কে দৈনিক নয়া দিগন্তে লেখা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, দুই এক ধাপ করে উন্নতি কোনোভাবেই সন্তোষজনক নয় এবং সেটাও খুবই ধীরগতিতে হচ্ছে। বিশ্লেষকরা পরিস্থিতির জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবের পাশাপাশি সমাজে অনেক ক্ষেত্রে নৈতিকতার অবক্ষয়ের কথাও বলছেন।

পরবর্তী পরীক্ষাগুলোতে বড় ধরনের পরিবর্তন আনব : শিক্ষামন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আমি শিক্ষক, অভিভাবকসহ সবার সহযোগিতা চাইছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। এইসব কাজে (পরীক্ষা) যারা বাধার সৃষ্টি করে তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করেন। তবে প্রশ্নপত্র ফাঁসে ইতোমধ্যে ৫২টি মামলা করে ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এফডিসি মিলনায়তনে নবম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিয়ের ফাঁদে পড়ে চীনে পাচার হচ্ছে তরুণীরা-দৈনিক যুগান্তর

চীনা নাগরিকদের বিয়ের ফাঁদে পড়ে পাচার হচ্ছে পাহাড়ি মেয়েরা। এ কাজে বাংলাদেশ ও চীনে একাধিক শক্তিশালী চক্র সক্রিয়। গত প্রায় ছয় মাস ধরে অভিনব কায়দায় এই নতুন রুটে নারী পাচার হচ্ছে। ম্যারেজ মিডিয়ার আড়ালে চক্রের সদস্যরা এরই মধ্যে অর্ধশতাধিক মেয়েকে চীনে পাচার করেছে। অল্প শিক্ষিত সহজ-সরল দরিদ্র পাহাড়ি মেয়েরাই হচ্ছেন এর প্রধান টার্গেট।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছে, প্রাথমিক যোগাযোগের পর চীনা নাগরিকরা বাংলাদেশে এসে বিয়ের পর চীনে নিয়ে যাওয়ার কয়েক মাস পরই তাদেরকে মোটা অংকের অর্থের বিনিময়ে অন্ধকার জগতে বিক্রি করে দিচ্ছে। উন্নত জীবনের আশায় মিথ্যা প্রলোভনে পড়ে পার্বত্য জেলার মেয়েরা পাচারের শিকার হচ্ছেন। সম্প্রতি খাগড়াছড়ির সুর্বণা চাকমা (২৩) নামের এক মেয়েকে পাচারকালে চীন নাগরিকসহ তিনজনকে ডিবি পুলিশের গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

সেনাপ্রধানের মন্তব্য ‘রাজনৈতিক বা ধর্মীয়’ উদ্দেশ্যে নয়, দাবি সেনার-দৈনিক আনন্দবাজার

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত

অসমে একটি রাজনৈতিক দলের দ্রুত উত্থান নিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই আসরে নামল ভারতীয় সেনা। সেনা জানিয়েছে, জেনারেল রাওয়তের মন্তব্য কোনও রাজনৈতিক ভাষ্য নয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্যেও ওই মন্তব্য করা হয়নি। ২১ ফেব্রুয়ারি ডিআরডিও ভবনে আয়োজিত ওই সেমিনারে সেনাপ্রধান শুধুমাত্র সকলের সঙ্গে মিলেমিশে উন্নয়নের কথাই বলতে চেয়েছেন।”সীমান্ত সুরক্ষা নিয়ে বুধবার এক আলোচনা সভায় ভাষণ জেনারেল রাওয়ত বলেন, অসমের বেশ কয়েকটি জেলায় মুসলিম জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আটের দশকে বিজেপি-র বৃদ্ধির থেকেও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফ।

বিধানসভায় গোলমাল পাকাচ্ছে প্রেতাত্মা, দাবি বিজেপি নেতাদের-দৈনিক আজকাল

রাজস্থান বিধানসভায় ভূত আতঙ্ক

ভূত বা অলৌকিক ঘটনায় আস্থা রাখে না ভারতীয় সংবিধান। কিন্তু সংবিধান মেনেই রাজ্য চালানোর কাজ চলে যে বিধানসভা থেকে, সেখানেই ভূতের ভয়ে ভীত বিধায়করা!‌ এমনটাই ঘটছে রাজস্থানের বিধানসভায়। গত ছ’মাসে মৃত্যু হয়েছে দুই বিধায়কের। তাতেই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে রাজস্থানের বাকি বিধায়করা।  তাঁদের আশঙ্কা বিধানসভার ওপরে নাকি কোনও প্রেতাত্মার কুদৃষ্টি পড়েছে। তাই মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে ভূত তাড়ানোর যজ্ঞ করার আর্জি জানিয়েছেন কোনো কোনো বিধায়ক।

পড়ুয়াদের সর্বনাশ করছে ‘চেরি’, গোয়েন্দাদের নজরে ৪৫টি ব্যাংক অ্যাকাউন্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের বিভিন্ন রাজ্যে চারসের চরম থাবা

নগদ টাকার ক্ষেত্রে নিজেদের লোককেও বিশ্বাস নেই। একটুখানি সুযোগ পেলেই চালিয়ে দিতে পারে জাল নোট। তাই মাদক পাচারেরও ভরসা সেই ব্যাংক লেনদেন।

হিমাচল প্রদেশের কুলু থেকে কলকাতা হয়ে ঝাড়খণ্ডে চরসের মতো মাদক আসছে । আন্তঃরাজ্য মাদক পাচার চক্রকে ধরে কলকাতা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ৪৫টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেলেন কেন্দ্রীয় সংস্থা নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গোয়েন্দারা। ওই ব্যাংক অ্যাকাউন্টগুলির মাধ্যমেই লেনদেন হচ্ছিল মাদক পাচারের টাকা। কিভাবে এতগুলি ব্যাংক অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে মাদক পাচার হচ্ছে, তাতে হতবাক গোয়েন্দারাও। এই চরসের নেশা ও বিক্রির সাথে জড়িয়ে পড়েছে  বহু কলেজ ছাত্র। চরস পাচার চক্রের ৬ মাথাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। তাদের মধ্যে দু’জন ম্যানেজমেন্ট ছাত্র।

এ জাতীয় আরও খবর