বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ : ৩ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ

news-image

চলছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। প্রথমদিনে রাজ্জাক-তাইজুলের স্পিন ঘূর্ণিতে ২২২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সফরকারীদের মাঝারি রানে আটকে ব্যাটিংয়ে নেমে  ৪ উইকেট হারিয়ে ৫৬ রান নিয়ে ডে ফার্স্ট শেষ করে বাংলাদেশ।

অদ্ভুত ব্যাপার হলো, দ্বিতীয় দিনে (শুক্রবার, ৯ ফেব্রুয়ারি) ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের দৃশ্যপট মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস।  সকালের সেশনে দুজন আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করলেও তাদের জুটি টিকেছে মাত্র পাঁচ ওভার। সুরঙ্গা লাকমলের করা বেশ বাইরের বল অযথাই খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন লিটন। অফ স্টাম্পের বেশ বাইরে কিন্তু নিখুঁত লেন্থে বল করে লিটনকে তুলে নেন লাকমল। লিটন স্কয়ার কাটের চেষ্টা করলেও ফুটওয়ার্ক না থাকায় বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে।

এরপর মিস্টার ক্যাপ্টেন মাহমুদউল্লাহকে নিয়ে বন্ধুর পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন মিরাজ। দুজন মিলে দলকে শতকের ঘরে পৌঁছানও বটে। কিন্তু ৪২ ওভারের মাথায় পথ অবরুদ্ধ করে দেন ধনাঞ্জয়া। ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নিয়ে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে আরো বিপদে ফেলেন।

দিনের শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ।

এদিকে ঢাকা টেস্টে উইকেটের কথা মাথায় রেখে সাব্বির রহমানকে একাদশে টেনে আনে টিম ম্যানেজম্যান্ট। যদিও ত্রিদেশীয় সিরিজের পুরো আসরজুড়ে ব্যর্থ ছিলেন টাইগার দলের এই হার্ডহিটার। তবে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন তিনি। স্কোর বোর্ড ফাঁকা রেখেই প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন তিনি। যদিও তার আগে আউট হওয়া ক্যাপ্টেন মাহমুদউল্লাহর আউট হওয়ার ধরণটাও ছিল বেশ দৃষ্টিকটু। ধনঞ্জয়ার বল বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান তিনি।

দলের এমন উথান-পতনের মাঝেই একপাশ আগলে ধরে চলতে থাকেন মিরাজ। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কোন প্লেয়ারই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। সর্বপরি মিডল অর্ডারের মতো লোয়ার অর্ডারের ব্যর্থতায় ১১০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অর্থাৎ স্বাগতিকদের চেয়ে ১১২ রানে এগিয়ে রইল সফরকারীরা।

প্রসঙ্গত, শেষের দিকে মাত্র তিন রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ১০৭ থেকে ১১০ রানের মধ্যে মাহমুদউল্লাহ-তাইজুল-রাজ্জাকসহ পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এদিকে লঙ্কানদের হয়ে লাকমাল-পেরেরা চারটি করে উইকেট। ধনাঞ্জয়া দুটি এবং হেরাত একটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, আব্দুর রাজ্জাক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, নিরোশান ডিকাভেলা, দিলরুয়ান পেরেরা,  দানুশকা গুনাথিলাকা, আকেলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল।