রাজশাহীতে আ:লীগ ও বিএনপির অবস্থান : সর্তক অবস্থানে পুলিশ
পাপন সরকার শুভ্র,রাজশাহী : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট আ’লীগ ও মালোপাড়াস্থ ভুবন মোহন পার্কের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আর যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সবমিলিয়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার ভোর থেকেই রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাকে উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে এসে পৌঁছেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। এরপর সকাল ১০ টার দিকে কার্যালয়ে এসে পৌঁছান নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে নগরীর জিরোপয়েন্টে গিয়ে দেখা যায় খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নগর আ’লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিচ্ছে।
এদিকে, নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও ভুবন পার্কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা খালেদা জিয়ার মুক্তি ও খালাসের দাবিতে অবস্থান নিয়েছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
তবে অন্য দিনের মতো নগরীতে পথচারীদের দেখা যায়নি। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম। মানুষজনের ভিড় নেই বললেই চলে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে গতকাল থেকেই নগরীতে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ টহল দিচ্ছে। র্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এতে নগরবাসীর মধ্যেও একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।











