‘হুন্ডি কমায়’ বাড়ছে রেমিটেন্স
অর্থনৈতিক প্রতিবেদক : দুই বছরের পড়তি ভাব কাটিয়ে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, গত চার মাস ধরে টানা বাড়ছে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক।
রেমিটেন্স বৃদ্ধির এই ধারাকে ইতিবাচক অভিহিত করে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে ডলারের দাম বৃদ্ধি এবং অবৈধ পথে প্রবাসীদের অর্থ লেনদেনকারী মোবাইল অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে অভিযানের কারণে প্রবাসীরা বৈধ পথে (ব্যাংকিং চ্যানেল) টাকা পাঠাচ্ছেন। পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানিও বেড়েছে।
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে অর্থাৎ ২০১৮ সালের প্রথম মাসে ১৩৮ কোটি (১.৩৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অংক গত বছরের জানুয়ারির চেয়ে প্রায় ৩৭ শতাংশ বেশি এবং চলতি অর্থবছরের সাত মাসের (জুলাই-জানুয়ারি) মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আগের মাস ডিসেম্বরের চেয়ে বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ।
আর চলতি ২০১৭-১৮ অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ।
রেমিটেন্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
চলতি অর্থবছরে রেমিটেন্স ১৪ বিলিয়ন (এক হাজার ৪০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।
প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে দেশে আনতে হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের জোরালো কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন গভর্নর।
২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫.৩১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স বাংলাদেশে আসে। এরপর প্রতিবছরই রেমিটেন্স কমেছে।
২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। গত অর্থবছরে তা সাড়ে ১৪ শতাংশ কমে আসে ১ হাজার ২৭৭ কোটি ডলার, যা ছিল আগের ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
রেমিটেন্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডি প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈধপথে প্রবাসীদের অর্থ কম আসছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।











