বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বাসঘাতকের তকমা বয়ে বেড়াচ্ছেন করাচির ১৫ লাখ বাঙালি

news-image

নিউজ ডেস্ক : পাকিস্তানের করাচি শহরের কেন্দ্র থেকে ইব্রাহিম হায়দেরি এলাকায় যেতে গাড়িতে লাগে প্রায় এক ঘণ্টা। এ জায়গাটি একসময় ছিল ছিমছাম একটি জেলে পল্লী। বর্তমানে করাচীর নোংরা ঘিঞ্জি একটি জনপদ এটি। সেখানকার সিংহভাগ বাসিন্দা বাঙালি।

রাস্তা ধরে সাগরের দিকে যেতে থাকলে, পরিবেশ, গন্ধ, দৃশ্য, শব্দ সবই বদলে যেতে থাকে। নোংরা পানি জমে আছে যেখানে সেখানে। ভাসছে আবর্জনা। রাস্তার দু’ধারে বস্তির মতো সারি সারি ঘর।

যে ১৫ লাখের মতো বাঙালি সেখানে থাকেন, তাদের বেশিরভাগই ভারত ভাগের পর থেকেই বংশ পরম্পরায় এখানে রয়েছেন। ৭১ সালে পাকিস্তান ভাগের পর তাদের অনেকেই অবশ্য করাচি শহরে চলে গেছেন।

কিন্তু লাখ লাখ এই বাঙালিকে পাকিস্তান এখনো তাদের নাগরিক হিসাবে মর্যাদা দেয়নি। এই বঞ্চনার সঙ্গে যতটা না রয়েছে জাতিসত্তার সম্পর্ক, তার চেয়ে বেশি রয়েছে পাকিস্তানের জটিল ইতিহাসের।

জয়নুল আবেদিন নামের একজন জানান, একসময় আমরা খারাপ ছিলাম না। জাতীয় পরিচয়পত্র জোগাড় করতে কর্মকর্তাদের কিছু ঘুষ দিতে হতো। তাছাড়া ঠিকঠাকই চলেছে।

করাচিতে সন্ত্রাস এবং জঙ্গি তৎপরতা বাড়তে থাকায় জীবন যাপনের সেই স্বস্তি দিন দিন চলে যাচ্ছে। ভুয়া জাতীয় পরিচয়পত্র জোগাড় করা পাকিস্তানের বাঙালিদের জন্য এখন প্রায় অসম্ভব।

আরো পড়ুন : মিয়ানমারে আটক সেই সাংবাদিকদের জামিন মেলেনি

আমারা ইউসুফ নামে এক নারী জানান, পাকিস্তানে বাঙালি জাতিগোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই, কারণ তারা শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

নিজের ঘরের সামনে ছোটো এক উঠোনে কার্পেট বুনছিলেন নাসিমা নামে আরেক নারী। তার ঘরের অবস্থা জরাজীর্ণ, নোংরা। বয়সের তুলনায় বয়স্ক, ক্লান্ত দেখাচ্ছিল তাকে।

তিনি জানান, একটি কার্পেট শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। তা বিক্রি করে আয় হয় ছয়শ রুপি। আইডি কার্ড না থাকায় আমার ভাই কোনো চাকরি পায়নি, আমার বাবা পেনশন পায় না। এই কার্পেট বোনা ছাড়া উপায় কী?

পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নাসিমার বাবা, ভাই এলাকার বাইরে খুব একটা বেরোয় না। ফলে কলোনির ভেতরেই যেসব ছোটোখাটো ফ্যাক্টরি আছে, সেখানে নামমাত্র অর্থে খাটতে হয় অধিকাংশ বাঙালিকে।

পাকিস্তানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আসাদ ইকবাল বাট জানান, একজন অবাঙালি শ্রমিক যেখানে মাসে ১২ থেকে ১৩ হাজার রুপি মজুরি পায়, একজন বাঙালি পায় তার অর্ধেক।

তিনি আরো জানান, বাঙালি মেয়েরা ফ্যাক্টরি, বাসাবাড়িতে কাজ করে। শুধু যে পয়সা কম তা নয়, যৌন নিপীড়নের শিকারও হচ্ছে তারা। সূত্র : বিবিসি বাংলা