নতুন শুরুর আশায় মাহমুদউল্লাহর বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নির্ভার হয়েই অনুশীলন করলেন মেহেদী-রাব্বিরা (ছবি: বিসিবি)বাংলাদেশের পয়মন্ত ভেন্যুর কথা বললে সবার আগে আসবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম। এই ভেন্যুতে এসে অনেকবার ভাগ্য বদল করেছে টাইগাররা। সেখানেই আরেকবার নিজেদের ভাগ্য বদলাতে নামছে মাহমুদউল্লাহরা।
লড়াই এবার টেস্টের, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে দলটির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লিগ পর্বে ৮২ রানের পর ফাইনালে অলআউট হয়েছে স্বাগতিকরা ১৪২ রানে। টানা দুই ম্যাচে বড় হারের ক্ষত নিয়ে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া টেস্ট সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশনে।
চট্টগ্রামের এই ভেন্যুতে শেষ দুটি ম্যাচ অবশ্য ভালো কাটেনি বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল এখানেই। প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২২ রানে হার মানে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সম্ভবনা নিয়ে শুরু করেও হার মানতে হয় ৭ উইকেটের ব্যবধানে। সব মিলিয়ে এই ভেন্যুতে খেলা ১৬ টেস্টে বাংলাদেশ জিতেছে একটিতে, ড্র করেছে পাঁচ ম্যাচে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এই অর্জনই বা কম কিসে!
বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে সাকিবের ইনজুরি। তাকে হারিয়ে সেরা কম্বিনেশন খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশি অলরাউন্ডারের অনুপস্থিতিতে চট্টগ্রামে অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাচ্ছে মাহমুদউল্লাহর।
বোলার সাকিবের অভাব পূরণে স্কোয়াডে ডাকা হয়েছে আব্দুর রাজ্জাক, সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে। ব্যাটসম্যান সাকিবের বিকল্প হিসেবে অবশ্য স্কোয়াডে যোগ করা হয়নি কাউকে। আর অধিনায়ক সাকিবের জায়াগায় মাহমুদউল্লাহ। নিয়তির কী খেল! লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টে এই মাহমুদউল্লাহকে শ্রীলঙ্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়ার সব জোগার হয়েছিল চূড়ান্ত।
সাকিবের অভিজ্ঞতার অভাব ঘোচাতে প্রায় চার বছর পর দলে এসেছেন আব্দুর রাজ্জাক। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা অভিজ্ঞতা অর্জন করলেও নাঈম, সানজামুল ও তানভীর একেবারেই ‘নতুন’। চট্টগ্রাম টেস্টে এই স্পিনারদের দিয়ে বাংলাদেশ কতটা প্রতিরোধ গড়তে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
মাহমুদউল্লাহ অবশ্য আশাবাদী সাকিবের অভাব পূরণের ব্যাপারে, ‘সাকিবের অভাব পূরণ করার মতো না। তারপরও বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। চেষ্টা করব সম্মিলিতভাবে পারফর্ম করে সাকিবের অভাব পূরণ করার।’
সাকিব না থাকায় মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের খেলা প্রায় নিশ্চিত। মুশফিকুর রহিম চার নম্বরে ব্যাটিং করবেন। কিন্তু উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ইমরুলকে। তিন নম্বরে ‘অটোমেটিক চয়েজ’ মুমিনুল হক। মুশফিকের পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক।
যত চিন্তা বোলিং কম্বিনেশন নিয়ে। প্রথম টেস্টে দুই পেসার খেললে মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন রুবেল হোসেন। আর এক পেসার হলে থাকবেন শুধু মোস্তাফিজ। দুই পেসার খেললে বিশেষজ্ঞ দুই স্পিনারকে নিয়ে একাদশ গড়ার সম্ভবনা বেশি। স্পিনার হিসেবে আব্দুর রাজ্জাকের খেলা প্রায় নিশ্চিত। তার সঙ্গে দেখা যেতে পারে মিরাজ ও তাইজুলকে। তবে কোনও কারণে মেহেদী না খেললে তার বদলে দেখা যেতে পারে ১৭ বছর বয়সী অফ স্পিনার নাঈম হাসানকে। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল জিতে দারুণ আত্মবিশ্বাসী লঙ্কান শিবির। ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজও দারুণভাবে শুরু করতে চায় সফরকারীরা। বাংলাদেশ ক্যাম্পে ভয় ছড়িয়ে দিতে প্রস্তুত লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। চান্ডিমালের ছকও তাকে নিয়েই, ‘হেরাথ আমাদের সেরা অস্ত্র। আশা করি বাংলাদেশকে সে কঠিন সময় উপহার দেবে।’











