৪ কোটির রশিদকে ছেড়ে দিয়ে ৯ কোটিতে কেনা…
স্পোর্টস ডেস্ক ; আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের ওপর সানরাইজার্স আস্থা রেখেছিল আইপিএলের সর্বশেষ আসরেই। সেই আস্থার প্রতিদান দিয়েছিলেন রশিদ। দুর্দান্ত বোলিং করে হায়দরাবাদের সাফল্যে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৭টি উইকেট পেয়েছিলেন—রান দেওয়ার গড় ছিল ওভারপ্রতি ৬.৬২। নিজের ৩০ লাখ ভিত্তিমূল্য ৪ কোটি বানিয়ে হায়দরাবাদ যে কোনো ভুল করেনি, রশিদ প্রমাণ করেছিলেন সেটিই।
সেই রশিদকেই এবার হায়দরাবাদ কিনেছে ৯ কোটি রুপি দিয়ে। অথচ, তাঁকে এক প্রকার ছেড়েই দিয়েছিল হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে ওঠার পর আফগান লেগ স্পিনারকে নিয়ে রীতিমতো টানাটানি চলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। কিন্তু হাতুড়ির চূড়ান্ত আওয়াজের আগেই ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে রশিদকে নিয়ে নেয় হায়দরাবাদ।
লেগ স্পিনাররা যে আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটা বোঝা গেছে নিলামে তাদের চাহিদা দেখেই। রশিদকে না পেয়ে কিছুক্ষণ পরেই যুঝবেন্দ্র চাহালকে সেই ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করেই ৬ কোটিতে দলে ভিড়িয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রশিদ ও চাহালকে যথাক্রমে হায়দরাবাদ ও বেঙ্গালুরু নিয়ে নেওয়ার পর কুলদীপ যাদবকে ‘রাইট টু ম্যাচ’ করে কুলদীপ যাদবকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা ‘রাইট টু ম্যাচ’ ব্যবহার করেছে পিউস চাওলার ক্ষেত্রেও। চেন্নাই ১ কোটি দিয়ে কিনেছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। দিল্লি ৪ কোটি দিয়ে কিনেছে অমিত মিশ্রকে। ১২৬ ম্যাচে যার উইকেটের সংখ্যা ১৩৪। তবে লেগ স্পিনারদের জয়জয়কারের দিনে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অন্যতম শীর্ষ বোলার নিউজিল্যান্ডের ইশ সোধির অবিক্রীত থাকাটা একটু অবাক করার মতোই। বিক্রি হননি অস্ট্রেলীয় লেগ স্পিনার অ্যাডাম জামপাও।











