আফ্রিকাকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
স্পোর্টস ডেস্ক : চকচকে ওই লাল বলটার দুঃখ হতেই পারে। মাত্র মোড়ক খুলে মাঠে নামানো হলো, বলটা হাতে নিয়ে একটা বল করলেন ভারনন ফিল্যান্ডার। ব্যস, টেস্ট ক্যারিয়ার সেখানেই শেষ ওই টুকটুকে লাল বলের! নতুন বলের প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন জসপ্রীত বুমরা। ২৪৭ রানে অলআউট হয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিল সফরকারীরা।
দুঃখ করতে পারেন ডিন এলগারও। সারা দিন ফিল্ডিং করে ভয়ংকর এক পিচে ব্যাট করতে নামতে হয়েছিল। আর ভারতীয় পেসারদের যত গোলা আঘাত হানার জন্য কেন যেন তাঁকেই বেছে নিল। কখনো ডান কোমরে বল লাগছে, কখনো বাঁ কোমরে। কোমরে বলের আঘাত কাটিয়ে তোলার আগেই বুমরার এক বল লাগল মাথায়। আরও একবার আম্পায়াররা মাঠে আলোচনায় বসলেন (দিনে পঞ্চম বা ষষ্ঠবারের মতো!), এ উইকেটে খেলা আসলেই নিরাপদ তো! ১ উইকেটে ১৭ রানে খেলা থামল। জয়ের জন্য ২২৪ রান দূরে তখনো স্বাগতিক দল। আগামীকাল এ মাঠে নামা নিরাপদ কি না, কিংবা খেলা হবে কি না, সেটা অবশ্য এখনো জানা যায়নি। এ উইকেটকে ‘মৃত্যুকূপ’ বলাটা বোধ হয় বাড়াবাড়ি হবে না।
ভারত যে ২৪৭ রান করতে পারল, এর কৃতিত্ব পুরোপুরি দুই অবহেলিত ক্রিকেটারের। প্রথম টেস্টে অসাধারণ এক স্পেলের পরও বাদ দেওয়া হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। অজিঙ্কা রাহানেকে তো সুযোগই দেওয়া হয়নি। সিরিজ শেষ হয়ে যাওয়ার পর জোহানেসবার্গে জায়গা হলো দুজনের। ফল? বিরাট কোহলির পর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় ভুবনেশ্বর ও রাহানের!
এ তো গেল পরিসংখ্যানের কচকচানি। আজ এ দুজন যেভাবে ব্যাট করেছেন, সেটা উদাহরণ হয়ে থাকবে উপমহাদেশের প্রতিটি ব্যাটসম্যানের জন্য। স্বয়ং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও চাইবেন তাঁদের অনুকরণ করতে। উইকেটে বড় বড় সব ফাটল। বল কখনো গোড়ালিসমান উচ্চতা দিয়ে যাচ্ছে, কখনো আবার এমনই বাউন্স যে ডি কক লাফ দিয়েও ধরতে পারছেন না। উইকেট খেলার অনুপযুক্ত—এ কারণে খেলা বাতিল হয় কি না, সে আলোচনার কথা তো বলাই হলো।
রান করা নয়, নিজেকে বাঁচাতেই ব্যস্ত ছিলেন ব্যাটসম্যানরা। অন্তত বিরাট কোহলি নামার আগ পর্যন্ত। অন্য প্রান্তে মুরালি বিজয় খুঁটি গেড়ে বসেছিলেন। কিন্তু তাঁর ব্যাটিং দেখে দুনিয়ার সব ব্যাটসম্যানের হৃৎপিণ্ড দিয়ে ভয়ের চোরা স্রোত বয়ে যাচ্ছিল, ‘এটাও উইকেট, এখানেও ব্যাট করতে হয়!’ কোহলি নেমে দেখালেন, এমন উইকেটেও ব্যাটে বল লাগানো সম্ভব। চাইলে প্রতিটি বলই ব্যাটের সঠিক স্থানের ছোঁয়া দেওয়া সম্ভব।
রাবাদার অসাধারণ এক বলে বিজয় ফেরার পর কোহলিও আড়ালে পড়ে গেলেন। ওই যে রাহানে নামলেন! ভয়ংকর এ উইকেটেই এমন চমৎকার ব্যাট করতে শুরু করলেন যে ধারাভাষ্যে দেওয়া উচ্চগ্রামের স্তুতিকেও কম শোনাচ্ছিল। কোহলিকে পাশে রেখেও যে ব্যাটিং সৌন্দর্যে তাঁকে টপকানো যায়, সেটাই দেখা গেল আজ। এর মাঝেই দলকে ১৩৪ রানে রেখে রাবাদার আরেকটি দুর্দান্ত বলে আউট কোহলি। খানিক পরই পান্ডিয়াও। লিড দেড় শ পেরোনোর আগেই ৬ উইকেট হারিয়ে ফেলল ভারত। শঙ্কার বিষয়!
ভুবনেশ্বর কুমার এসে রাহানেকে আস্থা দিলেন। রাবাদা, মরকেল, ফিল্যান্ডার, এনগিডিরা একের পর এক গোলা ছুড়ছেন, উইকেটও তাঁদের সহযোগিতায় বলে যোগ করছে নানা রকম বিভ্রান্তি। কিন্তু এ দুজনের দৃঢ়চেতা ব্যাটিংয়ে সব প্রচেষ্টাই ব্যর্থ হলো। অবশ্য দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা সাহায্যের হাত বাড়িয়েছেন। ভুবনেশ্বর ও রাহানে দুজনই পেয়েছেন বাড়তি জীবন। অলস এক শট খেলে প্রোটিয়াদের স্বস্তি ফেরালেন রাহানে নিজেই। ততক্ষণে ভারতের স্কোর ২০০ পেরিয়েছে।
স্কোরটাকে পাহাড় (এ উইকেটে ২৪০ রানকেই পাহাড় বলতে হচ্ছে) করে নিলেন মোহাম্মদ শামি। ২ ছক্কা ও ১ চারে ২৮ বলে ২৭ রান করলেন শামি। অন্য প্রান্তে তো ভুবনেশ্বর ছিলেনই। ৯ রানের শেষ ৩ উইকেট তুলে নিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বুমরার বাউন্সারে এলগারের মাথা চেপে ধরে বসে পড়ার পর তো সেটা উবে গেছে।











