আইরিশরা আমাকে ‘ওয়ান্ডার উইমেন’ বলে : প্রিয়তি
বিনোদন প্রতিবেদক : মাকসুদা আক্তার প্রিয়তি, বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও সাবেক মিস আয়ারল্যান্ড। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে এসেছেন। গত ডিসেম্বরের শেষে আয়ারল্যান্ডে সুপারম্যানের বেশে বডি পেইন্টিং করে একটি বিশেষ ফটোশুট করেছেন তিনি। তাঁর বডি পেইন্টিং করেছেন আইরিশের বিখ্যাত বডি পেইন্টার বিয়াঙ্কা। সুপারম্যানের বেশে বডি পেইন্টিং করার কারণ ও অন্যান্য বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন প্রিয়তি।
প্রশ্ন : আপনার বডি পেইন্টিং করার পেছনে সব সময় ভালো উদ্দেশ্য থাকে। এবার কেন করেছেন?
মাকসুদা আক্তার প্রিয়তি : গত বছরের শেষে ডিসেম্বরে আয়ারল্যান্ডে অনেক ঝড় হয়েছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক আইরিশ। আমার এবারের ফটোশুট থেকে যে অর্থ আসবে, তা দিয়ে সেইসব ক্ষতিগ্রস্ত ও অসহায় আইরিশকে সহযোগিতা করা হবে। আমরা তাঁদের জন্য উইন্টার স্লিপিং ব্যাগ কিনছি। প্রতিটি ব্যাগের মূল্য ৮০ হাজার টাকা। এই ব্যাগ পরলে বাইরে থেকে ঠান্ডা লাগবে না।
প্রশ্ন : আপনার এবার সুপারম্যানের বেশের বডি পেইন্টিং করেছেন বিয়াঙ্কা । তাঁর সঙ্গে কাজ করতে আপনার কেমন লাগে?
মাকসুদা আক্তার প্রিয়তি : খুব ভালো। আমার প্রায় অধিকাংশ বডি পেইন্টিংয়ের কাজ তিনিই করেছেন। তাঁর হাতে জাদু আছে। কারণ আমি না বললে কেউই হয়তো বিশ্বাস করবে না এটা ফুল বডি পেইন্টিং ছিল। কারণ, অনেক নিখুঁত কাজ। আয়ারল্যান্ডে বিয়াঙ্কা অনেক বিখ্যাত শিল্পী। এ ছাড়া ইউরোপের বডি পেইন্টিংয়ের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
প্রশ্ন : এবার আপনার বডি পেইন্টিং সুপারম্যানের বেশে কেন করা হয়েছে?
মাকসুদা আক্তার প্রিয়তি : এটা বিয়াঙ্কা ভালো বলতে পারবেন। তবে আমি যেটা বুঝি আইরিশরা সবাই আমাকে ‘ওয়ান্ডার উইমেন’ বলে, তাই হয়তো তাঁরা সুপারম্যানের বেশে আমাকে দেখতে পছন্দ করবে। আমাকে তারা ওয়ান্ডার উইমেন বলে কারণ আমি অনেক সংগ্রাম করে এতদূর এসেছি। পরিবার ছাড়া আয়ারল্যান্ডে একা থেকেছি। এখন আয়ারল্যান্ডে আমি জব করছি, সন্তানদের দেখছি, এর পাশাপাশি মডেলিং তো করছি।
প্রশ্ন : বাংলাদেশে আপনি প্রিয়তি নামে বেশি পরিচিত। আর আয়ারল্যান্ডে?
মাকসুদা আক্তার প্রিয়তি : তাঁরা আমাকে আমার ফার্স্ট নেম মাকসুদা বলে ডাকেন।
প্রশ্ন : আপনার আত্মজীবনী নিয়ে একটা বই লিখছেন। বইটি কবে প্রকাশিত হবে?
মাকসুদা আক্তার প্রিয়তি : বই লেখার কাজ শেষ। বইয়ের নাম রেখেছি ‘প্রজাপতি,প্রিয়তির আয়না’। এবার একুশে বইমেলায় শুয়োপোকা প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হবে।
প্রশ্ন : আয়ারল্যান্ডে ফিরছেন কবে?
মাকসুদা আক্তার প্রিয়তি : চলতি সপ্তাহটাই আমি শুধু দেশে আছি। তবে আগামী মাসে আবারও বাংলাদেশে আসব। বইয়ের প্রচারণা করব। বাংলাতে বইটি লিখেছি। এখন ইংরেজিতে লেখা শুরু করব। আয়ারল্যান্ডে ইংরেজিতে বইটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এনটিভি অনলাইন











