টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের যুবারা
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কানাডার বিপক্ষে জয়টা ৬৬ রানের। প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের অনবদ্য সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৪৯.৩ ওভারে কানাডা গুটিয়ে যায় ১৯৮ রানে। অফ স্পিনার আফিফ হোসেন দারুণ বল করেছেন। ৪৩ রানে ৫ উইকেট পেয়েছেন। এ ছাড়া কাজী অনীক, রবিউল হক ও সাইফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ পেয়েছেন ২ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই শঙ্কা জেগেছিল। ওপেনার পিনাক ঘোষ ফিরেছিলেন স্কোরারকে ব্যতিব্যস্ত না করেই। দলীয় সংগ্রহ তখন মাত্র ১। অধিনায়ক সাইফ হাসান নামিবিয়ার বিপক্ষে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। কিন্তু আজ তিনি তেমন কিছুই করতে পারলেন না। মাত্র ১৭ রান করেই ফয়সাল জামখান্দির বলে ক্যাচ দিয়ে ফিরলেন। ২৯ রানেই ২ উইকেট—নিউজিল্যান্ডের লিংকনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে কানাডার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল এমনই।
‘কানাডা’ বলতেই দেশের ক্রিকেটপ্রেমীরা ফিরে যান আজ থেকে প্রায় ১৫ বছর আগে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ডারবানে এই কানাডার কাছেই হেরে বসেছিল বাংলাদেশ জাতীয় দল। পিনাক, সাইফের পর মোহাম্মদ নাঈম যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দলীয় সংগ্রহ ১০০ পেরোনোর আগেই ড্রেসিংরুমের পথ ধরলেন, তখন দর্শকমাত্রেরই ১৫ বছর আগের স্মৃতি ফিরে আসাটা অস্বাভাবিক নয়।
কিন্তু বাংলাদেশের যুবারা সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে সাফল্যের সঙ্গেই। নির্দিষ্ট করে বললে, মিডলঅর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় অসাধারণ এক সেঞ্চুরি করেই উল্টো চ্যালেঞ্জ ছুড়েছেন। ১২৬ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কায় তৌহিদ খেলেছেন ১২২ রানের ইনিংস। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। তিনি ৫০ রান করেছেন ৫৯ বলে; ৫টি চার ও ১টি ছক্কায়। ১১১ রানের এই জুটিই বাংলাদেশকে পথ দেখিয়েছে, নিয়ে গেছে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। এরপরে আমিনুল ইসলামের ১৯ রানের একটি ক্যামি ও ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে দলের সংগ্রহ গিয়ে পৌঁছায় ৮ উইকেটে ২৬৪ রানে। আমিনুলের ১৯ আসে ১৬ বলে।
কানাডার পক্ষে দারুণ বোলিং করেছেন ফয়সাল জামখান্দি। ৪৮ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন যোশি, গিল ও রোমেলশাহজাদ।











