আল-আমিন ফিরবেন বিসিএল দিয়েই
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে গুরু মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন আল-আমিন হোসেন। কথা ছিল, এক সপ্তাহ পর জানানো হবে ফলাফল। তবে আগেই জেনে গেছেন তিনি। নতুন এ পরীক্ষায় কোন ত্রুটি ধরা পড়েনি তার। যদিও আনুষ্ঠানিকভাবে তা হাতে পাননি। তবে আগামী দুই দিনের মধ্যেই তাকে অনাপত্তি পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বোলিং রিভিউ কমিটির সদস্য জালাল ইউনুস। এমনকি বিসিএলের পরবর্তী রাউন্ড থেকেই খেলতে পারবেন বলেও জানান তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আল-আমিনের বোলিং অ্যাকশন প্রসঙ্গে জালাল বলেছেন, ‘গত ২৮ দিন সে সালাহউদ্দিনের অধীনে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছে। এরপর সে এখানে পরীক্ষা দিয়েছে। আমরা তার বোলিংয়ের ভিডিও এনালাইসিস দেখেছি। সেখানে দেখা গেছে, যেভাবে ডেলিভারি দেওয়ার কথা ১৫ ডিগ্রির মধ্যে। এর চেয়ে অনেক কমই আছে তার। সে অনেক উন্নতি করেছে। চলতি বিসিএল এবং সামনে যে প্রিমিয়ার লিগ আছে সেখানে খেলার সুযোগ পাবে। খুব শিগগিরই আমরা তাকে একটা অনাপত্তি পত্র দিয়ে দিব।’
মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সেখানে সুযোগ হয়নি আল-আমিনের। তবে পরবর্তী রাউন্ড থেকেই খেলতে পারবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। বিসিএলের তিনটি রাউন্ড শেষে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। বাধা নেই সেখানেও। তবে আগামী দুই বছরের মধ্যে আবারও রিপোর্টেড হলে নিষেধাজ্ঞায় পড়বেন আল-আমিন।
জালাল ইউনুসের ভাষায়, ‘ওকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে দুই বছরের মধ্যে দুইবার রিপোর্টেড হলে এক বছর নিষিদ্ধ হতে হবে। আল-আমিন স্বীকার করেছিল তার দুই-একটা ডেলিভারিতে সমস্যা ছিল। সেগুলো সে কাটিয়ে উঠেছে। আমার মনে হয় না ভবিষ্যতে আর কোনও সমস্যা হবে আল-আমিনের।’
উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও আল-আমিনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে সেবার আন্তর্জাতিক ম্যাচে। ২০১৪ সালে চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পেয়েছিলেন তিনি। এবারও পরীক্ষা দিয়েই সন্দেহের তালিকা থেকে মুক্তি পেলেন এ পেসার।











