বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক পয়সাও বাড়তি খরচ করার সুযোগ বা অধিকার নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : নীতিমালা অনুসারেই নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষক-কর্মচারীদের এই আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাস প্রত্যাখ্যান করে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

এর আগে এমপিওভুক্তির দাবিতে গত বছরের ২৬ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ননএমপিও শিক্ষকরা। পরে একই দাবিতে গত রোববার থেকে আমরণ অনশন শুরু করেন তাঁরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষক। এমন পরিস্থিতিতে আজ সকালে অনশনস্থলে হাজির হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষকদের অনশনের পথ পরিহার করার অনুরোধ জানিয়ে দাবি পূরণের আশ্বাস দেন।
শিক্ষকদের উদ্দেশে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এই সরকার প্রথম এসে বেতন বাড়িয়েছে। গত বছর বেতন দ্বিগুণ করেছে। আমাদের বেসরকারি শিক্ষকরা তো বাদ যান নাই, কেন যায় নাই? আপনারা জানেন যে এ জন্য ছয় মাস পরে বেতন দেওয়া হয়েছে, পাস করার পরেও পার্লামেন্টে। এ বিষয়টা আমাদের ফয়সালা করতে সময় লাগছে।

বেসরকারি শিক্ষকদের আলাদা চোখে দেখার কোনো সুযোগ নাই। শিক্ষকরা আমাদের শিক্ষা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা না হইলে আমাদের এইসব কর্ম ব্যর্থ। কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয় এই টাকাটা দিই না। টাকাটা দেয় জনগণ। আর সেইটার দায়দায়িত্ব হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের।’

শিক্ষা মন্ত্রণালয়কেও ছাড় করা অর্থ খরচ করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় জানিয়ে মন্ত্রী বলেন, ননএমপিও শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় টাকা দিচ্ছে না—এই তথ্য সঠিক নয়। তিনি বলেন, ‘আমাদের কাছে এক পয়সাও বাড়তি খরচ করার কোনো সুযোগ বা অধিকার নেই।’
সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।