বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পান যারা

news-image

গত আগস্টের আগে পর্যন্ত তিনিই ছিলেন ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। কিন্তু নেইমার, কিলিয়ান এমবাপে ও উসমানে ডেম্বেলের বিশাল অঙ্কের চুক্তি সেই পল পগবাকে ঠেলে দিয়েছে সবচেয়ে দামী খেলোয়াড়ের তালিকার চার নম্বরে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পগবাই সবচেয়ে দামী ফুটবলার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এবার জানিয়ে দিল, দামী খেলোয়াড়ই শুধু নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ও তিনিই।

তার বেতনের অঙ্কটাও বিস্ময়ে চোখ কপালে তোলার মতোই। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৪ বছর বয়সী পগবা সপ্তাহে বেতন পান ২ লাখ ৯০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২৪ লাখ ৭ হাজার ১৪৫ টাকা মাত্র!

শুধু পগবার নয়, ইংলিশ লিগে খেলা বর্তমান খেলোয়াড়দের মধ্য থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দেরই একটা তালিকা প্রকাশ করেছে মার্কা। পরিবর্তনের পাঠকদের জন্য সেখান থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ জন খেলোয়াড়ের নাম তুলে ধরা হলো এখানে।

১. পল পগবা, ম্যানচেস্টার ইউনাইটেড

২০১৬ সালে জুভেন্টাস থেকে তরকালীন রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পগবাকে কিনে আনে ইউনাইটেড। ইউনাইটেডেই শুধু নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেই বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ফরাসি এই মিডফিল্ডার।

২. রোমেলু লুকাকু, ম্যানচেস্টার ইউনাইটেড

লিগের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকও পান ম্যানচেস্টার ইউনাইটেডের একজন। তিনি রোমেলু লুকাকু। এই মৌসুমেই এভারটন থেকে ২৪ বছর বয়সী এই বেলজিয়ান ফরোয়ার্ডকে ৮৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনে এনেছে ইউনাইটেড। কোচ হোসে মরিনহোর প্রিয় পাত্র লুকাকুর বেতনটাও ধরা হয়েছে উচ্চ মূল্যের। তার সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা মাত্র!

৩. ইয়া তোরে, ম্যানচেস্টার সিটি

২০১০ সালে বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ইয়া তোরে। সেই থেকেই আইভরিয়ান মিডফিল্ডার ম্যান সিটির অন্যতম প্রাণভোমড়া। বয়সের ভারে সম্প্রতি নিজের সেরা ছন্দটা হারিয়ে ফেলেছেন বটে; তবে সিটিতে বেতন পাচ্ছেন উঁচু মূল্যেই। ৩৪ বছর বয়সী ইয়া তোরের সাপ্তাহিক বেতন ২ লাখ ২০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাড়ায়, ২ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৭৩১ টাকা।

৪. জ্লাতান ইব্রাহিমোভিচ, ম্যানচেস্টার ইউনাইটেড

এই সুইডিশ ফরোয়ার্ড ২০১৬ সালে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রথমে ধার চুক্তিতে এসেছিলেন। এখন স্থায়ী চুক্তি হয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী ৩৬ বছর বয়সী ইব্রাহিমোভিচও বেতন পান ইয়া তোরের সমান ২ লাখ ২০ হাজার পাউন্ড।

৫. সার্জিও আগুয়েরো, ম্যানচেস্টার সিটি

স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ২০১১ সালে। সেই থেকে হয়ে উঠেছেন সিটির আক্রমণভাগের ‘নেতা’। এরই মধ্যে গড়ে ফেলেছেন সিটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। ‘কুন’ আগুয়েরো নামে পরিচিত আর্জেন্টাইন ফরোয়ার্ড বেতনও পান অনেক। ইয়া তোরে, ইব্রাহিমোভিচের সমান ২ লাখ ২০ হাজার পাউন্ড।

৬, এডেন হ্যাজার্ড, চেলসি

ফরাসি ক্লাব লিল ছেড়ে ২০১২ সালে চেলসিতে যোগ দেন এজেন হ্যাজার্ড। সেই থেকেই লন্ডনের ক্লাবটির সেরা খেলোয়াড় তিনি। চেলসিতে সর্বোচ্চ পারিশ্রমিকও পান ২৬ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডারই। তার সাপ্তাহিক বেতন ২ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ৭৫৫ টাকা মাত্র। তবে বেলজিয়ান মিডফিল্ডার আগামী কয়েক দিনের মধ্যেই ইংলিশ লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বনে যেতে পারেন বলেই খবর।

চেলসি হ্যাজার্ডকে নতুন চুক্তির প্রস্তাব অনেক দিন আগেই দিয়েছে। তবে তিনি গো ধরেছেন, চুক্তি নবায়ন করবেন না। বেলজিয়ান এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে চাইছে রিয়াল মাদ্রিদ। হ্যাজার্ডও রিয়ালে যেতে আগ্রহী। সেই আশাতেই চেলসির চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে চেলসিও তাকে ধরে রাখতে মরিয়া। সে জন্য নতুন করে তাকে সর্বোচ্চ বেতন দেওয়ার প্রস্তাবই নাকি তৈরি যাচ্ছে চেলসি।

৭. ডি গেয়া, ম্যানচেস্টার ইউনাইটেড

গ্লাভস হাতে গোলপোস্টের নিচে অবিশ্বাস্য সময় পার করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্প্যানিশ গোলরক্ষক। কোচ হোসে মরিনহো তো ২৭ বছর বয়সী ডি গেয়াকে ‘বিশ্বসেরা’ গোল বলেই দাবি করেছেন। উড়ন্ত পারফরম্যান্সের সুবাদে ডি গেয়ার আয়-রোজগার হচ্ছে দারুণ। তারও সাপ্তাহিক বেতন হ্যাজার্ডের সমান, ২ লাখ পাউন্ড।

৮. কেভিন ডি ব্রুইন, ম্যানচেস্টার সিটি

ম্যঅনচেস্টার সিটি যে এই মৌসুমে উড়ছে, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বেলজিয়ান এই মিডফিল্ডারের। উড়ন্ত পারফরম্যান্সে আক্ষরিক অর্থেই ২৬ বছর বয়সী ডি ব্রুইন সিটির সত্যিকারের মাঠের ‘নেতা’। উজ্জীবিত পারফরম্যান্সের সুবাদে পকেটেও উঠছে মোটা অঙ্কের টাকা। তারও সাপ্তাহিক বেতন ২ লাখ পাউন্ড।

৯. ফিলিপে কুতিনহো, লিভারপুল

নেইমারের বিকল্প হিসেবে ফিলিপে কুতিনহোকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে বার্সেলোনা। কিন্তু লিভারপুল ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে কিছুতেই বিক্রি করতে রাজি নয়। শুধু মুখের মিষ্টি মিষ্টি কথায় নয়, ২৫ বছর বয়সী কুতিনহোকে ধরে রাখার জন্য তার বেতনের অঙ্কটাও বাড়িয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ ক্লাবটিতে ব্রাজিলিয়ান উইঙ্গার সপ্তাহে বেতন পান ১ লাখ ৮০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১ লাখ ১৪ হাজার ৭৭৯ টাকা মাত্র!

১০. ভিরগিল ফন ডিক, লিভারপুল

এই তো দিন কয়েক আগে সাউদাম্পটন থেকে এই ডাচ ডিফেন্ডারকে ৮৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে লিভারপুল। সাউদাম্পটন ছেড়ে গত ২৭ ডিসেম্বর অ্যানফিল্ডে যোগ দিলেও আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে আগামীকাল জানুয়ারির শীতকালীন দলবদল উইন্ডো শুরু হলেই চুক্তিপত্রে সই করবেন ভিরগিল ফণ ডিক।

আর চুক্তির পরই ডাচ ডিফেন্ডার হয়ে যাবেন ইতিহাসের সবচেয়ে দামী ডিফেন্ডার। লিভারপুলে ২৬ বছর বয়সী ভিরগিল বেতনও পাবেন মোটা দাগেই। তারও বেতন ধরা হয়েছে কুতিনহোর সমান ১ লাখ ৮০ হাজার পাউন্ড।

উল্লেখ্য, গত মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের সাপ্তাহিক বেতন ছিল ৩ লাখ পাউন্ড। কিন্তু সেই রুনি তার তিনভাগের এক ভাগ বেতনে এবার যোগ দিয়েছেন নিজের শৈশবের ক্লাব এভারটনে! সেখানে তার বেতন ধরা হয়েছে মাত্র ১ লাখ ১৫ হাজার পাউন্ড। আয়ে কি ছন্দপতন!

উপরেে উল্লেখিত খেলোয়াড়েরা ছাড়াও লাকাজেত্তে (১ লাখ ৭০ হাজার পাউন্ড), ডেভিঢ সিলভা (১ লাখ ৬০ হাজার পাউন্ড), সেস ফ্যাব্রিগাস (১ লাখ ৫০ হাজার পাউন্ড), স্টারিজ (১ লাখ ৫০ হাজার পাউন্ড), আলভারো মোরাতা (১ লাখ ৫০ হাজার পাউন্ড), হুয়ন মাতা (১ লাখ ৪৫ হাজার পাউন্ড), মেসুত ওজিল (১ লাখ ৪০ হাজার পাউন্ড), মখিতারিয়ান (১ লাখ ৪০ হাজার পাউন্ড), পল স্টিার্লিং (১ লাখ ৩৫ হাজার পাউন্ড), অ্যালেক্সিস সানচেজ (১ লাখ ৩০ হাজার পাউন্ড), ভিনসেন্ট কোম্পানি (১ লাখ ২০ হাজার পাউন্ড) ও হ্যারি কেনরাও (১ লাখ ১০ হাজার পাউন্ড) মোটা দাগে বেতন পান।